Don't Miss
Home / আজকের সংবাদ / খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিএনপির গণস্বাক্ষর কর্মসূচি

খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিএনপির গণস্বাক্ষর কর্মসূচি

এমএনএ রিপোর্ট : দুর্নীতি মামলায় সাজাপ্রাপ্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি দাবিতে বিএনপির গণস্বাক্ষর কর্মসূচি শুরু হয়েছে।
আজ শনিবার সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এই কর্মসূচির উদ্বোধন করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল আলমগীর বলেছেন, এই গণস্বাক্ষর অভিযান চলতে থাকবে, যতদিন না খালেদা জিয়া কারাগার থেকে বেরিয়ে আসছেন। আপনারা আগামীদিনের শান্তিপূর্ণ কর্মসূচি বাস্তবায়নে রাজপথে নেমে আসবেন।
মির্জা ফখরুল বলেন, এই সরকার সম্পূর্ণভবে জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে। জনগণের কোনো সমর্থন তাদের প্রতি নেই। জনগণের সমর্থন নেই বলে আজকে তারা তাদের সেই পুরনো যে কৌশল একদলীয় শাসন প্রতিষ্ঠা করতে দেশনেত্রী খলেদা জিয়াকে কারারুদ্ধ করেছে।
কর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘কেন্দ্র ঘোষিত প্রতিটি কর্মসূচি সফল করবেন। কারও উসকানিতে কান দেবেন না। শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে জনগণের বিপ্লব আনতে সব শান্তিপূর্ণ কর্মসূচি সফল করবেন।’
এ সময় দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমদ, মির্জা আব্বাস, ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, কেন্দ্রীয় নেতা আব্দুল আউয়াল মিন্টু, জয়নুল আবদীন ফারুক, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, শহীদ উদ্দীন চৌধুরী এ্যানী, মীর নেওয়াজ আলী নেওয়াজ, অ্যাডভোকেট আবদুস সালাম আজাদ, রফিক সিকদার , মর্তুজা চৌধুরী তুলা, মুক্তিযাদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত, মহিলা দলের আফরোজা আব্বাস, সুলতানা আহম্মেদ, হেলেন জেরিন খান, শাম্মী আখতার, মাদারীপুরের শিবচর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ইয়াজ্জেম হোসেন রোমান, আ ক ম মোজাম্মেল হক, সরদার মো: নূরুজ্জামান, কাজী মোক্তার, মিনহাজুল ইসলাম ভুইয়া, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষকদল, শ্রমিক দলসহ ঢাকা মহানগর বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় পাঁচ বছরের কারাদণ্ড পাওয়া খালেদা জিয়া কারাগারে যাওয়ার পর এটি বিএনপির সর্বশেষ কর্মসূচি। এর আগে ৯ ফেব্রুয়ারি ঢাকাসহ দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি, ১০ ফেব্রুয়ারি থানা, উপজেলা, জেলা মহানগরে প্রতিবাদ সমাবেশ, ১২ ফেব্রুয়ারি মানববন্ধন, ১৩ ফেব্রুয়ারি অবস্থান কর্মসূচি ও ১৪ ফেব্রুয়ারি অনশন কর্মসূচি পালন করে বিএনপি।
খালেদা জিয়ার মুক্তি দাবিতে বিএনপির এই পাঁচদিনের কর্মসূচি পালন ছাড়াও বিদেশি কূটনৈতিক, ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি, পেশাজীবী, আইনজীবী ২০ দলীয় জোটসহ দলের সহযোগী সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠক করেন দলের জ্যৈষ্ঠ নেতারা।
x

Check Also

ব্যাংক রেজুলেশন আইন ২০২৬ দুর্নীতি সহায়ক, লুটেরাদের পুনর্বাসন আত্মঘাতী: টিআইবি

অর্থনৈতিক প্রতিবেদক সদ্য পাস হওয়া ব্যাংক রেজুলেশন আইন, ২০২৬ নিয়ে কঠোর সমালোচনা করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনার ...