মাস ব্যবধানে আবারও কমলো স্বর্ণের দাম
Posted by: News Desk
July 19, 2018
এমএনএ অর্থনীতি রিপোর্ট : এক মাসের ব্যবধানে আবারও কমলো স্বর্ণের দাম। সনাতন পদ্ধতির ছাড়া অন্য সব ধরনের সোনার দাম এবার ভরিতে কমেছে ১ হাজার ১শ’ ৬৬ টাকা।
আন্তর্জাতিক বাজারে দাম কমায় স্থানীয় বাজারে সোনার দাম কমানো হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) সাধারণ সম্পাদক দীলিপ কুমার আগারওয়ালা।
২২, ২১ ও ১৮ ক্যারেটের স্বর্ণের দাম কমানো হলেও অপরিবর্তিত রয়েছে সনাতন পদ্ধতির স্বর্ণের দাম। সনাতন পদ্ধতিতে প্রতি ভরির দাম রয়েছে ২৭ হাজার ৫শ’ ৮৫ টাকা। তবে গ্রামে-গঞ্জে, মফস্বলের ক্রেতা-বিক্রেতাদের স্বার্থের কথা বিবেচনা করে সনাতন পদ্ধতির সোনার দাম অপরিবর্তিত রাখা হয়েছে।
আগামীকাল শুক্রবার থেকে নতুন দামে বিক্রি হবে অলংকার তৈরির এই ধাতু।
আজ বৃহস্পতিবার বাংলাদেশ জুয়েলার্স সমিতির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে স্বর্ণের দাম কমানোর খবর জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, ২২ ক্যারেটের প্রতি ভরির দাম ধরা হয়েছে ৪৮ হাজার ৬৩৯ টাকা। আগে এই মানের স্বর্ণের দাম ছিলো ৪৯ হাজার ৮শ’ ৫ টাকা ভরি। একইভাবে ২১ ক্যারেট প্রতি ভরির দাম পড়বে ৪৬ হাজার ৩৬৫ টাকা। আগে দাম ছিলো ৪৭ হাজার ৫শ’ ৩১ টাকা।
১৮ ক্যারেট প্রতি ভরি স্বর্ণ বিক্রি হবে ৪১ হাজার ২৯১ টাকায়। আগে দাম ছিলো ৪২ হাজার ৪শ’ ৫৭ টাকা।
সনাতন পদ্ধতিতে প্রতি ভরির দাম পড়বে ২৭ হাজার ৫৮৫ টাকা। সনাতন পদ্ধতিতেও দীর্ঘদিন ধরে অপরিবর্তিত রয়েছে স্বর্ণের দাম।
জুয়েলারি ব্যবসায়ীরা জানান, প্রতি ভরি ২২ ক্যারেটে ৯১ দশমিক ৬ শতাংশ, ২১ ক্যারেটে ৮৭ দশমিক ৫ শতাংশ, ১৮ ক্যারেটে ৭৫ শতাংশ বিশুদ্ধ সোনা থাকে।
সনাতন পদ্ধতির সোনা পুরনো অলঙ্কার গলিয়ে তৈরি করা হয়। এ ক্ষেত্রে কত শতাংশ বিশুদ্ধ সোনা মিলবে তার কোনো মানদণ্ড নেই।
বেশ কিছুদিন ধরে অপরিবর্তিত রয়েছে রূপার দাম। প্রতি ভরি রূপার দাম রয়েছে ১ হাজার ৫০ টাকা।
বাংলাদেশ জুয়েলার্স সমিতির সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগরওয়ালা বলেন, আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম কমে যাওয়ার কারণে বাজুসের কার্যনির্বাহী কমিটির সভায় নতুন করে দাম নির্ধারণ করা হয়েছে। পরবর্তী সিদ্ধান্ত না জানানো পর্যন্ত নতুন মূল্যে স্বর্ণ বিক্রি করার জন্য সংশ্লিষ্টদের অনুরোধ জানান তিনি।
সর্বশেষ ২০ জুন ১৮, ২১ এবং ২২ ক্যারেট সোনার দাম কমানো হলেও সনাতন পদ্ধতির সোনার দাম বাড়ানো হয়েছিল।
অলংকার তৈরিতে সোনার দরের সঙ্গে মজুরি ও মূল্য সংযোজন কর (ভ্যাট) যোগ দাম ঠিক করা হয়।
মাংস আবারও ব্যবধানে কমলো স্বর্ণের দাম 2018-07-19