মোহাম্মদপুরে আ’লীগের সংঘর্ষে ২ কিশোর নিহত
Posted by: News Desk
November 10, 2018
এমএনএ রিপোর্ট : ঢাকার মোহাম্মদপুর ও আদাবরে আ’লীগের দুই পক্ষের সংঘর্ষের মধ্যে পিকআপ চাপায় দুই কিশোরের মৃত্যু ঘটেছে। নবোদয় হাউজিংয়ে আজ শনিবার সকালে আরিফ (১৫) ও সুজন (১৭) নামে নামে এই দুই কিশোরের মৃত্যু ঘটে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
আজ শনিবার সকাল ১১টার দিকে হাউজিংয়ের লোহারগেট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় সুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে বেলা ১২টায় মৃত ঘোষণা করেন।
তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা বন্ধু মোঃ আমিন জানান, সুজন নবীনগর হাউজিংয়ের ১০ নম্বর রোডে থাকে। পেশায় রাজমিস্ত্রির কাজ করে সে। তার বাবার নাম রুহুল আমিন।
সে আরো জানায়, আজ সকালে স্থানীয় অাওয়ামী লীগ নেতা নুর আলম তাদের একটি প্রোগ্রামে যাওয়ার দাওয়াত দেয়। এজন্য তারা ১০/১২ জন কিশোর বন্ধু মিলে নবোদয় হাউজিং লোহার গেটে যায়। সেখানে একটি পিকআপে উঠে তারা। এরপরই কারা যেনো পিকআপে ঢিল ছুঁড়তে থাকে। এ সময় পিকআপ থেকে সবাই তাড়াহুড়ো করে নামতে শুরু করে। পিকআপটিও পিছনের দিকে চালাতে থাকে। এ সময় কয়েকজন পড়ে গেলে পিকআপটি সুজন ও আরেক কিশোরের ওপর দিয়ে উঠে যায়।
পরে সুজনকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আর আহত আরেকজনকে রিকশায় করে অন্য কোনো হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাৎক্ষণিকভাবে তার নাম পরিচয় জানাতে পারেনি কেউ।
নবোদয়ের পাশাপাশি আদাবরের ১০ ও ১৬ নম্বর সড়ক, শম্পা মার্কেট এলাকা এবং উত্তর আদাবরের সুনিবিড় হাউজিংয়েও একই সময়ে সংঘর্ষ বাঁধে। তাতে আহত হয়েছেন অন্তত ২০ জন।
এ বিষয়ে আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাওসার আহমেদ সকাল পৌনে ১১টায় গণমাধ্যমকে বলেন, আওয়ামী লীগের দুই পক্ষে সংঘর্ষ বেঁধেছিল। এখন পরিস্থিতি শান্ত আছে। আমরা সতর্কভাবে পরিস্থিতির উপর নজরদারি চালাচ্ছি।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, স্থানীয় সংসদ সদস্য জাহাঙ্গীর কবির নানক ও এবার মনোনয়ন প্রত্যাশী সাদেক খানের সমর্থকদের মধ্যে এই সংঘর্ষ বাঁধে।
তবে নিহত আরিফের বাবা ফারুক গণমাধ্যমকে বলেন, সাদেক খান সমর্থকদের অভ্যন্তরীণ কোন্দলে এই সংঘর্ষ ঘটে, যাতে তার ছেলে প্রাণ হারান।
দলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক নানক এবারও এই আসনে নৌকার মনোনয়নপ্রত্যাশী। অন্যদিকে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাদেক খানও মনোনয়ন চাইছেন এবার।
সংঘর্ষের বিষয়ে সাদেক খান গণমাধ্যমকে বলেন, যুবলীগের তুহিনের নেতৃত্বে আমার সমর্থকদের উপর হামলা হয়।
আদাবর থানা যুবলীগের আহ্বায়ক আরিফুল ইসলাম তুহিন সাবেক প্রতিমন্ত্রী নানকের অনুসারী হিসেবে পরিচিত।
একাদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রি শুরু হয়েছে। মনোনয়নপ্রত্যাশীরা সদলবলে গিয়ে ফরম তুলছেন ধানমণ্ডির আওয়ামী লীগ কার্যালয় থেকে। এর মধ্যে আদাবরের সংঘর্ষ হল।
মোহাম্মপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন মীর জানান, দুর্ঘটনায় ১জন নিহত ও একজন আহতের খবর শুনেছি। বিস্তারিত জানার জন্য পুলিশ কাজ করছে। আহত আরিফ (১৪) সোহরাওয়ার্দী হাসপাতালে মারা যায়।
নিহত সংঘর্ষে আ'লীগের মোহাম্মদপুরে ২ কিশোর 2018-11-10