Don't Miss
Home / আজকের সংবাদ / শেখ হাসিনার সঙ্গে বৈঠক করবেন সুষমা স্বরাজ

শেখ হাসিনার সঙ্গে বৈঠক করবেন সুষমা স্বরাজ

এমএনএ রিপোর্ট : নিউইয়র্কে জাতিসংঘের ৭২তম সাধারণ অধিবেশনের ফাঁকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করবেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ। বৈঠকে রোহিঙ্গা ইস্যু নিয়ে আলোচনা করবেন তিনি। এ বিষয়ে ভারতের দৃষ্টিভঙ্গি বাংলাদেশকে জানাবেন।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এ বছরও জাতিসংঘের অধিবেশনে যোগ দিচ্ছেন না। তার পরিবর্তে পররাষ্ট্রমন্ত্রী দেশটির প্রতিনিধিত্ব করছেন।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে সুষমা স্বরাজের এই বৈঠক নিছক সৌজন্যমূলক নয়। এ কারণেই তিনি গত বৃহস্পতিবার শেখ হাসিনাকে টেলিফোন করে কথা বলেন এবং বৈঠকের অনুরোধ জানিয়ে রাখেন।

জানা গেছে, ভারতের পক্ষে সর্বোচ্চ পর্যায়ের একমাত্র প্রতিনিধি হিসেবে পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ এবার নিউইয়র্ক সফর করছেন। তাই তিনিই রোহিঙ্গা ইস্যু নিয়ে ভারতের দৃষ্টিভঙ্গি বাংলাদেশের প্রধানমন্ত্রীকে জানাতে চান।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রের খবর, এ বিষয়ে বাংলাদেশ সরকারের নীতির সঙ্গে ভারত সরকারের নীতির বিশেষ কোনো পার্থক্য নেই। বাংলাদেশ যেমন চায় মিয়ানমার রোহিঙ্গাদের ফেরত নিক, ভারতও তাই চায়। ভারতে আগে থেকেই ৪০ হাজার রোহিঙ্গা শরণার্থী বসবাস করছে। সাম্প্রতিক সংকটের কারণে আরও ১০ হাজার রোহিঙ্গা সেখানে আশ্রয় নিয়েছে।

সূত্র আরও জানায়, রোহিঙ্গা শরণার্থীদের আশ্রয় দেওয়ার বিষয়ে মানবিক দিক বিবেচনায় বাংলাদেশ সরকার সহযোগিতার যে হাত বাড়িয়ে দিয়েছে, তার সঙ্গে সহমর্মিতা জানাতেই ভারত ত্রাণসামগ্রী পাঠাচ্ছে। এ ছাড়া বাংলাদেশ যে ধরনের সহযোগিতা চাইবে, ভারত তা দিতে প্রস্তুত।

x

Check Also

টানা ৫ ঘণ্টার বেশি গাড়ি চালানো যাবে না, সতর্ক করল বিআরটিএ

এমএনএ প্রতিবেদক একটানা দীর্ঘ সময় গণপরিবহণ চালানোর ফলে চালকদের ক্লান্তি, ঝিমুনি ও ঘুমের প্রবণতা বাড়ছে, ...