ইন্দোর টেস্টে টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
Posted by: News Desk
November 14, 2019
এমএনএ স্পোর্টস ডেস্ক : সিরিজের প্রথম টেস্টে ইন্দোরে মুখোমুখি ভারত-বাংলাদেশ। প্রথম দিন প্রথম সেশনে ব্যাট করছে বাংলাদেশ।
ইংল্যান্ড বিশ্বকাপের পরই টেস্টের বিশ্বকাপ শুরু হয়েছে। গত ১ আগস্ট ক্রিকেটের দুই কুলিন সদস্য ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়া প্রথম টেস্ট চ্যাম্পিয়নশিপে মাঠে নামে। এর সাড়ে তিন মাস পর টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারতের বিপক্ষে প্রথম মাঠে নেমেছে বাংলাদেশ।
নিজেদের ঐতিহাসিক এই টেস্টে টস জিতে ব্যাটিং নিয়েছে বাংলাদেশ।
টেস্ট চ্যাম্পিয়নশিপের শুরুতে বাংলাদেশের সেরা দুই তারকা সাকিব আল হাসান এবং তামিম ইকবাল নেই। তাদের ছাড়াই বাংলাদেশ ভালো খেলার চ্যালেঞ্জ নিয়েছে।
টেস্টের বড় চিন্তা থাকে টস এবং উইকেট। টস কোন অধিনায়ক জিতবেন তার নিশ্চয়তা দেওয়া যায় না। তবে ইন্দোরের উইকেট ভালো বলে পিস রিপোর্টে জানানো হয়েছে। পেসাররা শুরুর কয়েক ঘণ্টা রাজত্ব করবেন। শুরুতে তাই সাদমান, মুমিনুলদের ভারতীয় পেস আক্রমণ সামলাতে হবে।
ইন্দোরের হোলকার স্টেডিয়ামের উইকেট ফাস্ট বোলারদের দিকে শুরুর দিনেই সহায়তার হাত বাড়ায়—বাংলাদেশ অধিনায়ক মুমিনুল হক যখন টস জিতে ব্যাটিং নিলেন তখন মনে মনে খুশিই হয়েছিলেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। খুশির ব্যাপারটা গোপনও করেননি। টসের সময়ই বলে দিয়েছিলেন, তারা টস জিতলে বোলিংই নিতেন। তিন পেসার নিয়ে যে খেলছে ভারত। গতি বোলারদের ওপর কোহলির আস্থা অনেক। টেস্ট শুরুর প্রথম আধ ঘণ্টার মধ্যেই ইশান্ত শর্মা, উমেশ যাদবরা সেটির প্রতিদান দিয়েছেন। সুইয়ে সুইয়ে ব্যতিব্যস্ত রেখেছিলেন বাংলাদেশের দুই ওপেনার ইমরুল কায়েস ও সাদমান ইসলামকে। সেই সুইংয়ের কাছেই শেষ পর্যন্ত পরাভূত এই দুই ওপেনার। ফিরেছেন দুইজনই।
ইমরুল কায়েস যাদবের বলে তৃতীয় স্লিপে ক্যাচ দিয়েছেন অজিঙ্কা রাহানেকে। স্কোরবোর্ডে রান উঠেছিল তখন ১২। ইশান্ত শর্মার বলে উইকেটের পেছনে ঋদ্ধিমান সাহাকে ক্যাচ দিয়েছেন সাদমান। এ প্রতিবেদন লেখার সময় বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ১২।
ইন্দোরের হোলকার স্টেডিয়ামের উইকেট দুর্দান্ত। কিন্তু দিন গড়ানোর সঙ্গে সঙ্গে এই উইকেট ব্যাটসম্যানদের জন্য কঠিনই হয়ে যাবে—এই চিন্তা থেকেই টস জিতে ব্যাটিং নেন মুমিনুল হক।
ইমরুল–সাদমানের বিদায়ের পর এ মুহূর্তে উইকেটে অধিনায়ক মুমিনুল হক ও মোহাম্মদ মিঠুন।
বাংলাদেশ একাদশ
ইমরুল কায়েস, সাদমান ইসলাম, মোহাম্মদ মিঠুন, মুমিনল হক (অধিনায়ক), মুশফিকুর রহীম, মাহমুদউল্লাহ রিয়াদ, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, আবু জায়েদ রাজী এবং এবাদত হোসেন।
ভারত একাদশ
রোহিত শর্মা, মায়াঙ্ক আগরওয়াল, চেতেশ্বর পুজারা, বিরাট কোহলি (অধিনায়ক), আজিঙ্কা রাহানে, রবীন্দ্র জাদেজা, ঋদ্ধিমান সাহা (উইকেটরক্ষক), রবিচন্দ্রন অশ্বিন, ইশান্ত শর্মা, মোহাম্মদ শামি এবং উমেষ যাদব।
ইন্দোর বাংলাদেশ ব্যাটিংয়ে টেস্টে টসে জিতে 2019-11-14