Don't Miss
Home / আজকের সংবাদ / রাজস্ব বোর্ডের চেয়ারম্যান হলেন মোশাররফ ভূঁইয়া

রাজস্ব বোর্ডের চেয়ারম্যান হলেন মোশাররফ ভূঁইয়া

এমএনএ রিপোর্ট : শিল্প মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব মো. মোশাররফ হোসেন ভূঁইয়াকে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান (এনবিআর) ও অভ্যন্তরীণ সম্পদ বিভাগের জ্যেষ্ঠ সচিব পদে নিয়োগ দিয়েছে সরকার। এর আগে পদ্মা সেতু প্রকল্প নিয়ে জটিলতার সময় সেতু বিভাগের সচিব ছিলেন তিনি।
আজ বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় এক আদেশ জারির মাধ্যমে দুই বছরের চুক্তিতে তাকে নিয়োগ দেয়।
চাকরির মেয়াদ শেষে অবসরে যাওয়া এই কর্মকর্তাকে দুই বছরের চুক্তিতে এনবিআর চেয়ারম্যান ও অভ্যন্তরীণ সম্পদ বিভাগের জ্যেষ্ঠ সচিব পদে নিয়োগ দিয়ে বুধবার আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। তিনি মো. নজিবুর রহমানের স্থলাভিষিক্ত হয়েছেন। গত ৩১ ডিসেম্বর প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পান নজিবুর।
২০১৬ সালের ৩০ জুন অবসরোত্তর ছুটিতে (পিআরএল) যাওয়ার কথা ছিল মোশাররফ হোসেনের। তবে একদিন আগে ২৯ জুন পিআরএল বাতিল করে তাকে এক বছরের চুক্তিতে শিল্প মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব পদে নিয়োগ দেয় সরকার।
ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর নরসিংদীর সন্তান মোশাররফ ১৯৮১ সালের বিসিএস ব্যাচের কর্মকর্তা। তিনি ২০১০ সালের ৩ ফেব্রুয়ারি সেতু বিভাগের ভারপ্রাপ্ত সচিব পদে নিয়োগ পান। একই বছরের ২৯ জুলাই পদোন্নতি পেয়ে সচিব হন তিনি।
এরপর ২০১৪ সালের ২৬ অক্টোবর তিনি শিল্প সচিব নিয়োগ পেয়ে ২০১৬ সালের ১১ এপ্রিল জ্যেষ্ঠ সচিব হিসেবে পদোন্নতি পান।
এর আগে মোশাররফ হোসেন বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নির্বাহী চেয়ারম্যান এবং প্রাইভেটাইজেশন কমিশনের সদস্যের দায়িত্ব পালন করেন।
পদ্মা সেতুতে বিশ্ব ব্যাংকের অর্থায়ন নিয়ে টানাপড়েনের মধ্যে দুদকের মামলায় গ্রেপ্তারের পর ওএসডিও হতে হয়েছিল এই কর্মকর্তাকে। পরে দুদক জানায়, দুর্নীতির কোনো প্রমাণ মেলেনি।
বিশ্ব ব্যাংক দুর্নীতির ষড়যন্ত্রের অভিযোগ তুলে এই সচিবকেও হয়রানিতে ফেলেছিল বলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাও বিভিন্ন সময় বলেছেন।
x

Check Also

জুন মাসের মধ্যেই সারা দেশে হেলথ কার্ড প্রদান কার্যক্রম চালু: স্বাস্থ্যমন্ত্রী

নরসিংদী প্রতিনিধি স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল বলেছেন, নতুন বছরে দেশকে ...