রাশিয়ার উপকূলে ২ জাহাজে আগুন, নিহত ১৪
Posted by: News Desk
January 22, 2019
এমএনএ ইন্টারন্যাশনাল ডেস্ক : রাশিয়ার উপকূলে রুশ ও ক্রিমিয়ার মধ্যবর্তী কের্চ প্রণালির কাছে দুটি জাহাজে অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ১৪ জন মারা গেছেন। গতকাল সোমবার জরুরি বিভাগের এক সূত্র বার্তা সংস্থা তাসকে এ কথা জানিয়েছে।
সূত্রটি আরও জানায়, কের্চ প্রণালিতে একটি জাহাজে বিস্ফোরণের পর জাহাজ দুটিতে আগুন ধরে যায়। প্রাথমিকভাবে জানা গেছে, জাহাজ দুটি থেকে ১১ লাশ উদ্ধার করা হয়েছে এবং আরও তিন নাবিক পানিতে ডুবে গেছে।
আগুন লাগা জাহাজ দুটির মধ্যে ভারতীয়, তুর্কি ও লিবীয় ক্রু সদস্য ছিল বলে আজ মঙ্গলবার জানিয়েছে প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া (পিটিআই) ।
ভারতীয় সংবাদ সংস্থাটির খবরে বলা হয়েছে, গতকাল সোমবার রাশিয়ার জলসীমায় জাহাজ দুটিতে আগুন লাগে। দুটি জাহাজই তাঞ্জানিয়ার পতকাবাহী।
একটি জাহাজ তরল প্রাকৃতিক গ্যাসবাহী (এলএনজি), অপরটি তেলবাহী ট্যাঙ্কার। একটি জাহাজ থেকে অপরটিতে জ্বালানি লোড করার সময় আগুনের সূত্রপাত হয়।
গতকাল সোমবার রাশিয়ার জলসীমার অদূরে কের্চ প্রণালির কাছে দুটি জাহাজে আগুন ধরে যায়। এর একটির নাম ক্যান্ডি। এতে ১৭ ক্রু ছিল। এদের নয় জন তুরস্কের নাগরিক ও অপর আট জন ভারতের নাগরিক।
মায়েস্ত্রো নামের অপর জাহাজটিতে ১৫ জন ক্রু সদস্য ছিল। তাদের সাত জন তুরস্কের, সাত জন ভারতের ও অপর একজন লিবীয় বলে রাশিয়ার মেরিটাইম কর্তৃপক্ষের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা তাস।
রাশিয়ার মেরিটাইম এজেন্সির মুখপাত্র বলেছেন, “সম্ভবত একটি বিস্ফোরণ ঘটেছে (একটি জাহাজে) । এরপর আগুন অন্য জাহাজেও ছড়িয়ে পড়ে। উদ্ধারকারী একটি টাগবোট ঘটনাস্থলের পথে রয়েছে।”
জাহাজ দুটি থেকে ঝাঁপিয়ে পড়ে কয়েকজন নাবিক নিজেদের বাঁচাতে পেরেছেন। শেষ খবর পাওয়া পর্যন্ত সাগর থেকে ১২ জনকে উদ্ধার করা হয়েছে। ছয় নাবিক নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছেন মেরিটাইম এজেন্সির মুখপাত্র।
আবহাওয়ার অবস্থা খারাপ থাকায় উদ্ধারকাজে বিঘ্ন ঘটার কথা জানিয়েছে গণমাধ্যম।
ফেডারেল এজেন্সি ফর মেরিটাইম অ্যান্ড রিভার ট্রান্সপোর্ট প্রেস সার্ভিস তাসকে জানায়, কের্চ প্রণালির কাছে দুটি জাহাজে অগ্নিকাণ্ডের পর ৯ জন নিখোঁজ রয়েছেন। এ ঘটনায় ১২ জনকে উদ্ধার করা হয়েছে।
নোভোরোসিস্ক উপকূলীয় উদ্ধার কেন্দ্রের এক মুখপাত্র বলেন, দুটি জাহাজে বিস্ফোরণের ঝুঁকি আছে। তা সত্ত্বেও উদ্ধার অভিযান চলছে।
তিনি আরও বলেন, সব ক্রুর সন্ধান না পাওয়া পর্যন্ত উদ্ধার অভিযান চলবে। তবে জাহাজে গ্যাস বিস্ফোরণের আশঙ্কা আছে।
কৃষ্ণ সাগর ও আজভ সাগরকে সংযোগকারী কের্চ প্রণালী রাশিয়া ও ইউক্রেইনের একটি প্রধান জলপথ। উভয় দেশের জন্যেই এ জলপথটি কৌশলগতভাবে অনেক গুরুত্বপূর্ণ।
রাশিয়ার উপকূলে নিহত ১৪ ২ জাহাজে আগুন 2019-01-22