এমএনএ রিপোর্ট : আগামী বুধবার চার দিনের সফরে ঢাকায় আসছেন ইসলামী সহযোগিতা সংস্থার (ওআইসি) মহাসচিব ড. ইউসুফ বিন আহমদ আল ওথাইমিন।
ওআইসির মহাসচিব হিসেবে এটি তার প্রথম বাংলাদেশ সফর। তিনি পাঁচ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন।
সফরের দ্বিতীয় দিন বৃহস্পতিবার তিনি রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এ ছাড়া পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন। মুসলিম উম্মার ঐক্য ও অগ্রগতি নিয়ে বৈঠকে আলোচনা হবে।
এ ছাড়া আগামী বছর ঢাকায় অনুষ্ঠিতব্য ওআইসির ৪৫তম পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলন অনুষ্ঠানের প্রস্তুতি এবং আলোচ্যসূচি নিয়েও আলোচনা করবেন তারা। পরে পররাষ্ট্রমন্ত্রীর দেওয়া নৈশভোজেও অংশ নেবেন ড. ইউসুফ বিন আহমদ
ওআইসি মহাসচিব রোহিঙ্গা উদ্বাস্তুদের অবস্থা সরেজমিন দেখতে শুক্রবার কক্সবাজারের কুতুপালং শরণার্থী শিবিরসহ আশেপাশের এলাকা পরিদর্শন করবেন। তিনি উদ্বাস্তুদের প্রতি ওআইসির পক্ষে সহানুভূতি ও সংহতি প্রকাশ করবেন। উদ্বাস্তু পরিস্থিতি নিয়ে তিনি স্থানীয় প্রশাসন ও আন্তর্জাতিক মানবিক সংস্থাগুলোর সাথে আলোচনা করবেন।
রবিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ওআইসিতে বাংলাদেশের ভূমিকা ক্রমান্বয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। এই সফরের মাধ্যমে মহাসচিব বাংলাদেশের সঙ্গে পরিচিতি হওয়ার সুযোগ পাবেন।।
মোহাম্মদী নিউজ এজেন্সী নিউজ – ফিচার – ফটো নেটওয়ার্ক

