Don't Miss
Home / আজকের সংবাদ / দুদুকের রিভিউ পিটিশন দাখিল বেআইনি : রিজভী

দুদুকের রিভিউ পিটিশন দাখিল বেআইনি : রিজভী

এমএনএ রিপোর্ট : দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাজা বৃদ্ধির জন্য দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা রিভিউ পিটিশন দাখিল সম্পূর্ণরুপে বেআইনি বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানী নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
রিজভী বলেন, এটি দুদকের আইনে নেই। উচ্চ আদালতের বিচারপতিদ্বয় বলেছেন-বিষয়টি আইনে আছে কি না সেটির ব্যাখা প্রয়োজন।
তিনি বলেন, আমি বলতে চাই, যেহেতু উচ্চ আদালতের বিচারকদ্বয় এ বিষয়ে সংশয় প্রকাশ করেছেন তাহলে এটি অত্যন্ত সুষ্পষ্ট যে, দুদক রিভিউ পিটিশনটি স্বপ্রণোদিত হয়ে করেনি। বরং সরকারের নির্দেশেই দুদক এটি করেছে। উদ্দেশ্য হচ্ছে- বেগম জিয়াকে অত্যুগ্র মাত্রায় হয়রানি করা। দুদক কর্তৃক এই রিভিউ পিটিশন দাখিল সম্পূর্ণরুপে হীন রাজনৈতিক উদ্দেশ্যমূলক।
নির্বাচনকালীন সরকার হবে বর্তমান সংসদে প্রতিনিধিত্বশীল সদস্যদের নিয়ে- আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এ বক্তব্যে উল্লেখ করে রিজভী বলেন, আপনি ঠিকই বলেছেন- কারণ এজন্যই আপনি কয়েকদিন আগে বলেছিলেন যে, সামনে নির্বাচনে আমাদের বিজয় নিশ্চিত এটি শুধু আনুষ্ঠানিকতা মাত্র।
তিনি বলেন, সুতরাং একতরফা নির্বাচন করতে আপনারা যে সবকিছু ঠিকঠাক করে রেখেছেন এটি কারো জানতে বাকি নেই। বর্তমান সংসদে তো জনগণের কোন প্রতিনিধি নেই। এরা গণতন্ত্রকে ‘দূরের তারা’ বানিয়েছেন।
এক প্রশ্নে রুহুল কবির রিজভী বলেন, আমরা সহায়ক সরকারের রুপরেখা নিশ্চিয় দেবো। কিন্তু আমাদের এখন দাবি, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি, শেখ হাসিনার পদত্যাগ এবং সংসদ ভেঙ্গে দিয়ে একটি দল নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচন।
সংবাদ সম্মেলনে বিএনপির ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদ, নিতাই রায় চৌধুরী, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, নির্বাহী সদস্য আমিনুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
x

Check Also

ব্যাংক রেজুলেশন আইন ২০২৬ দুর্নীতি সহায়ক, লুটেরাদের পুনর্বাসন আত্মঘাতী: টিআইবি

অর্থনৈতিক প্রতিবেদক সদ্য পাস হওয়া ব্যাংক রেজুলেশন আইন, ২০২৬ নিয়ে কঠোর সমালোচনা করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনার ...