Don't Miss
Home / সারাদেশ / নিম্নচাপের প্রভাবে আরও দুদিন বৃষ্টি হতে পারে

নিম্নচাপের প্রভাবে আরও দুদিন বৃষ্টি হতে পারে

এমএনএ রিপোর্ট : বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে রাজধানীসহ দেশের অধিকাংশ এলাকায় গতকাল বুধবার থেকে বৃষ্টি হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বঙ্গোপসাগরে লঘুচাপের প্রভাবে এভাবে বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টি আরও দু-এক দিন থাকতে পারে। বৃষ্টি চলে গেলে জেঁকে বসতে পারে শীত।

আজ বৃহস্পতিবার সকালে বৃষ্টিতে শিক্ষার্থীসহ অফিসগামী মানুষ বিপাকে পড়েছে। বিশেষ করে জেএসসি পরীক্ষার্থীদের দুর্ভোগে পড়তে হয়েছে।

বাংলার বর্ষপঞ্জি থেকে বিদায় নিয়েছে কার্তিক মাস। গতকাল বুধবার থেকে অগ্রহায়ণ শুরু। এ সময় শীতটা একেবারে দোরগোড়ায় থাকে। হেমন্তের আকাশ থাকে হালকা সাদা মেঘে ভরা। কিন্তু এখন সেই আকাশ অনেকটা ভারী মেঘে ঢাকা। মেঘ থেকে ঝরছে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি।
শীতের তীব্রতা না থাকলেও প্রকৃতি মেঘলা রূপ ধারণ করায় গরম অবশ্য খানিকটা কমেছে। গতকাল আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে জানা গেছে, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটি বর্তমানে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করছে।
এটি গতরাতে চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৯৮৫ কিলোমিটার দক্ষিণপশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৯৬৫ কিলোমিটার দক্ষিণপশ্চিমে, মংলা সমুদ্রবন্দর থেকে ৭৯৫ কিলোমিটার দক্ষিণপশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ৮৩০ কিলোমিটার দক্ষিণপশ্চিমে অবস্থান করছিল। এটি আরও ঘণীভূত হয়ে উত্তরপূর্ব দিকে অগ্রসর হতে পারে।
নিম্নচাপ কেন্দ্রে ৪৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৪০ কিলোমিটার যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ৫০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। নিম্নচাপ কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর উত্তাল রয়েছে।
চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরে ১ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। সেই সাথে তাদেরকে গভীর সাগরে বিচরণ না করতে বলা হয়েছে।
লঘুচাপের প্রভাবে দেশে বেশির ভাগ এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। কোথাও কোথাও ভারী বৃষ্টিও হতে পারে। এ কারণে রাত ও দিনের তাপমাত্রা কমতে পারে। তবে দিনের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমে যেতে পারে।
গতকাল সকালে সবচেয়ে কম তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায় ১৪ ডিগ্রি সেলসিয়াস। রাজধানী ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।
x

Check Also

ব্যাংক রেজুলেশন আইন ২০২৬ দুর্নীতি সহায়ক, লুটেরাদের পুনর্বাসন আত্মঘাতী: টিআইবি

অর্থনৈতিক প্রতিবেদক সদ্য পাস হওয়া ব্যাংক রেজুলেশন আইন, ২০২৬ নিয়ে কঠোর সমালোচনা করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনার ...