Don't Miss
Home / আজকের সংবাদ / নীলক্ষেত মোড় অবরোধ করে ব্যবসায়ীদের বিক্ষোভ

নীলক্ষেত মোড় অবরোধ করে ব্যবসায়ীদের বিক্ষোভ

এমএনএ রিপোর্ট : ঢাকার নিউমার্কেট ভবনকে দোতলা করার সিদ্ধান্তের প্রতিবাদে নীলক্ষেত মোড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে ঢাকা নিউমার্কেট ব্যবসায়ী সমিতি।
আজ সোমবার বেলা ২টা থেকে ব্যবসায়ীরা জড়ো হয়ে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ শুরু করে। শেষ খবর পাওয়া পর্যন্ত বিক্ষোভ চলছে বলে জানা গেছে।
এই বিক্ষোভে নীলক্ষেত মোড়ের সঙ্গে যুক্ত সব সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। ওই এলাকা দিয়ে হেঁটে হেঁটে গন্তব্যে যেতে হচ্ছে সবাইকে। প্রচণ্ড ভিড়ে সবার চিড়েচ্যাপ্টা অবস্থা।
নিউমার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি দেওয়ান আমিনুল ইসলাম শাহীন তাঁদের তিন দাবির কথা জানিয়েছেন। নিউমার্কেট ভবন দোতলা করার সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টের নির্দেশনা আছে জানিয়ে তিনি বলেন, সেটা অমান্য করে মাস্টারপ্ল্যানের বাইরে ছাদে দোকান হচ্ছে। সমিতির পক্ষ থেকে এটি বন্ধের দাবি জানান তিনি।
সেই সঙ্গে ১ নম্বর গেটে বেআইনিভাবে পিলার বসিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি এবং মার্কেটের দক্ষিণ–পশ্চিমে গাড়ি পার্কিংয়ের জায়গায় অবৈধভাবে ময়লার ডাম্পিং স্টেশন নির্মাণের সিদ্ধান্তের প্রতিবাদ জানান তাঁরা। এগুলো বন্ধের দাবিতে দোকান বন্ধ রেখে বিক্ষোভ করছেন ব্যবসায়ীরা।
নিউমার্কেট দোতলা করার সিদ্ধান্ত থেকে সরে না আসা পর্যন্ত সরবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন বিক্ষোভকারীরা। এ ব্যাপারে স্থানীয় সংসদ সদস্য শেখ ফজলে নূর তাপসের হস্তক্ষেপ কামনা করছেন তঁরা।
নিউমার্কেটের ঐতিহ্য কোনোভাবেই নষ্ট করতে দেবে না বলে জানিয়েছে বিক্ষোভকারীরা। দাবি না মেনে নেওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে ঘোষণা দেন তাঁরা।
পরিস্থিতি নজরে রাখছে বলে জানিয়েছে পুলিশ। নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি যাতে না হয়, তাঁরা সেই চেষ্টা চালাচ্ছেন।
সম্প্রতি উচ্চ আদালতের নির্দেশে নিউমার্কেটের একতলা ভবনকে দোতলা করার সিদ্ধান্ত নেয় সিটি কর্পোরেশন। এ সিদ্ধান্তের প্রতিবাদ করে আসছে ব্যবসায়ীরা।
x

Check Also

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ, স্পিকার হচ্ছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

নিজস্ব প্রতিবেদক শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। শুক্রবার (২৪ জুলাই) বিকেল ...