এমএনএ রিপোর্ট : লর্ডস টেস্টে ক্যারিয়ার-সেরা বোলিং করা জেমস অ্যান্ডারসন ভারতীয় স্পিনার রবীন্দ্র জাদেজাকে টপকে র্যাঙ্কিংয়ের শীর্ষে উঠেছেন।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জয়ের ম্যাচে প্রথম ইংলিশ বোলার হিসেবে ৫০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেছেন পেসার জেমস অ্যান্ডারসন। আর মাইলফলকের এ ম্যাচে তার নামের সঙ্গে আরও একটি কীর্তি যোগ হয়েছে। জাদেজাকে টপকে টেস্ট বোলারদের র্যাঙ্কিংয়ের শীর্ষে উঠে গেছেন ডানহাতি এই পেসার।
সিরিজ নির্ধারণই ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে প্রায় একাই দলকে জিতিয়েছেন। লর্ডস টেস্টের দ্বিতীয় ইনিংসে ৪২ রানে ৭ উইকেট নিয়েছেন অ্যান্ডারসন। ম্যাচে নিয়েছেন ৯ উইকেট। সাত উইকেট নিয়ে দলকে এনে দিয়েছেন ৯ উইকেটের জয়।
আজ রবিবার দুপুরে আইসিসির প্রকাশিত নতুন র্যাঙ্কিংয়ে লর্ডস টেস্টে ক্যারিয়ার-সেরা বোলিং করা ৩৫ বছর বয়সী অ্যান্ডারসন দ্বিতীয় স্থানে নেমে যাওয়া রবীন্দ্র জাদেজার চেয়ে ১২ পয়েন্ট এগিয়ে রয়েছেন। তার পয়েন্ট এখন ক্যারিয়ার সেরা ৮৯৬। দুইয়ে নেমে যাওয়া জাদেজার ৮৮৪ পয়েন্ট। তিন নম্বরে রয়েছেন অশ্বিনের ৮৫২ পয়েন্ট। সর্বশেষ ১ আগস্ট ২০১৬ সালে টেস্ট বোলারদের র্যাঙ্কিংয়ে শীর্ষে ছিলেন জিমি।
২০০৯ সালে মুরালিধরনের পর সবচেয়ে বেশি বয়সী বোলার হিসেবে টেস্ট র্যাঙ্কিংয়ের চূড়ায় ওঠেন অ্যান্ডারসন। অন্যদিকে ২০০৬ সালে গ্লেন ম্যাকগ্রার পর সবচেয়ে বেশি বয়সী পেসার হিসেবে নাম্বার ওয়ানের জায়গা দখল করেন এই ইংলিশ তারকা।
এদিকে ৫০০ কিংবা এর বেশি উইকেট নেয়ার গৌরব লেখা হয়েছে অ্যান্ডারসনসহ শুধুমাত্র ৬ জনের নামের পাশে। আবার পেস বোলার হিসেবে এই ক্লাবে তিনি তৃতীয়। নাম লেখালেন গ্লেন ম্যাকগ্রা, কোর্টনি ওয়ালশের সঙ্গে। ৮০০ উইকেট নিয়ে সবার ওপরে বসে আছেন লঙ্কান স্পিন কিংবদন্তি মুত্তিয়া মুরালিধরন। ৭০৮ উইকেট অস্ট্রেলিয়ান কিংবদন্তি শেন ওয়ার্নের। ভারতের অনিল কুম্বলে নিয়েছেন ৬১৯ উইকেট। অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাকগ্রার শিকার ৫৬৩ উইকেট। পঞ্চম বোলার হিসেবে এই তালিকায় রয়েছেন ক্যারিবীয় কিংবদন্তি কোর্টনি ওয়ালশ। তিনি শিকার করেছেন ৫১৯ উইকেট। জেমস অ্যান্ডারসনের সেখানে শিকার ৫০১টি।
আর ব্যাটিং-বোলিংয়ে এমন পারফরম্যান্সে অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে উঠে এসেছেন চারে। পাঁচে নেমে গেছেন মইন আলি। টেস্ট অলরাউন্ডারদের তালিকায় সাকিব আল হাসান যথারীতি শীর্ষেই রয়েছেন। বাংলাদেশের তারকা অলরাউন্ডারের পয়েন্ট ৪৫৬। ৪৩০ পয়েন্ট নিয়ে জাদেজা দুই নম্বরে রয়েছেন। তিন নম্বরে থাকা রবিচন্দ্রন অশ্বিনের রেটিং পয়েন্ট ৪২২।
ব্যাটে-বলে দুর্দান্ত পারফরম্যান্সে লর্ডস টেস্টের ম্যাচ সেরা বেন স্টোকস এগিয়েছেন র্যাঙ্কিংয়ের তিন বিভাগেই। ব্যাটিংয়ে চার ধাপ এগিয়ে উঠে এসেছেন ক্যারিয়ার সেরা ২০ নম্বরে। বোলিংয়ে দুই ধাপ এগিয়ে উঠেছেন ২১ নম্বরে।
মোহাম্মদী নিউজ এজেন্সী নিউজ – ফিচার – ফটো নেটওয়ার্ক




