Don't Miss
Home / আজকের সংবাদ / দ্বিতীয় মেয়াদে রাষ্ট্রপতি হতে পারেন আবদুল হামিদ

দ্বিতীয় মেয়াদে রাষ্ট্রপতি হতে পারেন আবদুল হামিদ

এমএনএ রিপোর্ট : দেশের ২১তম রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে আজ বৃহস্পতিবার। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে সভার পর তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে. এম. নুরুল হুদা। এদিকে, দ্বিতীয় মেয়াদে রাষ্ট্রপতি নির্বাচিত হতে যাচ্ছেন মো. আবদুল হামিদই আওয়ামী লীগের দলীয় সূত্রে এমনই আভাস পাওয়া গেছে।
আইনে এক ব্যক্তির সর্বোচ্চ দুই মেয়াদে রাষ্ট্রপ্রধানের দায়িত্বে থাকার সুযোগ রয়েছে। আবদুল হামিদকে আরেক দফায় রাষ্ট্রপতি করার বিষয়ে আওয়ামী লীগের নীতিনির্ধারকরা মোটামুটি একমত। এ ব্যাপারে দলীয় ফোরামে আনুষ্ঠানিক কোনো আলোচনা না হলেও শীর্ষ নেতারা আবদুল হামিদকে আবারও রাষ্ট্রপতি করার বিষয়ে বেশ আন্তরিক। এ ব্যাপারে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাও সবুজ সংকেত দিয়েছেন বলে কয়েকজন নেতা জানিয়েছেন।
আওয়ামী লীগের শীর্ষ নেতাদের দৃষ্টিতে, দেশ ও জাতির ক্রান্তিলগ্নে অত্যন্ত সাহসী ভূমিকা রাখার উজ্জ্বল প্রমাণ রয়েছে রাষ্ট্রপতি আবদুল হামিদের। তিনি শতভাগ বিশ্বস্ত। সততা, দক্ষতা এবং যোগ্যতার মাপকাঠিতেও তিনি অগ্রগণ্য। এসব কারণে তাকে ঘিরে জাতীয়ভাবে এক ধরনের ইতিবাচক মনোভাব তৈরি হয়েছে। এ অবস্থায় তাকে দ্বিতীয় মেয়াদে রাষ্ট্রপতি পদে নির্বাচিত করার জন্য আওয়ামী লীগে সরব আলোচনা রয়েছে।
আওয়ামী লীগের নেতাকর্মীদের মতে, দেশের রাজনীতি এই মুহূর্তে উত্তপ্ত না হলেও আগামী দিনগুলোতে বৈরী পরিস্থিতির আভাস পাওয়া যাচ্ছে। আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন যত ঘনিয়ে আসবে, ততই রাজনৈতিক উত্তেজনার মাত্রা বাড়বে বলেও আশঙ্কা করা হচ্ছে। তাই সরকারকে নতুন রাষ্ট্রপতির ব্যাপারে সতর্ক সিদ্ধান্ত গ্রহণ করতে হবে।
রাষ্ট্রপতি নির্বাচন বিষয়ে সংবিধানের ১২৩ অনুচ্ছেদে বলা হয়েছে, মেয়াদ অবসানের কারণে রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার ক্ষেত্রে মেয়াদ পূরণের আগের ৯০ থেকে ৬০ দিনের মধ্যে নির্বাচন করতে হবে। আইন অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচিত হবেন সংসদ সদস্যদের ভোটে। প্রধান নির্বাচন কমিশনার এতে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করবেন। বর্তমান রাষ্ট্রপতির পাঁচ বছরের মেয়াদ শেষ হচ্ছে ২৩ এপ্রিল। ফলে নতুন রাষ্ট্রপতি নির্বাচন শেষ করতে হবে ২৪ জানুয়ারি থেকে ২৩ ফেব্রুয়ারির মধ্যে।
গতকাল বুধবার বিকেলে সংসদ ভবনে স্পিকারের সঙ্গে সাক্ষাৎ শেষে বেরিয়ে সিইসি কে. এম. নুরুল হুদা সাংবাদিকদের বলেন, আগামী ১৮ থেকে ২০ ফেব্রুয়ারি মধ্যে এই নির্বাচনের ভোট গ্রহণ করা হবে। যদিও এর আগে আইনমন্ত্রী আনিসুল হক গণমাধ্যমকে জানিয়েছিলেন, আগামী ১৯ ফেব্রুয়ারি রাষ্ট্রপতি নির্বাচন হবে বলে তিনি ইসির মাধ্যমে জানতে পেরেছেন।
সংশ্নিষ্টরা জানিয়েছেন, একাধিক প্রার্থী হলে সংসদ কক্ষে ভোটের আয়োজন করা হবে। একজন প্রার্থী হলে ইসি থেকেই গেজেট জারির মাধ্যমে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া শেষ হবে। তাই আজ ইসি ঘোষিত তফসিলে মনোনয়নপত্র জমা দেওয়ার জন্য নির্ধারিত শেষ দিনই জানা যাবে দেশের ২১তম রাষ্ট্রপতি কে হতে যাচ্ছেন। এ পদে আগ্রহী প্রার্থীর সর্বনিম্ন বয়স হতে হবে ৩৫ বছর। মনোনয়নপত্র জমা দেওয়ার সময় প্রস্তাবক ও সমর্থক হতে হবে দু’জন এমপিকে।
স্পিকারের সঙ্গে সিইসির সাক্ষাৎ :আইনানুযায়ী রাষ্ট্রপতি নির্বাচন বিষয়ে আলোচনার জন্য গতকাল বিকেলে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাৎ করেছেন সিইসি কে. এম. নুরুল হুদা। এ সময় ইসি কার্যালয়ের ভারপ্রাপ্ত সচিব হেলালুদ্দীন আহমদসহ ইসির নির্বাচন শাখার কর্মকর্তারা তার সঙ্গে ছিলেন।
সাক্ষাৎ শেষে সংসদের প্রধান ফটকে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সিইসি বলেন, আইন অনুযায়ী তিনি স্পিকারের সঙ্গে সাক্ষাৎ করেছেন। নির্বাচনের জন্য কমিশন সংসদ সচিবালয় এবং সংসদের কী ধরনের সাহায্য-সহযোগিতা পেতে পারে আইনে তা নির্ধারিত আছে।
এ বিষয়ে স্পিকার শিরীন শারমিন চৌধুরী সাংবাদিকদের বলেন, নির্বাচন কমিশনের খসড়া তফসিল নিয়ে সিইসির সঙ্গে তার আলোচনা হয়েছে। কমিশন বৈঠকে তারা তফসিল চূড়ান্ত করবে। এর আগে ইসি থেকে দলীয় পরিচয়সহ সাংসদদের বিভক্তি তালিকা চাওয়া হয়েছিল। সংসদ সচিবালয় থেকে সেটা তাদেরকে আগেই পাঠিয়ে দেওয়া হয়েছে বলে জানান স্পিকার।
x

Check Also

ব্যাংক রেজুলেশন আইন ২০২৬ দুর্নীতি সহায়ক, লুটেরাদের পুনর্বাসন আত্মঘাতী: টিআইবি

অর্থনৈতিক প্রতিবেদক সদ্য পাস হওয়া ব্যাংক রেজুলেশন আইন, ২০২৬ নিয়ে কঠোর সমালোচনা করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনার ...