Don't Miss
Home / আজকের সংবাদ / প্রধানমন্ত্রীর আশ্বাসে শিক্ষকদের আমরণ অনশন স্থগিত

প্রধানমন্ত্রীর আশ্বাসে শিক্ষকদের আমরণ অনশন স্থগিত

এমএনএ রিপোর্ট : প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশ্বাসে আমরণ অনশন কর্মসূচি স্থগিত করেছেন স্বীকৃতিপ্রাপ্ত নন-এমপিও শিক্ষকেরা। আজ শুক্রবার বিকালে এ অনশন কর্মসূচি প্রত্যাহার করে নেন তারা।
আন্দোলনরত শিক্ষকদের সংগঠনএমপিওভুক্তির দাবিতে নন এমপিও শিক্ষকেরা গত রোববার থেকে প্রেস ক্লাবের সামনে আমরণ কর্মসূচি চালিয়ে আসছেন। আজ ছিল কর্মসূচির ৬ষ্ঠ দিন।
নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ফেডারেশনের সভাপতি অধ্যক্ষ গোলাম মাহমুদুন্নবী ডলার জানান, প্রধানমন্ত্রীর একান্ত সচিব-১ সাজ্জাদুল হাসান আজ শুক্রবার বিকালে অনশনস্থলে এসে প্রধানমন্ত্রীর আশ্বাসের বিষয়টি জানালে তারা কর্মসূচি প্রত্যাহার করে নেন।
এর আগে আজ শুক্রবার বিকেলে প্রধানমন্ত্রীর নির্দেশে জাতীয় প্রেসক্লাবে এসেছিলেন তার একান্ত সচিব সাজ্জাদুল হাসান। তিনি জানান, নন-এমপিও শিক্ষকদের এমপিওভুক্ত করার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী আমাকে নির্দেশ দিয়েছেন, আপনাদের কাছে তার বার্তা পৌঁছে দেয়ার জন্য। তিনি আপনাদের প্রতি অনুরোধ জানিয়েছেন, অনশন ভেঙে যার যার বাড়িতে ফিরে যান।’
এ সময় উপস্থিত শিক্ষা সচিব মো. সোহরাব হোসাইন নন-এমপিও শিক্ষকদেরকে পানি পান করিয়ে অনশন ভাঙান। পরে শিক্ষা সচিব জানান, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ নন-এমপিও শিক্ষকদের অনশনের বিষয়ে প্রধানমন্ত্রীকে অবহিত করেছেন। প্রধানমন্ত্রী শিক্ষা মন্ত্রণালয়কে এমপিওভুক্তি প্রক্রিয়া শুরু করার নির্দেশ দিয়েছেন।
অধ্যক্ষ গোলাম মাহমুদুন্নবী ডলার বলেন, প্রধানমন্ত্রীর আশ্বাসে আমরা আনন্দিত। আমাদের বিশ্বাস ছিল, তিনি আমাদের কথা শুনবেন। তার আশ্বাসে আমরা আজ অনশন ভেঙে যার যার বাড়ি ফিরে যাচ্ছি।
উল্লেখ্য, শিক্ষক-কর্মচারী ফেডারেশনের ব্যানারে গত ছয় দিন ধরে নন-এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তির দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন সেসব প্রতিষ্ঠানে কর্মরতরা। আমরণ অনশন ও অবস্থান ধর্মঘটের পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শিক্ষামন্ত্রীর কাছে বিভিন্ন সময়ে স্মারকলিপি দিয়েছেন তারা।
সরকারি অনুমোদনে কার্যক্রম চালানো শিক্ষা প্রতিষ্ঠানগুলোর এমপিওভুক্তির দাবিতে গত ২৬ ডিসেম্বর থেকে প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করে আসছিলেন দেশের বিভিন্ন এলাকার কয়েকশ শিক্ষক। গত ৩১ ডিসেম্বর থেকে তারা আমরণ অনশন শুরু করেন।
তাদের অনশন ভাঙাতে গত মঙ্গলবার শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ প্রেস ক্লাবের সামনে গেলেও এমপিওভুক্তির সুনির্দিষ্ট দিনক্ষণের দাবিতে অনশন চালিয়ে যান শিক্ষকরা।
সে সময়ই তারা বলেছিলেন, এমপিওভুক্তির বিষয়ে প্রধানমন্ত্রীর কাছ থেকে আশ্বাস পেলে তারা অনশন ভেঙে কর্মসূচি প্রত্যাহার করে নেবেন।
x

Check Also

চলতি বছরের হজ ফ্লাইট শুরু হচ্ছে ১৮ এপ্রিল, আজ রাতে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

বিশেষ প্রতিনিধি সৌদি সরকারের নির্ধারিত হজ ব্যবস্থাপনা রোডম্যাপ অনুযায়ী চলতি বছরের হজ ফ্লাইট আগামী ১৮ ...