Don't Miss
Home / আজকের সংবাদ / ঝড়ের কবলে জেট এয়ারওয়েজের দুটি ফ্লাইট

ঝড়ের কবলে জেট এয়ারওয়েজের দুটি ফ্লাইট

এমএনএ রিপোর্ট : ভারতের কলকাতা ও মুম্বাই থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা জেট এয়ারওয়েজের দুটি ফ্লাইট ঝড়ের কবলে পড়ে। ফলে নির্দিষ্ট সময়ের অনেক পরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট দুটি অবতরণ করে।
দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে আকাশে অতিরিক্ত সময় উড়তে থাকলে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এ বিষয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট ইনকোয়ারি বিভাগে কর্মরত জয়নাল আবেদিন জানান, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে কলকাতা থেকে জেট এয়ারওয়েজের ৯ডব্লিউ-২৭৪ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৯টা ৫ মিনিটের পরিবর্তে ৯টা ৩৪ মিনিটে অবতরণ করে।
এছাড়া জেট এয়ারওয়েজের মুম্বাই থেকে আসা অপর ফ্লাইট ৯ডব্লিউ-২৭৬ ১১টা ১৫ মিনিটের পরিবর্তে ১২টা ১৮ মিনিটে অবতরণ করে।
জেট এয়ারওয়েজের কলকাতা থেকে আসা যাত্রী আশরাফুল ইসলাম রানা নামের এক যাত্রী তার ফেসবুক স্ট্যাটাসে লিখেন, আজ রবিবার সকাল ৭টা ২০ মিনিটে কলকাতা থেকে রওনা দেয়া জেট এয়ার ৩০ মিনিটে ঢাকা পৌঁছানোর কথা থাকলেও পারেনি। বিমানটি ঝড়ের কবলে পড়ে ব্যাপক ধাক্কা এবং দোলুনিতে ঢাকা থেকে ১২০ কিলোমিটার দূরে অবস্থান নেয়।’
তিনি আরও লিখেন, ‘দীর্ঘ ২ ঘণ্টা ১০ মিনিট ঝড়ের কারণে আকাশে অবস্থান নেয়ায় জ্বালানি সঙ্কটে পড়ে বিমানটি। যাত্রীদের হাহাকার এবং উৎকণ্ঠার ভেতর দিয়ে অবশেষে ঝড়ের ভেতরই ইমার্জেন্সি ঢাকাতে অবতরণ করতে হয়েছে। জেট এয়ারওয়েজর পাইলটের দক্ষতায় সকাল ১০টায় শত ঝাঁকুনি আর ঝড়ের ভেতরেও অবশেষে সর্তক অবতরণ করে। এতে বেঁচে গেল শতাধিক যাত্রী। তবে জ্বালানি সঙ্কটে না পড়লে ঝড় থামা পর্যন্ত অপেক্ষা করতে পারতো প্লেইনটি, জানিয়েছে জেট কর্তৃপক্ষ।’
এদিকে মডেল ও অভিনেতা অর্ণব মারগুলিস অন্তু রবিবার সকালে জেট এয়ারওয়েজের একটি ফ্লাইটে কলকাতা থেকে ঢাকায় ফিরছিলেন। ঢাকার আকাশসীমায় প্রবেশের সাথে সাথে সেই বিমানটি ঝড়ের কবলে পড়ে। নির্ঘাত মৃত্যুর মুখ থেকে ফেরেন অন্তু- অন্তত তাঁর বর্ণনায় এমনটাই জানা গেল। পুরো বিষয়টি জানিয়েছেন তাঁর নিজের ফেসবুক হ্যান্ডেলে।
অন্তু শুরুতেই লিখেছেন, অদ্ভুত মৃত্যুপুরী থেকে ফিরে আসলাম। সকাল ৭.২০, কলকাতা থেকে জেট এয়ার রওনা করে, ৩০মিনিটে ঢাকা পৌঁছানোর কথা।
কলকাতা থেকে ফিরছেন উল্লেখ করে বলেন, কলকাতা সময় সকাল ৮ টায় ঢাকার আকাশের কালো মেঘের সাথে ব্যাপক ধাক্কা খেতে লাগলো প্লেনটি! আশপাশ থেকে মানুষের দোয়া দরুদ, আল্লাহ, আল্লাহ, চিৎকার আমাকে ক্রমশ কাবু করে ফেলে! শরীর নিস্তেজ হয়ে আসে।
মুর্ছাও গিয়েছিলেন জানিয়ে অন্তু বলেন, এর পর যখন সেন্স আসে, তখন দেখি মানুষ আমারসহ অনেকের মুখে পানি দিচ্ছে,আর শুনছি আমরা ঢাকা থেকে ১২০কি:মি দূরে অপেক্ষা করছি, ঝড় থামার।
অন্তু ফেসবুকে লিখেছেন, ৩০মিনিটের জার্নি ২ঘণ্টা ১০মিনিটে পৌছালো। তখনো আমরা আকাশে। সকাল ৯টা ৫০ মিনিটে ঘোষণা আসে, উই হ্যাভ টু ল্যান্ড ইমার্জেন্সি। সম্ভবত জ্বালানি শেষের পথে তাই হয়তোবা। সকাল ১০টায় ভয়ানক মেঘের মধ্যে দিয়ে ঢুকে হাজারো ঝাঁকুনি সহ্য করে আমাদের সেইফলি ল্যান্ড করান পাইলট।
শেষ মুহূর্তের অভিজ্ঞতা জানিয়ে অন্তু বলেন, সবাই জাস্ট কিছুক্ষণ চুপ থাকার পর, করতালি দিল পাইলটকে উদ্দেশ্য করে। এ যেন এক ফিরে আসার গল্প। ধন্যবাদ, জেট এয়ারওয়েজ,ধন্যবাদ পাইলট, তোমাদের দক্ষতায় আমরা নিরাপদে বাড়ি ফিরেছি।
বিমানবন্দর ফ্লাইট সূত্রে জানা গেছে, শুধু এ ফ্লাইট দুটি নয়, আজ রবিবার সকালে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভোর সোয়া ৬টা সকাল সোয়া ৮টা পর্যন্ত (২ ঘণ্টা) ফ্লাইট ওঠানামা বন্ধ ছিল। ফলে আন্তর্জাতিক রুটের বিভিন্ন গন্তব্য থেকে ছেড়ে আসা বেশ কয়েকটি এয়ারলাইন্সের ফ্লাইটও দেরিতে অবতরণ করে।
x

Check Also

মন্ত্রীদের বিদেশ সফর ও অভ্যন্তরীণ চলাচলে নতুন প্রটোকল জারি

এমএনএ প্রতিবেদক মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের রাষ্ট্রীয় বা সরকারি কাজে বিদেশ গমন, দেশে প্রত্যাবর্তন এবং ...