Don't Miss
Home / আজকের সংবাদ / ভারতের সঙ্গে গোপনে কোনো চুক্তি হবে না : সেতুমন্ত্রী

ভারতের সঙ্গে গোপনে কোনো চুক্তি হবে না : সেতুমন্ত্রী

এমএনএ রিপোর্ট : ভারতের সঙ্গে গোপনে কোনো চুক্তি হবে না বলে জানালেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এপ্রিলে ভারত যাবেন। সেখানে দেশের স্বার্থে, জনগণের স্বার্থে সার্বভৌমত্ব সমুন্নত রেখে যে চুক্তি জনগণের জন্য প্রয়োজন সেটাই করবেন। সেখানে গোপনে কোন চুক্তি হবে না।

আজ বৃহস্পতিবার রাজধানীর তেজগাঁওস্থ সড়ক ভবন প্রাঙ্গনে সড়ক ও জনপথ ডিপ্লোমা প্রকৌশলী সমিতির ১৪তম জাতীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘আমাদের সার্বভৌমত্ব, জাতীয় স্বার্থ সমুন্নত রেখে সামরিক, বেসামরিক, বাণিজ্যিক, কূটনৈতিক চুক্তি হতে পারে। আমেরিকা এবং রাশিয়ার সঙ্গে অনেক দেশের সামরিক চুক্তি আছে। গণতান্ত্রিক দেশগুলোর সঙ্গে চুক্তি আছে। এটা নিয়ে গেল রে, দেশ গেল ইন্ডিয়া হয়ে এমন অপপ্রচার এবং ভারতভীতি থেকে সবাইকে দূরে থাকতে হবে।’

সংগঠনের সভাপতি আব্দুল নুমানের সভাপতিত্বে সম্মেলনে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এম এ এন ছিদ্দিক, সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী ইবনে আলম হাসান, ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স সভাপতি এ কে এম এ হামিদ, সংগঠনের সাধারণ সম্পাদক সৈয়দ মুন্তাসির হাফিজ প্রমুখ বক্তব্য রাখেন।

জাতীয় স্বার্থ সমুন্নত রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে যে কোন চুক্তি হতে পারে জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, শেখ হাসিনা এপ্রিলে মাথা উঁচু করে বীরের বেশে ভারত যাবেন। সেখানে দেশের স্বার্থে, জনগণের স্বার্থে সার্বভৌমত্ব সমুন্নত রেখে যে চুক্তি জনগণের জন্য প্রয়োজন সেটাই করবেন। এটাতো একতরফা বিষয় নয়, উভয় পক্ষের সম্মতি লাগে।

x

Check Also

দেশে তাপপ্রবাহের সম্ভাবনা কম থাকলেও পুরোপুরি কমছে না গরম

এমএনএ প্রতিবেদক শনিবার (১৮ এপ্রিল) দেশে তাপপ্রবাহের সম্ভাবনা কম থাকলেও গরম পুরোপুরি কমছে না। আবহাওয়া ...