Don't Miss
Home / আজকের সংবাদ / এবার শিক্ষামন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা নিখোঁজ

এবার শিক্ষামন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা নিখোঁজ

এমএনএ রিপোর্ট : এক দিনের ব্যবধানে শিক্ষা মন্ত্রণালয়ের আরও এক কর্মকর্তাকে তুলে নেওয়ার অভিযোগ উঠেছে। তিনি শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের ব্যক্তিগত কর্মকর্তা (পিও) মো. মোতালেব হোসেন। এ ছাড়া আরও একজন কর্মকর্তার বাসায় গিয়ে অপরিচিত ব্যক্তিরা খোঁজখবর নিয়ে এসেছেন। এ নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
এ ব্যাপারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারাও খোঁজখবর নিচ্ছেন। আজ রবিবার সকালে র‍্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ শিক্ষামন্ত্রীর বাসায় গিয়ে এ বিষয়ে কথা বলেন।
শিক্ষা মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, সর্বশেষ গতকাল শিক্ষামন্ত্রীর পিও মো. মোতালেব হোসেনকে রাজধানীর বছিলা এলাকা থেকে অজ্ঞাত কয়েক ব্যক্তি মাইক্রোবাসে করে নিয়ে যান। মোতালেব এখানে তাঁর নির্মাণাধীন বহুতল বাড়ির কাজ তদারক করতে গিয়েছিলেন। গতকাল শনিবার বিকেল ৩টার দিকে এ ঘটনা ঘটে। এ ব্যাপারে হাজারীবাগ থানায় পরিবারের পক্ষ থেকে গতকালই একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
জানা গেছে, বছিলা ব্রিজের কাছে মোতালেব হোসেনের বাড়ি নির্মাণের কাজ চলছে। গতকাল বিকেলে তিনি নির্মাণ কাজ দেখতে যান। এ সময় তিন-চারজন নির্মাণাধীন ভবনের নিরাপত্তারক্ষীর কাছে মোতালেব সম্পর্কে জানতে চায়। মোতালেব ছাদে আছেন জানার পর তারা সেখানে যায়। বাড়ি ভাড়া নেওয়ার কথা বলে তাকে নিচে নামিয়ে এনে মাইক্রোবাসে তুলে নিয়ে যায় তারা। মোতালেবের গ্রামের বাড়ি ঝালকাঠি। রাজধানীর গ্রিন রোডে সরকারি স্টাফ কোয়ার্টারে তিনি থাকতেন।
হাজারীবাগ থানার ওসি মীর আলিমুজ্জামান গণমাধ্যমকে বলেন, রাতে তিনি ঘটনাস্থল পরিদর্শনে যান। বিষয়টি তদন্ত করা হচ্ছে বলে জানান তিনি। এর আগে গত বৃহস্পতিবার বনানী এলাকা থেকে নাসির উদ্দিন নামে শিক্ষা মন্ত্রণালয়ের এক কর্মচারী নিখোঁজ হন।
এদিকে গতকাল শিক্ষা মন্ত্রণালয়ের আরেকজন প্রশাসনিক কর্মকর্তা আবু আলম খানের বাসায় গিয়ে কয়েক ব্যক্তি খোঁজখবর নিয়ে আসেন বলে শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান।
এর আগে গত বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ে প্রেষণে কর্মরত উচ্চমান সহকারী নাসিরউদ্দিন নিখোঁজ হন। তিনি খিলক্ষেত এলাকার লেকসিটি কনকর্ডে থাকতেন।
এই তিন কর্মকর্তা ও কর্মচারী গত শুক্রবার অনুষ্ঠিত শিক্ষা মন্ত্রণালয়ের বনভোজনে বিভিন্ন দায়িত্বে ছিলেন।
অন্যদিকে রাজধানীর গুলশানে লেকহেড গ্রামার স্কুলের মালিক খালেদ হোসেন মতিন নিখোঁজ হয়েছেন। গতকাল বিকেলে স্কুলের সামনে থেকে একটি মাইক্রোবাসে তাকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ করে গুলশান থানায় জিডি করা হয়েছে। থানার পরিদর্শক (তদন্ত) সালাউদ্দিন মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।
গুলশান-১ নম্বরের ১৩৫ নম্বর সড়কের ছয় নম্বর ভবনে লেকহেড গ্রামার স্কুল। গত বছর স্কুলটির বিরুদ্ধে জঙ্গি কার্যক্রমে পৃষ্ঠপোষকতার অভিযোগ উঠেছিল। গতকাল বিকেল ৪টার দিকে খালেদ হোসেন স্কুল থেকে বের হলে এক ব্যক্তি তাকে সালাম দিয়ে একটু সামনে ডাকেন। এর পরই অপেক্ষমাণ একটি মাইক্রোবাসে তাকে তুলে নিয়ে যাওয়া হয়। মাইক্রোবাসের মধ্যে আরও ৩-৪ জন ছিল বলে জানা গেছে। এ ঘটনায় তার ব্যবসা প্রতিষ্ঠান আরএম গ্রুপের নির্বাহী পরিচালক ইদ্রিস আলী বাদী হয়ে গুলশান থানায় জিডি করেন। গুলশান থানার পরিদর্শক (তদন্ত) সালাউদ্দিন মিয়া গণমাধ্যমকে বলেন, নিখোঁজের বিষয়ে তদন্ত করা হচ্ছে। সিসিটিভির ফুটেজ সংগ্রহ করার চেষ্টা চলছে।
x

Check Also

টানা ৫ ঘণ্টার বেশি গাড়ি চালানো যাবে না, সতর্ক করল বিআরটিএ

এমএনএ প্রতিবেদক একটানা দীর্ঘ সময় গণপরিবহণ চালানোর ফলে চালকদের ক্লান্তি, ঝিমুনি ও ঘুমের প্রবণতা বাড়ছে, ...