সংবিধান অনুযায়ী কোটা বাদ দেয়া যাবে না : এরশাদ
Posted by: News Desk
April 14, 2018
এমএনএ জেলা প্রতিনিধি : জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, চাকরি ক্ষেত্রে সংবিধান অনুযায়ী কোটা বাদ দেয়া যাবে না। চাকরি ক্ষেত্রে মুক্তিযোদ্ধাদের কোটা যৌক্তিক। প্রধানমন্ত্রী কোটা সংস্কার করে যৌক্তিক কোটা পদ্ধতি চালু করবেন।
আজ শনিবার রংপুর সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। রংপুর জেলা জাতীয় পার্টির সম্মেলনে যোগ দিতে তিনদিনের সফরে আজ শনিবারই রংপুরে পৌঁছান এরশাদ।
তিনি বলেন, আমরা বিরোধিদলে ছিলাম। কিন্তু কিছু পাইনি। আমাদেরও তো কিছু পাওয়ার আশা আছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে দেখা করে আমি বলেছি, আমাদের অংশীদার করে নেন। ১০ থেকে ১৫টা মন্ত্রী দেন, ৬০-৭০ জন এমপি দেন। আমরা এতোদিন বাইরে ছিলাম। এখন আপনাদের সাথে থাকতে চাই। তা না হলে আমরা আলাদা নির্বাচন করব। আওয়ামী লীগ আমাদের দাবি পূরণ না করলে জাতীয় পার্টি ৩০০ আসনে প্রার্থী দিয়ে আগামী নির্বাচনে বিজয়ী হয়ে ক্ষমতায় যাবে।
অনেক কিছুই ঘটতে পারে— এমন মন্তব্য করে জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, আমরা নির্বাচন করবো। ৩০০ আসনে প্রার্থী দেব। বিএনপির অবস্থা খারাপ। বিএনপি নির্বাচনে আসবে কি-না জানি না। তারা নির্বাচনে এলেও আমাদের কিছু যায় আসে না। আমরা নির্বাচন করবো।
বর্তমান দশম সংসদে জাতীয় পার্টির ৩৪টি আসন আছে। সংসদের বিরোধী দল জাতীয় পার্টি। আবার জাপা থেকে তিনজন মন্ত্রী সরকারে আছেন। এরশাদ মাঝেমাঝেই আগামী একাদশ সংসদ নির্বাচনে ৩০০ আসনে প্রার্থী দেওয়ার কথা জানান।
সাবেক এই রাষ্ট্রপতি বলেন, আমি যখন জেলে ছিলাম সে সময় রংপুরের পাঁচটি আসনে জয়লাভ করেছি। এক সময় রংপুর বিভাগের ২২টি আসনের ২১টিই পেয়েছিলাম। আগামী নির্বাচনেও আমরা আমাদের হারানো আসনগুলো ফিরে পাবো বলে আশা করছি। রংপুরে জাপার দুর্গ শক্তিশালী হলে সারাদেশে এর প্রভাব পড়বে।
জাপা চেয়ারম্যান এরশাদ বলেন, যদিও আমি নির্দোষ ছিলাম, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সরকার আমাকে পাঁচ বছর জামিন না দিয়ে কারাগারে রেখেছিলেন। এখন তিনি (খালেদা) জেলখানায় রয়েছেন।
এ সময় রংপুর সিটি করপোরেশনের মেয়র মো. মোস্তাফিজুর রহমান, স্থানীয় সরকার ও সমবায় প্রতিমন্ত্রী মসিউর রহমান রাঙ্গা, পার্টির মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার, জেলা প্রশাসক এনামুল হাবীব প্রমুখ উপস্থিত ছিলেন।
আগামীকাল রবিবার রংপুর টাউন হলে জেলা জাতীয় পার্টির সম্মেলন হবে। এই সম্মেলনে যোগ দিতেই রংপুর সফর করছেন জাপা চেয়ারম্যান।
যাবে না বাদ দেয়া অনুযায়ী কোটা সংবিধান এরশাদ 2018-04-14