জাতীয় অধ্যাপক হলেন তিন বরেণ্য শিক্ষাবিদ
Posted by: News Desk
June 20, 2018
এমএনএ রিপোর্ট : দেশের তিন বরেণ্য শিক্ষাবিদকে জাতীয় অধ্যাপক হিসেবে নিয়োগ করা হয়েছে। গতকাল মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের এক প্রজ্ঞাপনে বিষয়টি জানানো হয়েছে।
নতুন নিয়োগপ্রাপ্ত জাতীয় অধ্যাপকরা হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক ড. আনিসুজ্জামান, ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের ইমেরিটাস অধ্যাপক ও উপদেষ্টা ড. রফিকুল ইসলাম এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রাক্তন অধ্যাপক ও ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের (ইউএপি) উপাচার্য ড. জামিলুর রেজা চৌধুরী ।
প্রজ্ঞাপনে বলা হয়, ‘নিয়োগ পাওয়া জাতীয় অধ্যাপকরা ১৯৮১ সালের সিদ্ধান্ত বিধিমালা অনুযায়ী নিযুক্ত পদের বিপরীতে দায়িত্ব পালন করবেন এবং সম্মানী ও অন্যান্য সুবিধা ভোগ করবেন।’
সরকার এই তিন বরেণ্য ব্যক্তিত্বকে পাঁচ বছরের জন্য জাতীয় অধ্যাপক হিসেবে নিয়োগ দিয়েছে। যাদের মেয়াদ শেষ হবে ২০২৩ সালের ১৮ জুন।
সরকার শিক্ষা, জ্ঞান-বিজ্ঞান ও গবেষণার জন্য দেশের বিশিষ্ট পণ্ডিত, চিন্তাবিদ ও শিক্ষকদের জাতীয় অধ্যাপক করে থাকে। জাতীয় অধ্যাপকেরা তাদের ইচ্ছানুযায়ী কোনো গবেষণা সংস্থা বা শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট থেকে নিজের পছন্দমতো ক্ষেত্রে গবেষণামূলক কাজ করতে পারবেন। তবে যে ক্ষেত্রে কাজ করবেন, তা শিক্ষা মন্ত্রণালয় ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনকে (ইউজিসি) অবহিত করতে হবে।
সর্বশেষ ২০১১ সালের জুন মাসে পাঁচজন শিক্ষাবিদকে জাতীয় অধ্যাপক হিসেবে নিয়োগ দেয়া হয়। তাদের মেয়াদ শেষ হয়েছে ২০১৬ সালের জুনে।
জাতীয় অধ্যাপক পদটি বিশেষ রাষ্ট্রীয় সম্মাননা। বাংলাদেশের শিক্ষা, জ্ঞান-বিজ্ঞান ও গবেষণায় বিশেষ অবদান রাখা শিক্ষকদের মধ্য থেকে রাষ্ট্রীয় সম্মাননা হিসেবে রাষ্ট্রপতি এই নিয়োগ দিয়ে থাকেন। ১৯৭৫ সাল থেকে এই সম্মাননা দেয়া হচ্ছে।
বরেণ্য শিক্ষাবিদ জাতীয় হলেন অধ্যাপক তিন 2018-06-20