প্রধানমন্ত্রীর সঙ্গে ঐক্যফ্রন্টের সংলাপ শুরু
Posted by: News Desk
November 1, 2018
এমএনএ রিপোর্ট : প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ক্ষমতাসীন জোটের নেতাদের সঙ্গে সংলাপে বসেছেন জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা। আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে এ সংলাপ শুরু হয়। গণফোরাম সভাপতি ড. কামাল হোসেনের নেতৃত্বে জাতীয় ঐক্যফ্রন্টের ২১ সদস্যের প্রতিনিধি দলটি প্রধানমন্ত্রী ও ক্ষমতাসীন জোটের নেতাদের সঙ্গে সংলাপে বসেছেন।
সংলাপে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার নেতৃত্বে রয়েছে ক্ষমতাসীন জোটের ২৩ নেতা।
সংলাপে অংশ নিতে আজ বৃহস্পতিবার বিকেল সোয়া ৫টার দিকে ড. কামাল হোসেনের বেইলি রোডের বাসা থেকে গণভবনের উদ্দেশ্যে রওয়ানা দেন প্রতিনিধি দলের সদস্যরা। সন্ধ্যা পৌনে ৭টার দিকে প্রতিনিধি দলের সদস্যরা গণভবনে পৌঁছান।
গণভবনের উদ্দেশ্যে রওনা হওয়ার আগে বিকেল সাড়ে ৪টার দিকে ড. কামাল হোসেনের বাড়িতে রুদ্ধদ্বার বৈঠক করেন ঐক্যফ্রন্টের নেতারা।
জাতীয় ঐক্যফ্রন্টের প্রতিনিধি দলে বিএনপি নেতাদের মধ্যে রয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমদ, জমিরউদ্দিন সরকার, মির্জা আব্বাস, আবদুল মঈন খান ও গয়েশ্বর চন্দ্র রায়। আছেন জাতীয় ঐক্যফ্রন্টে সক্রিয় জাফরুল্লাহ চৌধুরী, জাতীয় ঐক্য প্রক্রিয়ার সদস্য সচিব আ ব ম মোস্তফা আমীন, সাবেক দুই সংসদ সদস্য এস এম আকরাম ও সুলতান মো. মনসুর আহমেদ।
-
-
গণভবনে প্রধানমন্ত্রীসহ ক্ষমতাসীন জোটের সঙ্গে সংলাপে জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা।
-
-
ণফোরাম সভাপতি ড. কামাল হোসেনের নেতৃত্বে সংলাপে অংশগ্রহণ করেছেন জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা।
-
-
গণভবনে জাতীয় ঐক্যফ্রন্টের নেতাদের সঙ্গে সংলাপে প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আরও আছেন জেএসডির আ স ম আবদুর রব, তানিয়া রব, আবদুল মালেক রতন, গণফোরামের সুব্রত চৌধুরী ও মোস্তফা মহসিন মন্টু, মোকাব্বির খান, জগলুল হায়দার আফ্রিক, আ ও ম শফিকউল্লাহ এবং নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না।
ক্ষমতাসীন জোটের নেতাদের মধ্যে সংলাপে উপস্থিত আছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, দলের সিনিয়র নেতা শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ ও কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম, স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম, জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সমাজকল্যাণমন্ত্রী রাশেদ খান মেনন, জাসদের একাংশের কার্যকরী সভাপতি মইনুদ্দিন খান বাদল, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া প্রমুখ।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ করার অংশ হিসেবে গত রবিবার সংলাপের আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিঠি পাঠায় জাতীয় ঐক্যফ্রন্ট। পরদিনই সংলাপে রাজি হওয়ার কথা জানিয়ে সংবাদ সম্মেলন করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
গত মঙ্গলবার সকালে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী আবদুস সোবহান গোলাপ শেখ হাসিনার আমন্ত্রণপত্র ড. কামাল হোসেনের কাছে পৌঁছে দেন। সেই আমন্ত্রণ গ্রহণ করেই আজ বৃহস্পতিবার গণভবনে গেছেন ঐক্যফ্রন্টের প্রতিনিধিরা।
ঐক্যফ্রন্টের প্রধানমন্ত্রীর শুরু সঙ্গে সংলাপ 2018-11-01