Don't Miss
Home / আজকের সংবাদ / মেসির জোড়া গোলে বার্সেলোনার দারুন জয়

মেসির জোড়া গোলে বার্সেলোনার দারুন জয়

এমএনএ স্পোর্টস ডেস্ক : নিষেধাজ্ঞা থেকে ফিরেই চমক দেখালেন লিওনেল মেসি। তার জোড়া গোলেই শক্তিশালী সেভিয়ার বিপক্ষে লা লিগার ম্যাচে ৩-০ ব্যবধানে জয় পেল বার্সেলোনা। দলের হয়ে বাকি গোলটি করেন লুইস সুয়ারেস। লিগে পাঁচটি ভিন্ন ম্যাচে হলুদ কার্ড দেখায় গ্র্যানাডার বিপক্ষে ৪-১ গোলের জয়ে বার্সার সঙ্গী হতে পারেননি মেসি।

গতকাল বুধবার রাতে ঘরের মাঠ ক্যাম্প ন্যু’তে জর্জ সাম্পাওলির সেভিয়াকে আতিথিয়েতা জানায় বার্সা। তবে আক্রমণভাগে আর্জেন্টিনার এই তারকা ফরোয়ার্ড লিওনেল মেসির সঙ্গী লুইস সুয়ারেস ও নেইমারও ছিলেন দারুণ ফর্মে। দারুণ আক্রমণাত্মক খেলে প্রথমার্ধেই সফরকারী দলটিকে দিশেহারা করে ফেলে কাতালানরা।

তাই সেভিয়াকে হারাতে কোনো বেগই পেতে হলো না বার্সেলোনাকে।

এদিন ম্যাচের চতুর্থ মিনিটেই এগিয়ে যেতে পারতো বার্সা। সুয়ারেস থেকে বল পেয়ে ডি-বক্সের একটু বাইরে থেকে বাঁ পায়ে শট করেন মেসি। তবে বলটি ক্রসবারে লেগে ফিরে আসে।

ষোড়শ মিনিটে হঠাৎ করেই একটি সুযোগ পেয়েছিল সেভিয়া। তবে খুব কাছ থেকেও জার্মান গোলরক্ষক মার্ক-আন্ড্রে টের স্টেগেনকে ফাঁকি দিতে পারেননি স্টিভেন জনজি।

সুয়ারেসের দুর্দান্ত গোলে ২৫তম মিনিটে এগিয়ে যায় স্বাগতিকরা। ডান দিকে দিয়ে ছুটে দুই ডিফেন্ডারকে ফাঁকি দিয়ে পাঠানো মেসির ক্রসে বল পেয়ে ওভারহেড কিকে গোলরক্ষক সের্হিও রিকোকে পরাস্ত করেন উরুগুয়ের এই স্ট্রাইকার। লা লিগায় এবার তার গোল হলো ২৪টি।

তিন মিনিট পরেই গোল ব্যবধান দ্বিগুণ করেন মেসি। মাঝ মাঠ থেকে ইভান রাকিটিচের থেকে বল নিয়ে একেবারে সামনে এগিয়ে যান নেইমার। সেখান থেকে ডানে থাকা সুয়ারেসকে পাস দেন। সুয়ারেসও ডান পায়ের শটে বল মাঝে থাকা মেসির দিকে এগিয়ে দেন। আর সেখান থেকেই আলতো শটে বলটি গোলে পরিণত করেন আর্জেন্টাইন অধিনায়ক।

নিজের জোড়া গোল করতে বেশি সময় নেননি পাঁচবারের ব্যালন ডি অর জয়ী। ৩৩ মিনিটে কর্ণার শট থেকে সেভিয়ার পেনাল্টি বক্সে জটলার মধ্যে এসে বল পড়ে। আর সেখান থেকে নিজের বাঁ পায়ের জোড়ালো শটে গোল করে বার্সা শিবিরকে আরও একবার আনন্দ দেন মেসি।

২৭ গোল নিয়ে লা লিগার এই মৌসুমে গোলদাতাদের তালিকায় শীর্ষে আছেন পাঁচবারের এই বর্ষসেরা ফুটবলার।

ম্যাচের দ্বিতীয়ার্ধে আরও বেশ কয়েকটি আক্রমণ রচনা করে বার্সা। কম যায়নি সেভিয়াও। গোলে শোধে ব্যস্ত হয়ে কয়েকটি আক্রমণ চালায়। তবে ভাগ্য সহায় না হওয়ায় শেষ পর্যন্ত কোনো গোলের দেখা না পাওয়ায় ৩-০ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে লুইস এনরিক শিষ্যরা।

এ জয়ের ফলে কয়েক ঘণ্টার জন্য রিয়াল মাদ্রিদকে হটিয়ে লিগের শীর্ষস্থান দখল করেছিল বার্সেলোনা। তবে দুইঘন্টা পর লেগানসের বিপক্ষে জিতে ফের শীর্ষেই জায়গা করে নেয় রিয়াল মাদ্রিদ। ৩০ ম্যাচে ৬৯ পয়েন্ট নিয়ে তালিকার দ্বিতীয় বার্সা। এক ম্যাচ কম খেলে ৭১ পয়েন্ট নিয়ে শীর্ষে রিয়াল।

x

Check Also

চলতি বছরের হজ ফ্লাইট শুরু হচ্ছে ১৮ এপ্রিল, আজ রাতে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

বিশেষ প্রতিনিধি সৌদি সরকারের নির্ধারিত হজ ব্যবস্থাপনা রোডম্যাপ অনুযায়ী চলতি বছরের হজ ফ্লাইট আগামী ১৮ ...