Don't Miss
Home / শিক্ষাঙ্গন / এসএসসি পরীক্ষার ৩০ মিনিট আগে ঢুকতে হবে

এসএসসি পরীক্ষার ৩০ মিনিট আগে ঢুকতে হবে

এমএনএ রিপোর্ট : মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে কেন্দ্রে প্রবেশ করতে হবে। দেরি হলে কোনোভাবেই পরীক্ষার্থীদের কেন্দ্রে ঢুকতে দেয়া হবে না।
আজ বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের সভা কক্ষে পাবলিক পরীক্ষা অনুষ্ঠানে বিভিন্ন ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে সুপারিশ প্রণয়নের জন্য গঠিত কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. সোহরাব হোসাইন সভাপতিত্ব করেন।
সভায় মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়। সিদ্ধান্তের মধ্যে রয়েছে- এসএসসি ও সমমানে পরীক্ষার্থীদেরকে পরীক্ষা শুরুর আধা ঘণ্টা আগে অবশ্যই পরীক্ষার হলে প্রবেশ করতে হবে। অন্যথায় পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না।
দীর্ঘমেয়াদি ব্যবস্থা হিসেবে প্রশ্ন প্রস্তুত করার সিদ্ধান্ত গৃহীত হয়। পরীক্ষাকেন্দ্রে প্রশ্নপত্র বহনের ক্ষেত্রে নিরাপত্তা ট্যাপযুক্ত বিশেষ খামে পরিবহনের ব্যাপারে আলোচনা হয়। প্রশ্নসেট প্রস্তুত রাখা, নির্ধারিত সময়ের আগে প্রশ্ন না খোলা, পিনকোড ব্যবহার, অনলাইনে বা ইউএসবি ডিভাইসের মাধ্যমে পরীক্ষা কেন্দ্রে প্রশ্ন পাঠানো এবং পরীক্ষা শুরুর আগে থেকে কিছু সময়ের জন্য কেন্দ্র এলাকায় ইন্টারনেট বন্ধ রাখার ব্যাপারেও আলোচনা হয়।
আরও জানানো হয়, পরীক্ষা কেন্দ্রে কেউ স্মার্টফোন ব্যবহার করতে পারবে না। শুধুমাত্র কেন্দ্র সচিব একটি সাধারণ ফোন ব্যবহার করতে পারবেন।
সভায় মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব বলেন, আসন্ন এসএসসি ও সমমান পরীক্ষা সম্পূর্ণ নকলমুক্ত পরিবেশে অনুষ্ঠিত হবে। এ ব্যাপারে কোনো ছাড় দেয়া হবে না। নকলমুক্ত পরিবেশে পরীক্ষা অনুষ্ঠানের লক্ষ্যে সব ধরনের ব্যবস্থা গ্রহণের জন্য তিনি সংশ্লিষ্ট সবাইকে নির্দেশ দেন।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব চৌধুরী মুফাদ আহমদ, ড. মোল্লা জালাল উদ্দিন, জাবেদ আহমেদ ও মোহাম্মদ জয়নুল বারী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের অতিরিক্ত সচিব কাজী নাজির হোসেন, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের মহাপরিচালক ড. এস এম ওয়াহিদুজ্জামান, ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. মাহাবুবুর রহমান, কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মো. মোস্তাফিজুর রহমান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই প্রোগ্রামের আইটি ম্যানেজার মো. আরফে এলাহী মানিক এবং বাংলাদেশ পরীক্ষা উন্নয়ন ইউনিটের ঊর্দ্ধতন বিশেষজ্ঞ রবিউল কবির চৌধুরী এ সভায় উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ১ ফেব্রুয়ারি এসএসসি পরীক্ষা শুরু হয়ে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে তাত্ত্বিক ও ব্যবহারিক পরীক্ষা। নিয়ম অনুযায়ী পরীক্ষা শেষে পরবর্তী ৬০ দিনের মধ্যে ফলাফল প্রকাশ করা হয়।
x

Check Also

অনগ্রসর এলাকায় শিক্ষার সুযোগ বাড়ালে বিকশিত হবে সুপ্ত প্রতিভা: জুবাইদা রহমান

শিক্ষাঙ্গন প্রতিবেদক দেশের প্রত্যন্ত ও অনগ্রসর অঞ্চলে শিক্ষার সুযোগ আরও সম্প্রসারণ করা গেলে সেখানে লুকিয়ে ...