Don't Miss
Home / আজকের সংবাদ / স্বাধীনতা দিবসে যেসব সড়ক বন্ধ থাকবে

স্বাধীনতা দিবসে যেসব সড়ক বন্ধ থাকবে

এমএনএ রিপোর্ট : মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আগামীকাল ২৬ মার্চ জাতীয় স্মৃতিসৌধে পুষ্পাঞ্জলি অর্পণ, ও জাতীয় দিবসে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শিশু-কিশোর সমাবেশ ও বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীসহ বিশিষ্টজনদের সাক্ষাৎ উপলক্ষে রাজধানীর বেশ কয়েকটি সড়ক বন্ধ থাকবে।
জাতীয় স্মৃতিসৌধে পুষ্পাঞ্জলি অর্পণে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী পরিষদের সদস্যসহ অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিরদের স্মৃতিসৌধে যাতায়াত, সমাবেশে অংশগ্রহণকারী ও বঙ্গভবনে আসা অতিথিদের চলাচল স্বাভাবিক রাখার জন্য এ নির্দেশনা দেওয়া হয়েছে। গতকাল শনিবার ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া স্বাক্ষরিত এক নির্দেশনায় বলা হয়, মহান স্বাধীনতা দিবসের দিন সকালে সাভার জাতীয় স্মৃতিসৌধে পুষ্পাঞ্জলি অর্পণ উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী পরিষদের সদস্যসহ অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিরা স্মৃতিসৌধে যাতায়াত করবেন। তাদের সুষ্ঠু যাতায়াত নিশ্চিতে ভোর ৪টা থেকে সকাল ৮টা পর্যন্ত ঢাকা থেকে সাভার পর্যন্ত যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে।
অনুষ্ঠান শেষ না হওয়া পর্যন্ত এ নির্দেশনা মেনে চলার জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করা হয়েছে। একই সঙ্গে বাস, মিনিবাস, ট্রাক, লরিসহ বড় গাড়িগুলোকে বিকল্প সড়কে চলাচল করতে অনুরোধ করা হয়েছে।
গাবতলী আমিন বাজার ব্রিজ সাভার-নবীনগর রোড পরিহার করে বিকল্প রাস্তা হিসেবে ঢাকা এয়ারপোর্ট রোড-আব্দুল্লাহপুর ক্রসিং-আশুলিয়া সড়ক হয়ে চলাচল করবে।
আরিচা/পাটুরিয়া থেকে সাভার-আমিন বাজার হয়ে ঢাকাগামী যানবাহন নবীনগর বাজার থেকে বাইপাইল-আশুলিয়া হয়ে ঢাকায় প্রবেশ করবে।
টাঙ্গাইল থেকে আশুলিয়া হয়ে ঢাকাগামী যানবাহন কালিয়াকৈর-গাজীপুর চৌরাস্তা-টঙ্গী হয়ে ঢাকায় প্রবেশ করবে।
এদিন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিশু-কিশোররা বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শিশু-কিশোর সমাবেশে অংশগ্রহণ করবে। আগত শিশু-কিশোর ও আমন্ত্রিত অতিথিদের চলাচল ও যানজট পরিহারের লক্ষ্যে স্টেডিয়ামের আশেপাশের এলাকায় সকাল ৬টা থেকে অনুষ্ঠান শেষ না হওয়া পর্যন্ত যান চলাচল নিয়ন্ত্রণের কথা জানানো হয়েছে নির্দেশনায়।
জিরো পয়েন্ট থেকে গুলিস্তান আন্ডারপাস-রাজউক ক্রসিং পর্যন্ত সব ধরনের বাণিজ্যিক যানবাহন চলাচল বন্ধ থাকবে। শুধু ফ্লাইওভার ব্যবহারকারী যানবাহনগুলো প্রবেশ করতে পারবে। সার্জেন্ট আহাদ পুলিশ বক্স থেকে ইত্তেফাক মোড় (টিকাটুলি) পর্যন্ত সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকবে।
আলিকো গ্যাপ থেকে দিলকুশা বাণিজ্যিক এলাকা ও রাজউক ক্রসিং পর্যন্ত সব ধরনের গাড়ি প্রবেশ নিষিদ্ধ থাকবে। পার্ক রোডের উত্তর মাথা থেকে ইত্তেফাক (টিকাটুলি) অভিমুখী কোনও যানবাহন চলাচল করবে না।
দৈনিক বাংলা থেকে রাজউক অভিমুখী ও ২৪ তলা থেকে রাজউক অভিমুখী কোনও বাণিজ্যিক গাড়ি চলাচল করবে না।
শাপলা চত্বর থেকে রাজউক-গুলিস্তানগামী সব বাস দৈনিক বাংলা, ইউবিএল ক্রসিং, প্রেসক্লাব হয়ে চলাচল (আসা-যাওয়া) করবে কিংবা অন্য কোনও সুবিধাজনক বিকল্প রাস্তা ব্যবহার করবে।
x

Check Also

ইসলামাবাদে ব্যর্থ আলোচনা সত্ত্বেও যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতার আশা পেজেশকিয়ানের

আন্তর্জাতিক ডেস্ক ইসলামাবাদে অনুষ্ঠিত সাম্প্রতিক আলোচনা ব্যর্থ হলেও যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা চুক্তির সম্ভাবনা এখনো উন্মুক্ত ...