Don't Miss
Home / আজকের সংবাদ / খালেদা জিয়ার মুক্তির দাবিতে ফের দুই দিনের কর্মসূচি

খালেদা জিয়ার মুক্তির দাবিতে ফের দুই দিনের কর্মসূচি

এমএনএ রিপোর্ট : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে পূর্ব-ঘোষিত দু’দিনের কর্মসূচির অংশ হিসেবে আগামীকাল মঙ্গলবার ঢাকাসহ সারা দেশে মানববন্ধন আর আগামী বৃহস্পতিবার সারা দেশে অবস্থান কর্মসূচি পালন করবে বিএনপি।
ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে আগামী বৃহস্পতিবার বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত এ কর্মসূচি পালন করা হবে বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
আজ সোমবার বেলা সাড়ে ১১টায় বিএনপির নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ কর্মসূচি ঘোষণা করেন।
রুহুল কবির রিজভী বলেন, ‘একই দাবিতে আগামী বৃহস্পতিবার সারাদেশে বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত অবস্থান কর্মসূচি পালন করা হবে। একই সময়ে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই কর্মসূচি পালন হবে। বিএনপি এবং এর সহযোগী অঙ্গসংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীকে যথাসময়ে কর্মসূচিগুলো সফল করার জন্য অনুরোধ করছি।’
রিজভী বলেন, ঢাকায় কোথায় এসব কর্মসূচি পালন করা হবে, তা পরে জানিয়ে দেয়া হবে। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার রায়ে গত ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠান ঢাকার একটি আদালত।
এর প্রতিবাদে এবং খালেদা জিয়ার মুক্তি দাবিতে এর আগে চার দফায় বিক্ষোভ সমাবেশ, মানববন্ধন, অবস্থান, গণঅনশন, গণস্বাক্ষর অভিযান, স্মারকলিপি পেশ, কালো পতাকা প্রদর্শনসহ বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে।
রিজভী অভিযোগ করেন, বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালকে কাশিমপুরের হাই সিকিউরিটি কারাগারের ‘সংকীর্ণ একটি নির্জন কক্ষে’ বন্দি রাখা হয়েছে, যার ছাদ ‘মেঝে থেকে মাত্র তিন ফুট উঁচুতে’। আলালের কক্ষের নিচতলায় ফাঁসির আসামিরা থাকে। তিনি দোতলায় যেখানে আছেন সেটাও ফাঁসির আসামিদের জন্য। পুরো দোতলায় তিনি ছাড়া আর কেউ নেই। ভয় দেখাতে এবং মানসিক নির্যাতনের জন্য তার সঙ্গে এ কাজটি করা হচ্ছে।
খালেদা জিয়ার মুক্তি দাবিতে সমাবেশ করতে না দেয়ার প্রতিবাদে গত ২৪ ফেব্রুয়ারি কালো পতাকা প্রদর্শন কর্মসূচির সময় বিএনপির কেন্দ্রীয় নেতা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালকে গ্রেপ্তার করে পুলিশ।
রিজভী বলেন, শেখ হাসিনার আমলে বিরোধী রাজনীতিবিদরা এভাবে নিষ্ঠুর আচরণের শিকার হচ্ছেন কারাগারের বাইরে, ভেতরে সর্বত্র। অথচ ওই কারাগারে ব্যাংকের টাকা লুটপাটকারী জিএম-এজিএমদের জামাই আদরে রাখা হয়েছে।
বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, তথ্যবিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, সহগণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন ও ছাত্রদল সভাপতি রাজীব আহসানকে বারবার রিমান্ডে নিয়ে ‘মানসিকভাবে’ নির্যাতন করা হচ্ছে বলে অভিযোগ করেন রিজভী।
অবিলম্বে তাদের সবার মুক্তির দাবি জানানো হয় বিএনপির সংবাদ সম্মেলন থেকে।
বিএনপির ভাইস চেয়ারম্যান এজেডএম জাহিদ হোসেন, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, কেন্দ্রীয় নেতা এম এ মালেক, আবদুস সালাম আজাদ, মুনির হোসেন, আবুল হোসেন ও আমিনুল ইসলাম বেলাল আহমেদ প্রমুখ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।
x

Check Also

ইসলামাবাদে ব্যর্থ আলোচনা সত্ত্বেও যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতার আশা পেজেশকিয়ানের

আন্তর্জাতিক ডেস্ক ইসলামাবাদে অনুষ্ঠিত সাম্প্রতিক আলোচনা ব্যর্থ হলেও যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা চুক্তির সম্ভাবনা এখনো উন্মুক্ত ...