পদ্মা সেতুর নামফলক উন্মোচন ও রেলসংযোগের উদ্বোধন
Posted by: News Desk
October 14, 2018
এমএনএ রিপোর্ট : পদ্মা সেতুর নামফলক উন্মোচন, রেল সংযোগসহ বেশ কিছু প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ রবিবার বেলা ১১টা ১৮ মিনিটে তিনি এ উদ্বোধন করেন। এর পর বেলা সাড়ে ১১টায় মাওয়া গোলচত্বরে সুধীসমাবেশে যোগ দেন তিনি।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের সূত্র জানায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বহু প্রতীক্ষিত মেগাপ্রকল্প পদ্মা সেতুর কাজের অগ্রগতি পরিদর্শন করতে রোববার মুন্সীগঞ্জের মাওয়াসহ শরীয়তপুরের জাজিরা ও মাদারীপুরের শিবচর এলাকায় যাবেন।
দুপুরে প্রধানমন্ত্রী জাজিরা পয়েন্টে সেতুর কাজের অগ্রগতি পরিদর্শন করবেন। পরে আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিবচরে যাবেন এবং ইলিয়াস আহমেদ চৌধুরী কাঁঠালবাড়ী ফেরিঘাটে জনসমাবেশে ভাষণ দেবেন।
প্রধানমন্ত্রীর পরিদর্শন উপলক্ষে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের গত শুক্রবার জাজিরার নাওডোবা এলাকা পরিদর্শন করেন।
তিনি সাংবাদিকদের বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার শনিবার পদ্মা সেতুর কাজের অগ্রগতি পরিদর্শনে আসার কথা। কিন্তু বিরূপ আবহাওয়ার কারণে তা পরিবর্তন করে আজ রবিবার পরিদর্শনের তারিখ নির্ধারণ করা হয়েছে।
জাজিরা ও মাওয়ার মধ্যে ৬ দশমিক ১ কিলোমিটার দীর্ঘ সেতুর বেশ কিছু অংশ এরই মধ্যে দৃশ্যমান হয়েছে। জাজিরায় পাঁচটি ও মাওয়ায় একটি স্প্যান বসানো হয়েছে। পুরো প্রকল্পে ব্যয় হচ্ছে ৩০ হাজার ১৯৩ কোটি ৩৮ লাখ ৭৬ হাজার টাকা।
দোতলা কাঠামোর এ সেতুর ওপর দিয়ে চলবে গাড়ি, নিচ দিয়ে চলবে ট্রেন। ঢাকা থেকে মাওয়া হয়ে পদ্মা নদীর ওপর দিয়ে রেলপথ হবে। পদ্মা সেতুর রেল সংযোগে ব্যয় হচ্ছে প্রায় ৪০ হাজার কোটি টাকা।
দেশে প্রথমবারের মতো পদ্মা সেতু হয়ে ছয় লেনের এক্সপ্রেসওয়ে নির্মাণ করা হচ্ছে। ঢাকা থেকে মাওয়া হয়ে ভাঙ্গা পর্যন্ত ৫৫ কিলোমিটার এক্সপ্রেসওয়ের কাজ এগিয়েছে ৭০ শতাংশ। প্রধানমন্ত্রী নিজের চোখে আজ এ প্রকল্পের অগ্রগতি দেখছেন।
পদ্মা সেতু প্রকল্প পরিদর্শনের সময় প্রধানমন্ত্রীর সঙ্গে রয়েছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, রেলমন্ত্রী মুজিবুল হক, নৌমন্ত্রী শাজাহান খান, বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এ, কে, এম শাহজাহান কামাল ও সেনা বাহিনী প্রধানসহ উর্ধ্বতন কর্মকর্তারা।
রেলসংযোগের উদ্বোধন উন্মোচন পদ্মা সেতুর নামফলক 2018-10-14