Don't Miss
Home / হোম স্লাইডার / দুপুরে গ্যাস সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক হবে : তিতাস

দুপুরে গ্যাস সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক হবে : তিতাস

এমএনএ রিপোর্ট : আজ রবিবার দুপুরে গ্যাস সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক হবে বলে জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন ও ডিস্ট্রিবিউশন কোম্পানি (তিতাস)।

এরই মধ্যে বেশ কিছু এলাকায় গ্যাস সরবরাহ শুরু হয়েছে বলে জানিয়েছে তিতাস।

তিতাস গ্যাস কোম্পানির পরিচালক মোস্তফা কামাল গণমাধ্যমকে জানান, আজ রবিবার সকালে গ্যাস পাইপলাইনের কাজ শেষ হয়েছে। সকাল ৮টার পর থেকে গ্যাস সরবরাহ শুরু হয়েছে। দুপুর নাগাদ পরিস্থিতি স্বাভাবিক হবে।

গত শুক্রবার বিকালে সাভারের আশুলিয়া সিটি গেট স্টেশনে (সিজিএস) পাইপলাইন ফেটে যাওয়ায় দুর্ঘটনা এড়াতে গ্যাস সরবরাহ বন্ধ করে দেয়া হয়। এ জন্য যে কারণে গতকাল শনিবার সারা দিন গ্যাস সরবরাহ বন্ধ রাখা হয়।

গতকাল শনিবার দুপুর ১২টা থেকে জিটিসিএল লাইন মেরামতের কাজ শুরু করে। রোববার সকাল থেকেই গ্যাস সরবরাহের কাজ শুরু হয়েছে।

এদিকে রাজধানীর বিভিন্ন এলাকা সরেজমিনে জানা যায় গতকালের ন্যায় আজও ধানমন্ডি, জিগাতলা, গ্রিন রোড, শংকর, শ্যামলী, মিরপুর, আসাদগেট এলাকাসহ বেশ কিছু এলাকায় গ্যাস সরবরাহ বিঘ্ন ঘটেছে। অনেক পরিবার সকাল বেলা ঘুম থেকে উঠে চুলা ধরাতে গিয়ে দেখে গ্যাস নেই। ফলে সকালে নাস্তা তৈরি করাও সম্ভব হয়নি। অনেকে রেস্তোরাঁ থেকে নাস্তা এনে খেয়েছেন। কাউকে শুকনো খাবারের ওপর নির্ভর করতে হয়েছে।

মোহাম্মদী হাউজিং লিঃ এলাকার গৃহিণী মোসাম্মৎ সেলিনা হোসেন মোহাম্মদী নিউজ এজেন্সী (এমএনএ) কে বলেন, সকালে গ্যাসের চুলা ধরাতে গিয়ে দেখি গ্যাসের স্বাভাবিক চাপ নেই। টিপ টিপ করে যে ভাবে জ্বলছে তাতে রান্না করার মতো অবস্থা নেই। ফলে শুকনো খাবার খেয়ে নাস্তার কাজ সেরেছি। গতকালও একই অবস্থা হয়েছিল।

জিগাতলা বাসিন্দা মিজানুর রহমান বলেন, গত দুদিন ধরে প্রচন্ড সমস্যায় আছি। আজও সকালে নাস্তা কিনে খেয়েছি। গ্যাস না থাকার কারণে পরোটা আনতে গিয়ে দেখি সেখানে লম্বা লাইন। প্রায় এক ঘণ্টা পর ১০টি পরোটা পেয়েছি। সাড়ে ১০টার পরে যারা গেছেন তারা নাস্তাই পাননি।

শ্যামলী এলাকায় বসবাস করেন তারেক মাহমুদ। তিনি বলেন, গতকাল শনিবার খবরে শুনেছিলাম ২৪ ঘণ্টার মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে। কিন্তু ৩০ ঘণ্টায়ও কোনো খবর হলো না।

সাভারের আশুলিয়ায় পাইপ লাইনে ত্রুটির কারণে গত শুক্রবার থেকে রাজধানীর বেশ কিছু এলাকায় গ্যাস সরবরাহ বিঘ্নিত হচ্ছে। দুর্ভোগে পড়া এসব মানুষকে আশ্বস্ত করে গ্যাস ট্রান্সমিশন কোম্পানি (জিটিসিএল) জানিয়েছে ত্রুটি মেরামতে সর্বোচ্চ চেষ্টা চলছে। আজ রবিবার সকাল ৮টার দিকে গ্যাস সরবরাহ স্বাভাবিক হতে পারে বলে জানিয়েছিল জিটিসিএল কিন্তু বেলা ১১টা পর্যন্ত তা স্বাভাবিক হয়নি। এ পরিস্থিতিতে গ্রাহকদের কাছে দুঃখপ্রকাশ করেছে সংস্থাটি।

x

Check Also

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের ফাইল অনুমোদন নিয়ে পাল্টাপাল্টি বক্তব্য, অনিয়ম প্রমাণে চ্যালেঞ্জ আসিফ মাহমুদের

এমএনএ প্রতিবেদক স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কোনো ফাইলে অনিয়ম হয়ে থাকলে তা সুনির্দিষ্টভাবে প্রকাশ ও প্রমাণ ...