মেক্সিকোয় সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ১৪
Posted by: News Desk
February 18, 2018
এমএনএ ইন্টারন্যাশনাল ডেস্ক : মেক্সিকোর দক্ষিণাঞ্চলে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনের সময় দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী ও ওয়াহাকা রাজ্যের গভর্নরকে বহনকারী একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ১৪ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে তিনটি শিশু রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
তবে স্বরাষ্ট্রমন্ত্রী আলফনসো নাভারেতে ও তার সঙ্গে থাকা ওয়াক্সাকা প্রদেশের গভর্নর আলেহান্দ্রো মুরাত অক্ষত অবস্থায় বেঁচে গেছেন।
এ দুর্ঘটনায় তিনি ও গভর্নর মুরাত গুরুতর কোনো আঘাত পাননি বলে টেলিভিশন নেটওয়ার্ক তেলেভিসাকে জানিয়েছেন মন্ত্রী নাভারেতে।
দেশটির কর্মকর্তাদের বরাত দিয়ে আজ রবিবার বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
হেলিকপ্টারটি সান্তিয়াগো জামিউতেপ্যাকির খোলা মাঠে ল্যান্ড করার সময় দুটি ভ্যানের ওপর পড়ে বিধ্বস্ত হয় বলে জানিয়েছেন কর্মকর্তারা।
হেলিকপ্টারে থাকা ঊর্ধ্বতন কর্মকর্তারা রক্ষা পেলেও নিচে থাকা ১৩ জন ঘটনাস্থলেই নিহত হন, অপর একজন হাসপাতালে নেওয়ার পর মারা যান বলে এক বিবৃতিতে জানিয়েছে ওয়াহাকার অ্যাটর্নি জেনারেলের দপ্তর। এ ঘটনায় আরো ১৫ জন আহত হয়েছেন।
এতে বলা হয়, স্থানীয় সময় গত শুক্রবার সন্ধ্যায় ওই অঞ্চলে ৭.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে ওয়াহাকা রাজ্য ও মেক্সিকোর রাজধানী মেক্সিকো সিটি কেঁপে ওঠে। তবে এতে কেউ হতাহত হয়নি। পরে প্রাদেশিক গভর্নরকে নিয়ে হেলিকপ্টারে ভূমিকম্পের ঘটনাস্থল পরিদর্শনে যান স্বরাষ্ট্রমন্ত্রী। সেখানে অবতরণের সময় তাদের হেলিকপ্টারটি একটি ভ্যানের ওপর আছড়ে পড়ে। এতে ভ্যানটি দুমড়ে মুচড়ে যায়।
ওয়াক্সাকার প্রসিকিউটরের অফিস থেকে বলা হয়েছে, ঘটনাস্থলেই পাঁচ নারী, পাঁচ পুরুষ ও তিন শিশু নিহত হয়। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেয়ার পর অপর একজন মারা যায়। তবে দুর্ঘটনায় অক্ষত অবস্থায় বেঁচে যান স্বরাষ্ট্রমন্ত্রী ও প্রাদেশিক গভর্নর।
দুর্ঘটনার পর এক টুইটে মেক্সিকোর প্রেসিডেন্ট এনরিক পেনা নিয়েতো বলেনে, ‘দুর্ভাগ্যজনকভাবে, মাটিতে থাকা বেশ কয়েকজন তাদের প্রাণ হারিয়েছেন এবং কয়েকজন আহত হয়েছে।’
এ ভূমিকম্পে কেউ হতাহত না হলেও বহু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বিদ্যুৎ ব্যবস্থা বিপর্যস্ত হওয়ায় লাখ লাখ মানুষ বিদ্যুৎবিহীন হয়ে পড়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
মেক্সিকোয় নিহত ১৪ হেলিকপ্টার বিধ্বস্ত সামরিক 2018-02-18