কম্বোডিয়া সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
Posted by: News Desk
December 5, 2017
এমএনএ রিপোর্ট : কম্বোডিয়ায় তিনদিনের সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট অবতরণ করে।
এরআগে বিমান বাংলাদেশ এয়ার লাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইটে নমপেন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে স্থানীয় সময় দুপুর পৌনে ২টায় প্রধানমন্ত্রী সফর সঙ্গীদের নিয়ে দেশের উদ্দেশে রওয়ানা দেন।
এ সময় তাকে বিমানবন্দরে বিদায় জানান, কম্বোডিয়ার নারী বিষয়ক মন্ত্রী ইং কন্তা পভি, পররাষ্ট্র ও আন্তর্জাতিক বিষয়ক মন্ত্রণালয়ের সহকারী মন্ত্রী ইতা সফিয়া এবং থাইল্যান্ডে নিযুক্ত বাংলাদেশ রাষ্ট্রদূত এবং কম্বোডিয়ায় এ্যাক্রিডিটেড সাইদা মুনা তাসনিম।
প্রধানমন্ত্রীর এই সফরে বাংলাদেশ ও কম্বোডিয়ার মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের পাশাপাশি পর্যটন, কৃষি, বেসামরিক বিমান চলাচল, আইসিটি ও কারিগরি শিক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধি সংক্রান্ত একটি চুক্তি এবং নয়টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।
সরকারি সূত্র জানায়, বাংলাদেশের প্রধানমন্ত্রীর কম্বোডিয়া সফর বাংলাদেশ ও কম্বোডিয়ার মধ্যে দুই দেশের জনগণের স্বার্থ এবং এই অঞ্চলের পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতা বৃদ্ধিতে সহায়তা করেছে।
শেখ হাসিনা বাংলাদেশ ও কম্বোডিয়ার মধ্যে আলোচনার নেতৃত্ব দেন। তিনি কম্বোডিয়ার রয়েল প্যালেসে রাজা নরদম সিহামনের দেওয়া রাজকীয় অভ্যর্থনা গ্রহণ করেন। তিনি কম্বোডিয়ান চেম্বারের সঙ্গে ব্যবসায়িক সংলাপে অংশগ্রহণ করেন এবং সেদেশের প্রধানমন্ত্রীর দেওয়া নৈশভোজে যোগ দেন।
প্রধানমন্ত্রী নমপেনে কম্বোডিয়ার স্বাধীনতা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করবেন। তিনি এ সময় কম্বোডিয়ার সাবেক রাজা নরডম সিহানুক এর স্ট্যাচুতে শ্রদ্ধা নিবেদন করবেন।
কম্বোডিয়ার সাবেক প্রধানমন্ত্রী ও রাজকীয় দল ফনসিনপেকের সভাপতি নরদম রনারিধির সঙ্গে সৌজন্য স্বাক্ষাৎ করেন।
দেশে সফর ফিরলেন কম্বোডিয়া প্রধানমন্ত্রী শেষে 2017-12-05