বিএনপি নিজেরাই খালেদার গাড়িবহরে হামলা চালিয়েছে : কাদের
Posted by: News Desk
October 29, 2017
এমএনএ রিপোর্ট : আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, “বিএনপি নিজেরাই খালেদা জিয়ার গাড়িবহরে হামলা চালিয়েছে।”
আজ রবিবার সচিবালয়ে সাংবাদিকদের তিনি বলেন, “নিজেরা নিজেরা মারামারি করে বিএনপি দায় চাপাচ্ছে সরকারের ওপর… গতকাল তারা পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটিয়েছে।”
রোহিঙ্গাদের দেখতে কক্সবাজারে যাওয়ার পথে ফেনীতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনা তাদেরই সাজানো বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
তিনি আরও বলেন, খালেদা জিয়ার গাড়িবহরে জনতার ঢল নামেনি। তাই এ রকম একটি ঘটনার দরকার ছিল বড় সংবাদ হওয়ার জন্য। তারা নিজেরাই নিজেদের গাড়িতে হামলা চালিয়েছে।
ওবায়দুল কাদের বলেন, বলা হচ্ছে আওয়ামী লীগের লোকজন তার গাড়িবহরে হামলা করেছে। ওই হামলায় বিএনপিসহ সাংবাদিকদের গাড়িতে ভাঙচুর করা হয়েছে। তিনি প্রশ্ন রেখে বলেন, আওয়ামী লীগ কেন সাংবাদিকদের গাড়িতে হামলা করতে যাবে।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, চট্টগ্রামে রোহিঙ্গাদের ত্রাণ সাহায্য না নিয়ে খালেদা জিয়া শো ডাউন করতে গেছেন।
এদিকে এ ব্যাপারে বিএনপির অভিযোগ, ফেনী, কুমিল্লা ও মুন্সীগঞ্জসহ বেশ কয়েকটি স্থানে খালেদার গাড়িবহর আটকে দেওয়ার চেষ্টা চালায় ক্ষমতাসীন আওয়ামী লীগের ক্যাডাররা। তারা পথে পথে খালেদা জিয়ার গাড়িবহরে হামলা চালায়।
ঢাকা থেকে কক্সবাজারে যাওয়ার পথে গতকাল শনিবার দুপুরে ফেনীতে যাত্রাবিরতি করার সূচি ছিল খালেদা জিয়ার। ফেনীতে ঢোকার আগে চৌদ্দগ্রামের সীমানায় মোহাম্মদ আলী বাজারে হামলার মুখে পড়ে তার গাড়িবহর।
খালেদা জিয়ার গাড়ি পেরিয়ে যাওয়ার পর একদল যুবক লাঠিসোঁটা নিয়ে হামলা চালালে গণমাধ্যমকর্মীদের বাহনসহ বহরের অন্তত ৩০টি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়।সাংবাদিক পরিচয় দেওয়ার পরও কয়েকজন গণমাধ্যমকর্মী মারধরের শিকার হন।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ রবিবার সকালে চট্টগ্রামে সাংবাদিকদের বলেন, ওই হামলা যে ‘আওয়ামী লীগ, ছাত্রলীগ অথবা যুব লীগের ক্যাডাররাই’ চালিয়েছে, এটা তাদের কাছে ‘স্পষ্ট’।
হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনারও দাবি জানান তিনি।
পরে ঢাকায় সচিবালয়ে সেতুমন্ত্রী কাদের সাংবাদিকদের সামনে বলেন, বিএনপি চেয়ারপারসন রোহিঙ্গাদের দেখতে যাবেন এটা নিয়ে সরকারের কোনো সমস্যা নেই।
তিনি প্রশ্ন রাখেন, “আমরা তাকে কেন বাধা দেব?”
ঘটনার বিবরণ দিতে গিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, “খালেদা জিয়ার গাড়িবহর ফেনীতে প্রবেশের আগে চৌদ্দগ্রাম সীমান্তে হঠাৎ করে কিছু মোটরসাইকেল এসে ‘ঢিল মারা থেকে শুরু করে বিশৃঙ্খল পরিস্থিতি’ সৃষ্টি করে; সেখানে সাংবাদিকরাও আক্রান্ত হন।”
কাদেরের ভাষায়, “লাখ লাখ জনতার উপস্থিতি যাতে ‘দেখানো যায়’, সেজন্যই খালেদা জিয়া সড়ক পথে গাড়িবহর নিয়ে কক্সবাজারে যাচ্ছেন।”
“কিন্তু সেটা যখন হচ্ছিল না, তখন ফেনীতে নিজের নির্বাচনী আসনের কাছে ঘটনা ঘটিয়ে দোষ দিলেন সরকারের ওপর।”
উল্লেখ্য, রোহিঙ্গাদের ক্যাম্প পরিদর্শন ও ত্রাণসামগ্রী বিতরণের উদ্দেশ্যে গতকাল শনিবার সকাল ১০টা ৪০ মিনিটে গুলশান কার্যালয় থেকে রওনা হন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। ফেনী পার হওয়ার সময় বিভিন্ন স্থানে তাঁর গাড়িবহরে এ হামলার ঘটনা ঘটে। আজ রবিবার চট্টগ্রাম থেকে কক্সবাজারের উদ্দেশে রওনা হয়েছেন তিনি।
কাদের খালেদার চালিয়েছে গাড়িবহরে নিজেরাই বিএনপি হামলা 2017-10-29