Don't Miss
Home / আজকের সংবাদ / রায় শুনতে বৃহস্পতিবার আদালতে যাবেন খালেদা

রায় শুনতে বৃহস্পতিবার আদালতে যাবেন খালেদা

এমএনএ রিপোর্ট : জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায় শুনতে আগামীকাল বৃহস্পতিবার আদালতে যাবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এদিন সকাল ১১টার দিকে খালেদা জিয়া বকশীবাজারের আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত বিশেষ আদালতে উপস্থিত হবেন তিনি।
খালেদা জিয়াসহ ছয়জনের বিরুদ্ধে করা জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায় ঘোষণা জন্য ৮ ফেব্রুয়ারি দিন ধার্য রয়েছে।
খালেদা জিয়ার আইনজীবী সানাউল্লাহ মিয়া গণমাধ্যমকে বলেন, জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায় শুনতে আগামীকাল বৃহস্পতিবার সকাল ১১টার দিকে বিশেষ আদালতে উপস্থিত হবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এদিন ঢাকার ৫নং বিশেষ জজ ড. আখতারুজ্জামান এ মামলার রায় ঘোষণা করবেন।
গত ২৫ জানুয়ারি রাজধানীর বকশীবাজারের আলিয়া মাদরাসা মাঠে স্থাপিত ঢাকার ৫নং বিশেষ জজ ড. আখতারুজ্জামান রাষ্ট্র ও আসামিপক্ষের যুক্তি উপস্থাপন শেষে রায় ঘোষণার জন্য ৮ ফেব্রুয়ারি দিন ধার্য করেন।
এ মামলায় সাক্ষ্য দিয়েছেন ৩২ জন। ১২০ কার্যদিবসের বিচারকার্য শেষ হয়েছে ২৩৬ দিনে। আত্মপক্ষ সমর্থনে গেছে ২৮ দিন। যুক্তি উপস্থাপন চলেছে ১৬ দিন। আর আসামি পক্ষ মামলাটির বিভিন্ন বিষয় নিয়ে উচ্চ আদালতে গিয়েছেন ৩৫ বার।
মামলার এজাহার থেকে জানা গেছে, জিয়া অরফানেজ ট্রাস্টের দুই কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৪৩ টাকা আত্মসাতের অভিযোগ এনে খালেদা জিয়া ও তারেক রহমানসহ ছয়জনের বিরুদ্ধে ২০০৮ সালের ৩ জুলাই রমনা থানায় একটি মামলা করে দুদক।
২০১০ সালের ৫ আগস্ট তাদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন দুদকের উপ-পরিচালক হারুন-অর-রশীদ। ২০১৪ সালের ১৯ মার্চ তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন ঢাকার তৃতীয় বিশেষ জজ আদালতের বিচারক বাসুদেব রায়।
খালেদা জিয়া ছাড়া মামলার বাকি আসামিরা হলেন- বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান, মাগুরার সাবেক এমপি কাজী সালিমুল হক কামাল, ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদ, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক সচিব কামাল উদ্দিন সিদ্দিকী এবং বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ভাগ্নে মমিনুর রহমান।
x

Check Also

ফারাক্কার ৫০ বছর: পানি, প্রকৃতি ও সার্বভৌমত্বের প্রশ্নে নতুন করে আলোচনায় লংমার্চের চেতনা

এমএনএ প্রতিবেদক ফারাক্কা লংমার্চের সুবর্ণজয়ন্তী উপলক্ষে আয়োজিত এক ওয়েবিনারে বক্তারা বলেছেন, অর্ধশতক পেরিয়েও ফারাক্কা ইস্যু ...