রংপুর সিটি নির্বাচন সুষ্ঠু হবে কিনা সন্দেহ আছে : রিজভী
Posted by: News Desk
December 7, 2017
এমএনএ রিপোর্ট : বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, রংপুর সিটি করপোরেশন নির্বাচনে সব প্রার্থীর জন্য সমান সুযোগ তৈরি হয়নি। ক্ষমতাসীন দলের প্রার্থীর প্রভাবে ভোটাররা এখনও ভয়ভীতির মধ্যে রয়েছেন। নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে কি না- সেটা নিয়েও যথেষ্ট সন্দেহ আছে। আজ বৃহস্পতিবার সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
রিজভী অভিযোগ করেন, নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী আচরণবিধি লঙ্ঘন করলেও তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না ইসি। তারা সেখানে এখনও অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনী পরিবেশ নিশ্চিত করতে পারেনি। প্রধান নির্বাচন কমিশনারের নেতৃত্বে ইসির ঊর্ধ্বতন কর্মকর্তাদের মানসিকতা স্বাধীন না হলে কমিশনের আইনি স্বাধীনতা কোনো কাজে আসে না।
রিজভী আরও বলেন, বিএনপির পক্ষ থেকে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ তৈরির জোর দাবি জানাচ্ছি। একই সঙ্গে এ নির্বাচনে বিচারিক ক্ষমতা দিয়ে সেনাবাহিনী মোতায়েনেরও জোর দাবি জানাই।
বিএনপির এই সিনিয়র নেতা বলেন, সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে, রংপুর সিটির ১৯৬টি কেন্দ্রের মধ্যে ১৩৩টিই ঝুঁকিপূর্ণ। ইসি দ্রুত ব্যবস্থা না নিলে নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে না। আওয়ামী লীগের মনোনীত প্রার্থী বারবার আচরণবিধি লঙ্ঘন করলেও ইসি তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না। ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা গোটা এলাকায় ভয়ভীতি ছড়াচ্ছে বলে অনেক প্রার্থীর অভিযোগ রয়েছে। এমনকি ক্ষমতাসীন দলের প্রভাবে শুরু থেকেই বিএনপির প্রার্থীকে নজিরবিহীনভাবে হয়রানি করা হচ্ছে।
ক্ষমতাসীন দলের প্রার্থীকে পেছনের দরজা দিয়ে জেতানোর কোনো চেষ্টা করলে জনগণ সেটির উপযুক্ত জবাব দেবে বলেও হুঁশিয়ার করে দেন তিনি।
রিজভী আরও বলেন, বেসিক ব্যাংকে দুর্নীতি ও কেলেঙ্কারির বিষয়টি জনসমক্ষে স্পষ্ট হয়ে উঠেছে। এতে ক্ষমতাসীন দলের লোকেজন জড়িত থাকায় দুদক বরাবরই বিষয়টি এড়িয়ে গেছে। এ কেলেঙ্কারি নিয়ে এখন পর্যন্ত ৫৭টি মামলা হয়েছে। কিন্তু মূল হোতারা এখনও ধরাছোঁয়ার বাইরে। ব্যাংক লুটের লাখ লাখ কোটি টাকা দেশ থেকে পাচার হয়ে গেলেও দুদক নির্বিকার। এসব লুটেরার একদিন জনতার কাঠগড়ায় দাঁড়াতেই হবে।
তিনি বলেন, সারা দেশে গুম-আতঙ্ক থামছেই না। সমাজের কোনো স্তরের মানুষই আজ নিরাপদ নয়। দেশের বিভিন্ন এলাকা থেকে নিখোঁজ হয়ে যাওয়া রাজনৈতিক নেতা, ব্যবসায়ী, শিক্ষক, ছাত্র, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার অনেক মানুষের আর খোঁজ মেলেনি।
নির্বাচন রিজভী সিটি রংপুর হবে আছে সুষ্ঠু কিনা সন্দেহ 2017-12-07