Don't Miss
Home / হোম স্লাইডার / বঙ্গবন্ধু স্যাটেলাইটের বাণিজ্যিক কার্যক্রম শুরু

বঙ্গবন্ধু স্যাটেলাইটের বাণিজ্যিক কার্যক্রম শুরু

এমএনএ রিপোর্ট : মহাকাশে বঙ্গবন্ধু স্যাটেলাইটের সফলভাবে উৎক্ষেপণের বর্ষপূর্তি উদযাপনের পর আজ রবিবার থেকে শুরু হচ্ছে এটির বাণিজ্যিক কার্যক্রম। বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ (বিএস-১)-এর বাণিজ্যিক কার্যক্রম পরিচালনার জন্য গঠিত বাংলাদেশ কমিউনিকেশন স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিসিএসসিএল) ইতোমধ্যে দেশের বিভিন্ন বেসরকারি টেলিভিশন চ্যানেলের সঙ্গে চুক্তি সম্পাদন করেছে বলে জানা গেছে। খবর বাসসের

বিসিএসসিএল-এর চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ বলেন, `কয়েকমাসের পরীক্ষামূলক কার্যক্রম সফলভাবে সম্পন্ন হওয়ার পর আজ থেকে আনুষ্ঠানিকভাবে এর বাণিজ্যিক কার্যক্রম শুরু করা হচ্ছে।’

তিনি বলেন, ‘অভ্যন্তরীণ বাজার থেকেই আট বছরের মধ্যে স্যাটেলাইট উৎক্ষেপণের খরচ ২ হাজার ৭৬৫ কোটি টাকা উঠে আসবে। ইতোমধ্যে সব টেলিভিশন কোম্পানির সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি হয়েছে। তা ছাড়া ডিটিএইচ কোম্পানিও বঙ্গবন্ধু স্যাটেলাইট ১-এর মাধ্যমে রবিবার থেকে আনুষ্ঠানিকভাবে সেবা দেওয়া শুরু করবে।’

গত বছরের ৪ সেপ্টেম্বর থেকে সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন (এসএএফএফ) চ্যাম্পিয়ানশিপ ম্যাচটি পরীক্ষামূলক সম্প্রচার করে বঙ্গবন্ধু স্যাটেলাইট ১-এর মাধ্যমে বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সম্প্রচার শুরু হয়। এরপর পর্যায়ক্রমে বিভিন্ন চ্যানেলের সঙ্গে সংযোগ স্থাপনের মাধ্যমে পরীক্ষামূলকভাবে সম্প্রচার করা হয়। একই সঙ্গে আজ দেশের প্রথম ডাইরেক্ট-টু-হোম (ডিটিএইচ) সেবারও উদ্বোধন করা হবে। বেসরকারি প্রতিষ্ঠান বেক্সিমকো ‘আকাশ’ নামের এই সেবাটি বাজারে আনছে।

পরে এ স্যাটেলাইটের মাধ্যমে দুবাইতে এশিয়া কাপ ক্রিকেটের সম্প্রচারসহ আরও কিছু পরীক্ষা-নিরীক্ষা করেছে বিটিভি। গত বছর ১২ মে ৫৭ তম দেশ হিসেবে বাংলাদেশ স্যাটেলাইট উৎক্ষেপণ করে। বাংলাদেশ সময় রাত ২টা ১৪ মিনিটে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে সফলভাবে উৎক্ষেপণ হয় দেশের প্রথম কৃত্রিম উপগ্রহ বঙ্গবন্ধু স্যাটেলাইট-১।

তিনি বলেন, `এ ব্যাপারে আমরা টেলিভিশন চ্যানেলগুলোর সঙ্গে অন্যান্য চুক্তি স্বাক্ষর করবো। বিএস-১ থেকে সেবা পেতে চ্যানেলগুলোর কোন রকম আর্থ স্টেশন স্থাপনের প্রয়োজন হবে না। টেলিভিশন চ্যানেলের আর্থ স্টেশন স্থাপন অনেক ব্যয়বহুল হওয়ায় বিএস-১ এর ভূ-কেন্দ্রের সঙ্গে অপটিক্যাল ফাইবারের মাধ্যমে সংযোগ স্থাপন করছে বিসিএসসিএল।’

এর ৬ মাস পর গত ৯ নভেম্বর স্যাটেলাইটের ফরাসি নির্মাতা প্রতিষ্ঠান থ্যালেস অ্যালেনিয়ার কাছ থেকে তা রক্ষণাবেক্ষণ ও পরিচালনার দায়িত্ব বুঝে পায় বাংলাদেশ। এখন গাজীপুরের তেলিপাড়া ও রাঙামাটির বেতবুনিয়া থেকে দেশের প্রকৌশলীরা বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ নিয়ন্ত্রণ করছেন।

দেশের উপকূলীয় দ্বীপ ও দুর্গম অঞ্চলগুলোতে টেলিযোগাযোগ সেবা, প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা ও সাইবার নিরাপত্তায়ও নিজস্ব স্যাটেলাইট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করেন বিসিএসসিএল চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ।

বিসিএসসিএল-এর চেয়ারম্যান জানান, বেক্সিমকো ‘আকাশ’ ডিটিএইচ-এর মানসম্পন্ন সেবার জন্য বিএস-১ এর ৫ ট্রান্সপন্ডারস বরাদ্দ নিয়েছে। এছাড়াও ব্যাংকের এটিএম সেবা প্রদানের সুবিধার্থে বিভিন্ন ব্যাংক বিএস-১ এর ব্যান্ডউইথ ব্যবহার করতে পারবে। প্রাথমিকভাবে ডাচ-বাংলা ব্যাংক এটিএম সেবা প্রদানে বিএস-১ এর ব্যান্ডউইথ নিয়েছে।

x

Check Also

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের ফাইল অনুমোদন নিয়ে পাল্টাপাল্টি বক্তব্য, অনিয়ম প্রমাণে চ্যালেঞ্জ আসিফ মাহমুদের

এমএনএ প্রতিবেদক স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কোনো ফাইলে অনিয়ম হয়ে থাকলে তা সুনির্দিষ্টভাবে প্রকাশ ও প্রমাণ ...