Don't Miss
Home / আজকের সংবাদ / বাংলাদেশে এসেছে ৩ লাখ ১৩ হাজার রোহিঙ্গা : জাতিসংঘ

বাংলাদেশে এসেছে ৩ লাখ ১৩ হাজার রোহিঙ্গা : জাতিসংঘ

এমএনএ রিপোর্ট : রাখাইন রাজ্যে সহিংসতায় গত ২৫ আগস্ট থেকে এখন পর্যন্ত ৩ লাখ ১৩ হাজার রোহিঙ্গা মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে এসেছে।

আজ সোমবার জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থার মুখপাত্র জোসেফ ত্রিপুরা এ তথ্য জানিয়েছেন বলে বিবিসির খবরে বলা হয়।

জাতিসংঘ ও বাংলাদেশ সরকার বলছে, রাখাইনে সহিংসতা অব্যাহত থাকলেও অতি সম্প্রতি রোহিঙ্গাদের বাংলাদেশে প্রবেশের সংখ্যা কমে এসেছে।

গত রোববার জাতিসংঘ জানায়, ২ লাখ ৯৪ হাজার রোহিঙ্গা বাংলাদেশে পৌঁছেছে। এর একদিন আগে বাংলাদেশে ঢুকেছে ৪ হাজার রোহিঙ্গা। এখনো অনেক রোহিঙ্গা পলায়নের পথে আছে ও রাস্তার পাশে অবস্থান করছে। মিয়ানমারে সংখ্যালঘু মুসলিম রোহিঙ্গা সম্প্রদায় দীর্ঘদিন থেকে বৌদ্ধদের বৈষম্যের শিকার হয়েছে। তারা দেশটিতে রোহিঙ্গাদের নাগরিকত্ব অস্বীকার করেছে।

জাতিসংঘের তথ্য মতে, এবার এবং এর আগের বার সহিংসতার ঘটনায় মিয়ানমারের পাশে বাংলাদেশ সীমান্তে শরণার্থী শিবিরে ও অস্থায়ী আশ্রয় কেন্দ্রে প্রায় ৪ লাখ রোহিঙ্গা শরণার্থী আশ্রয় নিয়েছে।

রোহিঙ্গা গোষ্ঠী বাংলাদেশে আসার পথে মিয়ানমার সেনাবাহিনীর হাতে খুন, ধর্ষণ ও নির্যাতনের মতো ঘটনার শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে।

কয়েকদিন ধরে হেঁটে আসা বেশির ভাগ রোহিঙ্গা এখন অসুস্থ, অবিশ্রান্ত। তারা এখন খাদ্য, পানি ও নিরাপদ আশ্রয়ের জন্য মুখিয়ে আছে বলেও জানায় জাতিসংঘ।

প্রসঙ্গত, গত ২৪ আগস্ট রাখাইনে বেশ কয়েকটি তল্লাশিচৌকিতে কোনো এক বিদ্রোহী গোষ্ঠী হামলা চালায়। এতে নিরাপত্তা বাহিনীর ১২ সদস্যসহ নিহত হন ৭০ জনের বেশি মানুষ। এই হামলার জন্য দেশটির সেনাবাহিনী রোহিঙ্গা সম্প্রদায়কে দায়ী করে তাদের ওপর নির্বাচারে নির্যাতন ও হত্যা শুরু করে। এরপর থেকেই রাখাইন রাজ্য থেকে কক্সবাজারের টেকনাফের বিভিন্ন সীমান্ত দিয়ে নাফ নদী পার হয়ে রোহিঙ্গারা বাংলাদেশে আসতে শুরু করে।

x

Check Also

ব্যাংক রেজুলেশন আইন ২০২৬ দুর্নীতি সহায়ক, লুটেরাদের পুনর্বাসন আত্মঘাতী: টিআইবি

অর্থনৈতিক প্রতিবেদক সদ্য পাস হওয়া ব্যাংক রেজুলেশন আইন, ২০২৬ নিয়ে কঠোর সমালোচনা করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনার ...