বছরের সর্বোচ্চ তাপমাত্রা কুড়িগ্রামে, ঢাকায় ৩৭.৭
Posted by: News Desk
July 19, 2018
এমএনএ রিপোর্ট : কুড়িগ্রামের রাজারহাটে এ বছরে দেশের সর্বোচ্চ ৩৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে আবহাওয়া অফিস। আজ বৃহস্পতিবার রাজধানী ঢাকায়ও বছরের সর্বোচ্চ ৩৭.৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। বর্ষা মৌসুমের মাঝামাঝি এসে এ উষ্ণতম দিনটি পার করল রাজধানীবাসী। এর আগে গত ১৫ জুন সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৪০ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এদিন দেশের সর্বোচ্চ ৩৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে কুড়িগ্রামের রাজারহাটে।
বিভাগীয় শহরগুলোর মধ্যে সিলেটে সর্বোচ্চ তাপমাত্রা ৩৮ দশমিক ৩, খুলনায় ৩৬ দশমিক ৫, রাজশাহীতে ৩৬ দশমিক ৮, রংপুরে ৩৭ দশমিক ২, ময়মনসিংহে ৩৭ দশমিক ৮, বরিশালে ৩৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।
গতকাল বুধবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল সিলেটে ৩৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আর ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। ২৪ ঘণ্টার ব্যবধানে ঢাকার তাপমাত্রা ৩ ডিগ্রি সেলসিয়াস বেড়েছে।
এ বিষয়ে আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক বলেন, আজ বছরের সবচেয়ে গরম দিন গেল ঢাকায়। বৃষ্টিহীন দিনে বাতাসে আর্দ্রতা বেশি থাকায় গরম অনুভূত হয়েছে তাপমাত্রার চেয়েও বেশি।
আবহাওয়াবিদ নাজমুল মনে করেন, শ্রাবণের শুরুতে বৃষ্টি না থাকায় এমন আবহাওয়া অস্বাভাবিক নয়।
তবে আবহাওয়াবিদরা বলছেন, দু’একদিনের মধ্যেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়াবিদ বজলুর রশিদ গণমাধ্যমকে বলেন, ঢাকাসহ দেশের বিভিন্নস্থানে তাপদাহ রয়েছে। আশা করা যাচ্ছে দু’একদিনের মধ্যেই এ অবস্থার পরিবর্তন ঘটবে। তিনি বলেন, আগামীকাল শুক্রবারের মধ্যে ঢাকায় না হলেও দেশের অন্যান্য স্থানে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
দিনের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, রংপুর, রাজশাহী, ময়মনসিহ ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একইসঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের বর্ষণ হতে পারে।
২০১৪ সালের ২২ এপ্রিল ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা উঠেছিল ৪০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস, যা পাঁচ দশকের সর্বোচ্চ।
তাপমাত্রা বছরের সর্বোচ্চ কুড়িগ্রামে ঢাকায় ৩৭.৭ 2018-07-19