পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৭
Posted by: News Desk
October 29, 2017
এমএনএ জেলা প্রতিনিধি : পাবনার সাঁথিয়া উপজেলায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে সাতজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত আরো ৫০ জন।
আজ রবিবার দুপুর ১টার দিকে পাবনা-ঢাকা মহাসড়কের সাঁথিয়া উপজেলার বহলবাড়িয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মাধপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) আনোয়ারুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য জানান।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আহতদের মধ্যে ১৪ জনকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং ছয় জনকে সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। এদের মধ্যে আটজনের অবস্থা আশঙ্কাজনক।
এসআই আনোয়ারুল ইসলাম জানান, পাবনা থেকে যাত্রীবাহী আলী পরিবহনের একটি বাস কাশিনাথপুরের দিকে যাচ্ছিল এবং সিরাজগঞ্জ থেকে আসা হিনো পরিবহনের যাত্রীবাহী একটি বাসের সঙ্গে সাঁথিয়া উপজেলার বহলবাড়িয়া এলাকায় মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একটি বাসের চালকসহ পাঁচজন নিহত হন। আহতদের হাসপাতালে নেওয়ারপরে আরো দুইজন নিহত হন।
দুর্ঘটনার পর মহাসড়কের দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে পুলিশ ও দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করেন এবং দুর্ঘটনা কবলিত বাস দু’টিকে রাস্তা থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করেন।
এদিকে, স্থানীয় আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রাজ্জাক জানান, নিহতদের আত্মীয় স্বজনের অনুরোধে প্রশাসনের মাধ্যমে মরদেহ হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনা কবলিত বাস দু’টি জব্দ করা হয়েছে।
নিহত সাত জনের মধ্যে তিন জনের পরিচয় জানা গেছে। তারা হলেন- পাবনা সদর উপজেলার বাগচিপাড়া গ্রামের গফুর আলী বিশ্বাসের ছেলে আয়েত আলী বিশ্বাস (৫০), আতাইকুলা থানার বৃহস্পতিপুর গ্রামের মকবুল প্রামাণিকের ছেলে আবুল কালাম (৩৭) ও হিনো বাসের চালক রিপন হোসেন (৪৫)। নিহত বাকি চারজনের নাম পরিচয় এখনো পাওয়া যায়নি।
পাবনা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক ইউনুস আলী গণমাধ্যমকে জানান, আহতদের হাসপাতালে নেওয়ার পর দুই যান মারা যান। এ নিয়ে মোট নিহতের সংখ্যা দাঁড়ায় ৭ জন।
দুই সংঘর্ষে মুখোমুখি নিহত ৭ পাবনায় বাসের 2017-10-29