Don't Miss
Home / আজকের সংবাদ / শাহজালাল বিমানবন্দর গোলচত্বরে আত্মঘাতী হামলা, নিহত ১

শাহজালাল বিমানবন্দর গোলচত্বরে আত্মঘাতী হামলা, নিহত ১

এমএনএ রিপোর্ট : ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সড়কের গোলচত্বর এলাকায় পুলিশ বক্সের অদূরে ‘আত্মঘাতী বিস্ফোরণে’ একজন নিহত হয়েছে। আজ শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে হযরত শাহজালাল বিমানবন্দরে প্রবেশ পথে গোলচত্বরের কাছে পুলিশের একটি চেকপোস্টের ১০ থেকে ১৫ গজ দূরে এ ঘটনা ঘটে।

তাৎক্ষণিক এই বিস্ফোরণের ঘটনায় বিমানবন্দরে প্রবেশের এবং ওই রাস্তায় চলাচলকারী যানবাহনগুলোতে ব্যাপক তল্লাশি চালানো হচ্ছে। বিস্ফোরণে নিহত যুবকের পরিচয় পাওয়া যায় নি।

আজ শুক্রবার সন্ধ্যায় এ ঘটনার পর আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থল ঘিরে রেখেছেন। নিহতের পরিচয় জানা যায়নি। এ ঘটনার পর পর বিমানবন্দর এলাকাসহ রাজধানীজুড়ে নিরাপত্তা বাড়ানো হয়েছে।

ঘটনার বর্ণনা দিয়ে উত্তরা ট্রাফিক বিভাগের সহকারী কমিশনার (প্যাট্রল) আতিকুল ইসলাম জানান, ধারণা করা হচ্ছে নিহত ওই যুবক চেকপোস্টে আত্মঘাতী হামলা চালাতে এসেছিল। কিন্তু চেকপোস্টে পৌঁছার ১০ গজ সামনেই বোমাটি তার শরীরে বিস্ফোরিত হয়। ঘটনাস্থলেই যুবকটি মারা যায়।

ঘটনার পরপর পুলিশের ক্রাইম সিন বিভাগ নিরাপত্তা ব্যাস্টনি দিয়ে ঘটনাস্থলটি ঘিরে দেয়। সেখানে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত হয়েছেন। তবে এটি জঙ্গি গ্রুপের আত্মঘাতী হামলা কী না সে ব্যাপারে এখনো কেউ মন্তব্য করেননি।

এক সপ্তাহ আগে গত ১৭ মার্চ বিমানবন্দরের অদূরে আশকোনায় প্রস্তাবিত র‌্যাব সদরদফতরের অস্থায়ী ক্যাম্পে ‘আত্মঘাতী হামলায়’ সন্দেহভাজন এক জঙ্গি নিহত হয়। এর পরদিন ভোরে খিলগাঁওয়ের শেখের জায়গায় র‌্যাবের চেকপোস্টে গুলিতে নিহত হয় সন্দেহভাজন আরেক জঙ্গি।

পুলিশের বিমানবন্দর জোনের সহকারী কমিশনার রুহুল আমিন সাগর বলেন, ‘তাৎক্ষণিকভাবে এ ঘটনার বিস্তারিত জানা যায়নি। তবে নিহত যুবক বোমা বহন করছিল বলে ধারণা করা হচ্ছে।’

নিহত ব্যক্তি কোনো জঙ্গিগোষ্ঠীর সদস্য হয়ে থাকতে পারেও বলে ধারণা করছেন এই পুলিশ কর্মকর্তা।

সরেজমিনে দেখা যায়, ট্রাফিক পুলিশের উত্তরা অঞ্চলের সহকারী কমিশনারের কার্যালয়ের পাশের ফুটপাতে পড়ে আছে এক যুবকের ছিন্নভিন্ন মৃতদেহ। বিস্ফোরণে তার নাড়িভুঁড়ি বেরিয়ে গেছে। পরনে জিন্স প্যান্ট ও সাদা-কালো গেঞ্জি, পায়ে কেডস। তার বয়স আনুমানিক ২৫ বছর। মৃতদেহ থেকে চার-পাঁচ গজ দূরে একটি ট্রলি ব্যাগ পড়ে ছিল। সেটিতে কী আছে তাৎক্ষণিকভাবে জানা যায়নি। সেটিতে বোমা বা বিস্ফোরক জাতীয় কিছু আছে কি-না, তা স্ক্যান করে দেখা হবে। বিস্ফোরণে ট্রাফিকের সহকারী কমিশনার কার্যালয়ের জানালার কাচ ভেঙে গেছে।

ওই এলাকায় কর্তব্যরত পুলিশ কনস্টেবল ফরহাদ ও কামরুল জানান, তারা কিছুই বুঝতে পারেননি। হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণের পর তারা কাঁঠালগাছের নিচে একজনের লাশ পড়ে থাকতে দেখেন।

র‌্যাব মহাপরিচালক বেনজীর আহমেদ ও ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত উপমহাপরিদর্শক আনোয়ার হোসেনসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি), র‌্যাব, এপিবিএন, সিআইডিসহ পুলিশের বিভিন্ন ইউনিটের সদস্যরা ঘটনাস্থল ঘিরে রেখেছেন। সেখান থেকে আলামত সংগ্রহ করেন সংশ্লিষ্টরা।

সিটিটিসির দায়িত্বশীল এক কর্মকর্তা বলেন, ‘বিমানবন্দর গোলচত্বর এলাকায় বিমানবন্দর পুলিশ বক্স, ট্রাফিক পুলিশের উত্তরা জোনের সহকারী কমিশনার ও টহল পরিদর্শকের কার্যালয় রয়েছে। এগুলোর কোনো একটিতে হামলার উদ্দেশ্যে ওই যুবক বোমা বহন করছিল বলে ধারণা করা হচ্ছে। তবে বোমার বিস্ফোরণ ঘটানোর প্রস্তুতি নেওয়ার সময় কোনো কারণে সেটি বিস্ফোরিত হয়।’

পুলিশের দায়িত্বশীল কর্মকর্তারা জানান, আশকোনা এলাকায় নব্য জেএমবির একাধিক আস্তানা আছে বলে অনেকদিন ধরেই সন্দেহ করা হচ্ছে। জঙ্গি দমনে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিযানের মুখে কোণঠাসা হয়ে তারা একের পর এক ‘আত্মঘাতী হামলা’ চালানোর চেষ্টা করছে বলে ধারণা করা হচ্ছে।

x

Check Also

মন্ত্রীদের বিদেশ সফর ও অভ্যন্তরীণ চলাচলে নতুন প্রটোকল জারি

এমএনএ প্রতিবেদক মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের রাষ্ট্রীয় বা সরকারি কাজে বিদেশ গমন, দেশে প্রত্যাবর্তন এবং ...