Don't Miss
Home / আজকের সংবাদ / শীতে চাই তারুণ্যের ফ্যাশনেবল পোশাক

শীতে চাই তারুণ্যের ফ্যাশনেবল পোশাক

এমএনএ ফিচার ডেস্ক : হঠাৎ জেঁকে বসেছে শীত। ফ্যাশন দুনিয়ায় শীত মানেই উষ্ণ পোশাকের নানা রকম স্টাইল। স্টাইলিংয়ে টিনএজাররা যেন এক ধাপ এগিয়ে। বাহারি রঙ, নকশা আর কাটিং বেস ডিজাইনের শীতের পোশাকে জমজমাট এখন শপিংমলগুলো। উলেন, ফোম, লেদার, র‌্যাক্সিন, সিনথেটিক, ফ্লানেল, আর্টিফিসিয়াল লেদারের জ্যাকেট, ফুলস্লিভ, কার্ডিগান, লং কটি, সোয়েটার, ব্লেজার- সবকিছুই চলছে টিন শীত ফ্যাশনে। ফুটপাত থেকে শুরু করে নামিদামি শপিংমলগুলো সাজিয়েছে তাদের শীত পোশাকের পসরা। চলুন জেনে নিই এবারের শীত পোশাকের আদ্যোপান্ত।

স্মার্ট ব্লেজার

হাল আমলে ফ্যাশনপ্রিয় তরুণ-তরুণীদের পছন্দের জায়গার অনেকটাই দখল করে আছে ব্লেজার। ছেলেদের ব্লেজারের রঙে খুব বেশি পরিবর্তন দেখা না গেলেও মেয়েদের ব্লেজারের কাটিং, রঙ ও নকশায় এসেছে ব্যাপক পরিবর্তন। ফুলস্লিভের পাশাপাশি স্লিভলেস ব্লেজার যুক্ত হয়েছে ফ্যাশনে। পাতলা ও ভারী দু’ধরনের ব্লেজার তৈরি হচ্ছে। শীতে উষ্ণতা আর স্টাইলিংয়ের কথা মাথায় রেখে ডিজাইন করা হয়েছে। মেয়েদের জন্য তৈরি হচ্ছে জিন্স ও মখমলসহ নানা ধরনের কাপড়ে এমব্রয়ডারি, নেট, লেইসসহ মিক্সড মিডিয়ার কাজের সমন্বয়ে লাল, নীল, সবুজ, কালোসহ হালকা ও গাঢ় শেডের ব্লেজার। মখমল আর জিন্সের ব্লেজার মেয়েরা বেশি কিনছেন বলে জানালেন ইনফিনিটির মিরপুর আউটলেটের বিক্রয়কর্মী। সোজা কাটিংয়ের চেয়ে রাউন্ড শেপ তরুণীরা বেশি পছন্দ করছে। ব্লেজারের নেক লাইনের নকশায় ব্যবহার করা হচ্ছে প্রিন্ট, চেক আর নেট কাপড়। ছেলেদের জন্যও হালকা শীত উপযোগী সুতি এবং জিন্স ব্লেজার তৈরি হচ্ছে। এসব ব্লেজার হালকা এমব্রয়ডারি ও কাটিংবেইস নকশায় তৈরি হচ্ছে। এ বছর ছেলেদের রঙের ক্ষেত্রে খুব বেশি পরিবর্তন আসেনি। তবে তীব্র শীতের জন্য ওভাল কোট আর লং কোটের নকশায় বেশ কিছু পরিবর্তন লক্ষ্য করা গেছে। মানভেদে ছেলেমেয়েদের ব্লেজার মিলবে ৮০০ থেকে ৫০০০ টাকায়।

লং কটি

শীত ফ্যাশনে গত কয়েক বছর ধরে মেয়েদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে লং কটি। এ বছরও চলছে এটি। গেঞ্জি, উলেন ফ্লানেল এবং সুতি কাপড়ে তৈরি লং কটি জিন্স টি-শার্টের সঙ্গে যেমন মানানসই, তেমনি সালোয়ার-কামিজের সঙ্গেও মানিয়ে যায়। তাই হাল ফ্যাশনে কটির ব্যবহার বেশি। দামটাও তুলনামূলক হাতের নাগালে। নিউমার্কেটের একজন বিক্রেতা জানালেন, কটির দাম শুরু হয়েছে ৩০০ টাকা থেকে। এই টাকায় মিলবে গেঞ্জির কাপড়ের কটি।

তবে উলেন কটি কিনতে হলে লাগবে ৫০০ থেকে ১২০০ টাকা। একরঙা কাজ ছাড়া কটি পাবেন ৫০০ থেকে ৮০০ টাকায়। তবে একটু নকশাদার কটি কিনতে হলে গুনতে হবে ১৫০০ টাকা পর্যন্ত। কটিগুলোর কোনোটির নিচের কাটে কোনা ঝোলানো আবার কোনোটি ঘের দেওয়া। সামনের অংশ পুরোটাই খোলা। কোনোটি ফিতা বা বোতাম দিয়ে বাঁধার ব্যবস্থা আছে। পরতে যেমন ইজি, তেমনি ফ্যাশনেবল। দামটাও হাতের নাগালে।

নানা রকম জ্যাকেট

শীত ফ্যাশনে পোশাকের নকশায় যতই পরিবর্তন আসুক না কেন, জ্যাকেটের আবেদন কিন্তু ফুরায়নি। মূলত ভারী শীতে জ্যাকেট না হলে যেন চলেই না। হালকা শীতের জন্য স্লিভলেস জ্যাকেট পাওয়া যাচ্ছে। মূলত আর্টিফিশিয়াল লেদার জ্যাকেট, রেক্সিন কাপড়ের ফোম জ্যাকেটগুলো বেশি চলছে। এই সময়ে স্লিভলেস জ্যাকেটগুলো ছেলেদের পছন্দের তালিকায় উঠে এসেছে। হালকা শীতে জিন্স জ্যাকেটও চলছে। গতানুগতিক রঙের ধারণার বাইরে ছেলেদের জ্যাকেট তৈরি করা হয়েছে। মূলত তরুণদের কথা চিন্তা করে লাল, হলুদসহ গাঢ় রঙগুলো জ্যাকেটে প্রাধান্য পেয়েছে। ফুলস্লিভ আর স্লিভলেস দু’ধরনের জ্যাকেট পাওয়া যাবে হুডসহ ও হুড ছাড়া। কিছু জ্যাকেট পাবেন যেগুলোর হুড বাটন দিয়ে আটকানো। ফ্যাশন হাউস শপিংমল সব জায়গায় মিলবে জ্যাকেট। অভিজাত মলগুলোতে পাবেন আমদানি করা ভালো মানের লেদার জ্যাকেট। তবে দামটা একটু বেশি। বিভিন্ন ধরনের জ্যাকেট মিলবে ৬০০ থেকে ১০০০০ টাকার মধ্যে।

উলেন পোশাক

একটা সময় ছিল শীত ফ্যাশন মানে উলেন পোশাক। ফ্যাশন আর স্টাইলিং যত এগিয়ে যাক না কেন, উলেন পোশাকের কদর এতটুকুও ম্লান হয়নি। উলের ওপর হাতের নকশার পাশাপাশি সিকুইনের কাজ বেশি দেখা যায়। ছেলেদের জন্য স্ট্রাইপের নকশা বেশি হয়। মেয়েদের সোয়েটারে উলের নকশার পাশাপাশি কাটিং এমব্রয়ডারি, সুতার কাজ আর পুঁতির নকশা বেশি করা হয়। আছে ছেলেমেয়েদের জন্য নানারকম মাফলার আর টুপি। উলেন পোশাকের দাম ২৫০ থেকে ২৫০০ টাকা। হালকা শীতের জন্য পাবেন চিকন উলের সোয়েটার আর ভারী শীত মোকাবেলায় ডাবল কাউন্টের ভারী উলের পোশাক।

ফ্যাশন হাউস, ফুটপাত আর বিপণিবিতান সব জায়গায় এখন শীত পোশাকের পসরা। দাম আর বিস্তারিত তো জানা গেল। আপনার রুচি ও ফ্যাশন ভাবনার সঙ্গে মিলিয়ে কিনে ফেলতে পারেন এবারের শীত পোশাকটি।

x

Check Also

জুলাই আন্দোলন নিয়ে ‘অবমাননা ও অপপ্রচার’-এর অভিযোগ: শাওন, মাহি ও এক নারীর বিরুদ্ধে শাহবাগ থানায় লিখিত অভিযোগ

বিশেষ প্রতিবেদক অভিনেত্রী মেহের আফরোজ শাওন, চিত্রনায়িকা মাহিয়া মাহি এবং শান্তা ফারজানা নামে এক নারীর ...