নাশকতার ৫ মামলায় খোকনের আগাম জামিন
Posted by: News Desk
March 5, 2018
এমএনএ রিপোর্ট : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাজার রায়কে কেন্দ্র করে রাজধানীর বিভিন্ন থানায় নাশকতার অভিযোগে দায়ের করা পাঁচ মামলায় দলটির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকনকে ছয় সপ্তাহের আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট।
আজ সোমবার এক পৃথক পাঁচটি আবেদনের শুনানি নিয়ে বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী খন্দকার মাহবুব হোসেন। সঙ্গে ছিলেন আইনজীবী এম. মাসুদ রানা।
পরে মাসুদ রানা সাংবাদিকদের জানান, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জিয়া অরফানেজ ট্রাষ্ট মামলার রায়কে কেন্দ্র করে গত ৮, ১০ ও ২৪ ফেব্রুয়ারি রাজধানীর পল্টন ও মতিঝিল থানায় নাশকতার অভিযোগ এনে খায়রুল কবির খোকনের বিরুদ্ধে পাঁচটি মামলা দায়ের করে পুলিশ। এসব মামলায় পুলিশের কর্তব্য কাজে বাধা এবং বিনা অনুমতিতে বিক্ষোভ মিছিল করার অভিযোগও আনা হয়।
ওই পাঁচ মামলায় হাইকোর্টে হাজির হয়ে খায়রুল কবির আগাম জামিন প্রার্থনা করেন। পরে আদালত তার আবেদন মঞ্জুর করেন বলেও জানান আইনজীবী মাসুদ রানা।
৫ মামলায় খোকনের জামিন আগাম নাশকতার 2018-03-05