মিলার ‘তাণ্ডবে’ বাংলাদেশের টার্গেট ২২৫ রান
Posted by: News Desk
October 29, 2017
এমএনএ স্পোর্টস ডেস্ক : পচেফস্ট্রমে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে মিলার ‘তাণ্ডবে’ বাংলাদেশের সামনে ২২৫ রানের জয়ের লক্ষ্য ছুঁড়ে দিয়েছে দক্ষিণ আফ্রিকা। নির্ধারিত ২০ ওভারে তারা তুলে ৪ উইকেটে ২২৪ রান।
যেন প্রথম ম্যাচেরই চিত্রনাট্য! দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচেও বাংলাদেশকে বিশাল লক্ষ্যমাত্রা ছুড়ে দিয়েছে দক্ষিণ আফ্রিকা। ‘হ্যাটট্রিক হোয়াইটওয়াশ’র লজ্জা থেকে বাঁচতে হলে ২২৫ রান করতে হবে বাংলাদেশকে। শেষ দিকে সুনামি বয়ে দেয়ার পথে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দ্রুততম সেঞ্চুরির বিশ্বরেকর্ড গড়েন ডেভিড মিলার।
পচেফস্ট্রুমে টসে জিতে দক্ষিণ আফ্রিকাকে ব্যাটিংয়ে পাঠান সাকিব আল হাসান। হাশিম আমলা ও ডেভিড মিলারের ঝড়ো ব্যাটিংয়ে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ২২৪ রানের পাহাড় গড়ে দক্ষিণ আফ্রিকা।
দক্ষিণ আফ্রিকার হয়ে ১০১ রান করেন মিলার। ৩৫ বলে সেঞ্চুরি করার পথে বিশ্বরেকর্ড গড়েন তিনি। ৩৬ বলে সাতটি চার ও ৯টি ছক্কায় ১০১ রানের দানবীয় অপরাজিত ইনিংস খেলেন মিলার। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৪৫ বলে সেঞ্চুরির বিশ্বরেকর্ড এতদিন ছিল রিচার্ড লেভির দখলে। রোববার স্বদেশি লেভিকে দুই নম্বরে ঠেলে দেন মিলার।
এ ছাড়া দক্ষিণ আফ্রিকার হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ৮৫ রান করেন আমলা। তার ৫১ বলের ইনিংসে ১১টি চারের সঙ্গে একটি ছক্কার মার ছিল। ডি ভিলিয়ার্স করেন ১৫ বলে ২০ রান।
বাংলাদেশের হয়ে দুটি করে উইকেট নেন সাকিব আল হাসান ও মোহাম্মদ সাইফউদ্দিন।
সেনওয়েস পার্কে টসে হেরে ব্যাটিংয়ে নেমে দুর্দান্ত শুরুর পর তৃতীয় ওভারে উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। সাকিবের করা তৃতীয় ওভারের তৃতীয় বলে দলীয় ২৩ রানের মাথায় বোল্ড হয়ে সাজঘরে ফেরেন মাঙ্গালিসো মোসেলে।
প্রথম উইকেট হারানোর ধাক্কা সামলে ওঠার আগেই প্রতিপক্ষ শিবিরে হানা দেন সাকিব। সাকিবের করা পঞ্চম ওভারের শেষ বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন ডুমিনি।
পরপর দুই উইকেট হারালেও আক্রমণাত্মক খেলার কৌশলে পরিবর্তন আনেনি দক্ষিণ আফ্রিকা। মেহেদী হাসান মিরাজের করা অষ্টম ওভার থেকে ১৭ রান দেন ডি ভিলিয়ার্স ও আমলা।
তবে দশম ওভারে ঝড় থামান মোহাম্মদ সাইফুদ্দিন। এই তরুণ পেসারের করা দশম ওভারের পঞ্চম বলে লং অফে ইমরুল কায়েসের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন ডি ভিলিয়ার্স।
১২ ওভারের পরপরই আক্রমণাত্মক রূপে দেখা দেন আমলা ও মিলার। মিরাজের করা ১৪তম ওভার থেকে ১৬ রান নেন এই দুজন। এরপর রুবেল হোসেনের করা ১৬তম ওভার থেকে নেন ২৩ রান। আর তাতে করে রান পাহাড়ে ওঠার ভিত পায় প্রোটিয়ারা।
সাইফউদ্দিনের করা ইনিংসের ১৭তম ওভারের তৃতীয় বলে সৌম্য সরকারের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন আমলা। তবে ঝড় থামেনি প্রোটিয়াদের; আরো স্পষ্ট করে বললে মিলারের। তাসকিনের করা ১৮তম ওভার থেকে ১৫ রান নেন মিলার ও ফারহান বিহারদিয়েন।
তবে মিলারের ‘আসল ঝড়’টা বয়ে যায় সাইফউদ্দিনের ওপর দিয়েই। তার করা ইনিংসের ১৯তম ওভারের প্রথম পাঁচ বলে টানা পাঁচটি ছক্কা হাঁকান মিলার। লং অন, কভার, স্কয়ার লেগ, লং লেগ এবং লেগ সাইড দিয়ে বল সীমানার ওপর দিয়ে বাইরে পাঠান এই দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যান। শেষ বলে মিলার এক রান নেয়ায় হয়তো হাঁপ ছেড়ে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন সাইফউদ্দিন।
৮৮ রান নিয়ে শেষ ওভার ব্যাটিং শুরু করেন মিলার। প্রথম দুই বলে চার হাঁকিয়ে ৯৬ রানে পৌঁছেন তিনি। পরের দুই বলে দুটি ডাবল নিয়ে দ্রুততম সেঞ্চুরির বিশ্বরেকর্ড গড়েন তিনি। সেইসঙ্গে বাংলাদেশকে চাপা দেন রান-পাহাড়ে।
বাংলাদেশ দল : সাকিব আল হাসান, সৌম্য সরকার, ইমরুল কায়েস, লিটন দাস, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, মাহমুদউল্লাহ, মেহেদী হাসান মিরাজ, রুবেল হোসেন, তাসকিন আহমেদ, মোহাম্মদ সাইফ উদ্দিন।
দক্ষিণ আফ্রিকা : হাশিম আমলা, ডি ভিলিয়ার্স, জেপি ডুমিনি, ডেভিড মিলার, ফারহান বেহারদিয়েন, আন্দিল ফেহলুকাওয়ো, অ্যারন ফ্যাঙ্গিসো, রবার্ট ফ্রাইলিঙ্ক, বুরান হেনড্রিকস, ম্যাঙ্গালিসো মইসে এবং ডোয়াইন প্রিটোরিয়াস।
সংক্ষিপ্ত স্কোর :
দক্ষিণ আফ্রিকা : ২০ ওভারে ২২৪/৪ (আমলা ৮৫, মোসেলে ৫, দুমিনি ৪, ডি ভিলিয়ার্স ২০, মিলার ১০১*, বেহারদিন ৬*; সাকিব ২/২২, তাসকিন ০/৪১, মিরাজ ০/৪৬, সাইফ ২/৫৩, মাহমুদউল্লাহ ০/১০)
মিলার 'তাণ্ডবে' ২২৫ রান বাংলাদেশের টার্গেট 2017-10-29