Don't Miss
Home / আজকের সংবাদ / নিষিদ্ধ হলো ‘আনসার-আল-ইসলাম’

নিষিদ্ধ হলো ‘আনসার-আল-ইসলাম’

এমএনএ রিপোর্ট : জঙ্গি সংগঠন আনসার-আল-ইসলামকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। আজ রবিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে।

প্রজ্ঞাপণে বলা হয়, এই সংগঠনটির কার্যক্রম দেশের শান্তি শৃঙ্খলা পরিপন্থী। ইতিমধ্যে সংগঠনটির কার্যক্রম জননিরাপত্তার জন্য হুমকি বলে বিবেচিত হয়েছে।

আল-কায়েদার বাংলাদেশ শাখা দাবি করে ব্লগার হত্যার দায় স্বীকারকারী ‘আনসার আল ইসলাম’ হচ্ছে আনসারুল্লাহ বাংলা টিমেরই নতুন নাম।

২০১৫ সালের ২৫ মে জঙ্গি সংগঠন হিসেবে নিষিদ্ধ হয় আনসারুল্লাহ বাংলা টিম। তার আগে দুই ধাপে নিষিদ্ধ করা হয় হিযবুত তাহরীর, জেএমবি, জেএমজেবি, হুজি ও শাহদাৎ-ই আল হিকমা।

২০০৭ সালে জন্ম নেওয়া আনসারুল্লাহ বাংলা টিম এত দিন এ দেশে আল-কায়েদার মতাদর্শ অনুসারীদের প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছিল। শুরুতে এই গোষ্ঠীটি পাঠচক্র ও ইন্টারনেটে প্রচারে যুক্ত ছিল। ২০১৩ সাল থেকে সংগঠনটি ব্লগার হত্যায় নামে। ওই বছরের ১৫ ফেব্রুয়ারি ঢাকার পল্লবীতে ব্লগার রাজীব হায়দারকে হত্যার মধ্য দিয়ে এ গোষ্ঠীটি প্রথম আলোচনায় আসে। পরে তারা বিভিন্ন গ্রুপে ভাগ হয়ে (স্লিপার সেল) সক্রিয় হয়। এবং এ পর্যন্ত (২০১৬ সালের ১০ এপ্রিল) নয়জন ব্লগার, প্রকাশক ও ছাত্র-শিক্ষককে হত্যার দায় স্বীকার করেছে।

গত বছরের ১৯ ফেব্রুয়ারি রাজধানীর বাড্ডা ও মোহাম্মদপুরে এবং ২৭ ফেব্রুয়ারি উত্তরার দক্ষিণখানে আনসার আল ইসলামের তিনটি আস্তানার সন্ধান পায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসব আস্তানা থেকে বিপুল পরিমাণ বিস্ফোরকসহ বোমা তৈরির উপাদান, নিজস্ব প্রযুক্তিতে হাতে তৈরি গ্রেনেড উদ্ধার করা হয়। একই সঙ্গে সংগঠনটির বেশ কিছু কাগজপত্র উদ্ধার করা হয়। যার মাধ্যমে সংগঠনটির নতুন নাম আনসার আল ইসলাম বলে জানা যায়।

২০১৩ সালে দেশের কয়েকজন ব্লগার ও মুক্তমনা লেখককে টার্গেট করে হত্যা করার পর এবিটি ২০১৪ সালের সেপ্টেম্বরে নতুন নাম ‘আনসার আল ইসলাম’ ধারণ করে সাংগঠনিক কার্যক্রম শুরু করে।

২০০১৫ সালে বিজ্ঞানমনস্ক লেখক ড. অভিজিৎ রায়, প্রকাশক ফয়সল আরেফিন দীপন, ব্লগার নীলাদ্রি চ্যাটার্জি নিলয়, চলতি বছর জবি ছাত্র ব্লগার নাজিমুদ্দিন সামাদ, রাজধানীর কলাবাগানে মার্কিন দূতাবাসের কর্মকর্তা জুলহাজ মান্নান ও তার বন্ধু মাহবুব তনয় হত্যাকাণ্ডে আনসার আল ইসলামের নাম উঠে এসেছে। সংগঠনটির পক্ষ থেকেও এসব হত্যাকাণ্ডের দায় স্বীকার করা হয়েছে।

রাষ্ট্রবিরোধী কার্যক্রম ও জঙ্গিসংশ্লিষ্টতার দায়ে দেশে এ পর্যন্ত ছয়টি সংগঠনকে নিষিদ্ধ করা হয়েছে। সর্বশেষ গত বছরের ২৫ মে আনসারুল্লাহ বাংলা টিমকে নিষিদ্ধ করে সরকার।

x

Check Also

মন্ত্রীদের বিদেশ সফর ও অভ্যন্তরীণ চলাচলে নতুন প্রটোকল জারি

এমএনএ প্রতিবেদক মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের রাষ্ট্রীয় বা সরকারি কাজে বিদেশ গমন, দেশে প্রত্যাবর্তন এবং ...