Don't Miss
Home / আজকের সংবাদ / পোল্যান্ডকে কাঁদিয়ে সেনেগালের দুর্দান্ত জয়

পোল্যান্ডকে কাঁদিয়ে সেনেগালের দুর্দান্ত জয়

এমএনএ স্পোর্টস ডেস্ক : রাশিয়া বিশ্বকাপের প্রথম রাউন্ডে ‘এইচ’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে পোল্যান্ডকে কাঁদিয়ে দুর্দান্ত এক জয় পেয়েছে সেনেগাল। আর জাপান হারিয়েছে কলম্বিয়াকে।
আজ মঙ্গলবার ‘এইচ’ গ্রুপের দুই ফেবারিটকে হারিয়েছে গ্রুপের এশিয়া এবং আফ্রিকা প্রতিনিধিরা। মস্কোয় প্রথমে পোল্যান্ডের আত্মঘাতি গোলে এগিয়ে যায় সেনেগাল। এরপর দ্বিতীয়ার্ধে পোলিশ রক্ষণ এবং গোলরক্ষকের ভুল কাজে লাগায় ২০০২ সালের পর দ্বিতীয়বার বিশ্বকাপ খেলতে আসা দলটি। শেষের দিকে অবশ্য এক গোল শোধ দেয় পোল্যান্ড। কিন্তু সমতা ফেরাতে পারেনি। ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে মানে-নিয়াংরা।
২০০২ বিশ্বকাপে প্রথমবারের মতো খেলতে এসে কোয়ার্টার ফাইনালে উঠে চমকে দিয়েছিল সেনেগালিজরা। ১৬ বছর পর ফিরেই আবার চমক নিয়ে হাজির সেনেগাল। মুসলিম দলটির প্রত্যাশা, ২০০২ সালের পারফরম্যান্সকে ছাপিয়ে যাওয়া। এবারো তেমন কিছু করে দেখাতে দৃঢ় প্রত্যয়ী এর কাণ্ডারিরা।
এই যাত্রায় সূচনাটা দুর্দান্ত হয় সেনেগালের। শুরুতে অধিকাংশ সময় নিজেদের দখলে বল রাখে দলটি। লক্ষ্যে একাধিকবার শট নিয়ে ভীতি ছড়ায় পোল্যান্ড শিবিরে। শেষ পর্যন্ত তাদের আক্রমণ সামলাতে না পেরে আত্মঘাতী গোলে নিজেদের সর্বনাশ ডেকে আনেন পোলিশরা।
প্রথমার্ধের ৩৭ মিনিটে থিয়াগো সিওনেকের আত্মঘাতী গোলে রবার্ট লেভানডফস্কির দল পোল্যান্ড পিছিয়ে যায়। এ ম্যাচে র‌্যাংকিং, টিম প্রোফাইলে এগিয়ে ছিল পোল্যান্ড। কিন্তু ম্যাচের প্রথমার্ধ শাসন করেছে সেনেগাল। কোন দলই অবশ্য বেশি আক্রমণ করতে পারিনি। তবে যা আক্রমণ করেছে তাতে এগিয়ে সেনেগাল।
দুই দলই বলের দখলে প্রায় সমানে সমানে ছিল। আক্রমণও করেছে সমান। তবে কোন আক্রমণই গোলরক্ষককে বড় কোন পরীক্ষায় ফেলতে পারেনি। তবে ম্যাচের ৪২ এবং ৪৩ ম্যাচে দারুণ দুটি সুযোগ তৈরি করে সেনেগাল। তা থেকে গোল করতে না পারায় ১-০ গোলের লিড নিয়ে প্রথমার্ধ শেষ করে সেনেগাল।
দ্বিতীয়ার্ধে মাঠে নেমে আক্রমণের ধার বাড়ায় সেনেগাল। ফলে এগিয়ে যেতেও সময় লাগেনি। ৬১ মিনিটে এমবে নিয়াংয়ের গোলে ব্যবধান দ্বিগুণ করে দলটি। জেগোস ক্রিখোভিয়াকের লক্ষ্যহীন ব্যাক পাস ক্লিয়ার করতে গোলপোস্ট ছেড়ে অনেকটা এগিয়ে আসেন ভয়চেখ স্ত্রেন্সনে। তবে তা ক্লিয়ার করতে পারেননি পোলিশ গোলরক্ষক। ফলে ফাঁকা জালে বল পাঠান কয়েক সেকেন্ড আগে বদলি নামা নিয়াং। এতে করে সেনেগাল ২-০ গোলের লিড পায়।
দুই গোল খাওয়ার পরে আক্রমণে ধার আসে ১০ নম্বর র‌্যাংকিংয়ে থাকা দলটির। ৭০ এবং ৭৮ মিনিটে ভালো দুটি সুযোগ তৈরি করে পোল্যান্ড কিন্তু গোল হওয়ার মতো আক্রমণ করতে পারেনি। ৮৬ মিনিটে ক্রিখোভিয়াক গোল করে গোলের ব্যবধান এক কমান। ফ্রি কিকে দারুণ এক হেডে সেনেগালের জালে বল জড়ান তিনি।
দুই দলের প্রথম দেখায় জেগে উঠে পোল্যান্ডের পয়েন্ট পাওয়ার আশা। তবে বাকি সময় জাল অক্ষত রেখে দারুণ এক জয় নিয়ে নাচতে নাচতে মাঠ ছাড়ে ফিফা র‌্যাঙ্কিংয়ের ২৭ নম্বরে থাকা সাদিও মানের সেনেগাল।
x

Check Also

ব্যাংক রেজুলেশন আইন ২০২৬ দুর্নীতি সহায়ক, লুটেরাদের পুনর্বাসন আত্মঘাতী: টিআইবি

অর্থনৈতিক প্রতিবেদক সদ্য পাস হওয়া ব্যাংক রেজুলেশন আইন, ২০২৬ নিয়ে কঠোর সমালোচনা করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনার ...