বগি লাইনচ্যুত হয়ে রংপুর এক্সপ্রেসে আগুন
Posted by: News Desk
November 14, 2019
এমএনএ রিপোর্ট : ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় ১৬ জন নিহতের ক্ষত শুকাতে না শুকাতেই আরও একটি দুর্ঘটনা ঘটেছে সিরাজগঞ্জে। সিরাজগঞ্জের জেলার উল্লাপাড়া রেলওয়ে স্টেশনের কাছে রংপুর এক্সপ্রেস ট্রেনের ৮টি বগি লাইনচ্যুত হয়ে আগুন লাগার ঘটনা ঘটেছে। খবর পেয়ে ঘটনাস্থলে উদ্ধার কাজ চালাচ্ছে ফায়ার সার্ভিসের কর্মীরা।
৫ টি বগিতে আগুন লেগেছে, এর মধ্যে পুড়ে গেছে ৪ টি বগি। ইঞ্জিনও পুড়ে গেছে। তবে এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো প্রাণহানির খবর না পাওয়া গেলেও বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে।
ঢাকা থেকে রংপুরগামী রংপুর এক্সপ্রেস আজ বৃহস্পতিবার দুপুর ২টায় উল্লাপাড়া রেলস্টেশনে ঢোকার মুখে বগি লাইনচ্যুতির ঘটনা ঘটে। টেনটি দুই নম্বর লাইন দিয়ে স্টেশনে ঢোকার কথা। কিন্তু স্টেশন মাস্টার এক নম্বর লাইনে সিগন্যাল দিয়ে দেন। এতে দুর্ঘটনায় পড়ে ট্রেনটি। মুহূর্তেই ইঞ্জিনসহ ৫ বগিতে আগুন ধরে যায়। কালো ধোয়ায় ছেয়ে যায় পুরো এলাকা। যাত্রীরা আতঙ্কে ছোটাছুটি শুরু করেন। পরে দমকল বাহিনী ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। বেলা ২ টা ৩০ মিনিটে এ প্রতিবেদন লেখার সময় আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চলছে।
এ ঘটনায় ৪০০ থেকে ৫০০ গজ রেললাইন উপড়ে গেছে। বিচ্ছিন্ন হয়ে পড়েছে ঢাকার সঙ্গে দক্ষিণ ও উত্তরবঙ্গের রেল যোগাযোগ। উত্তরবঙ্গের সড়ক যোগাযোগও বন্ধ রয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বেলা দেড়টার দিকে ঢাকা থেকে রংপুর যাওয়ার পথে রংপর এক্সপ্রেসের ইঞ্জিনসহ সাতটি বগি লাইনচ্যুত হয়ে পড়ে উল্টে যায়। এরপর ইঞ্জিন থেকে অন্য বগিতে আগুন ধরে যায়। দুর্ঘটনার পর ট্রেনের যাত্রীরা কেউ জানালা ভেঙে কেউ বা দরজা দিয়ে লাফিয়ে নামতে থাকেন।
সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল হামিম এ তথ্য নিশ্চিত করে জানান, দুর্ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ চালাচ্ছে ফায়ার সার্ভিসের কর্মীরা।
স্থানীয় সূত্রে জানা, উল্লাপাড়া রেলওয়ে স্টেশনের কাছে রংপুর এক্সপ্রেস ট্রেনের পাঁচটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে এসিসহ দুইটি বগিতে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এ দুর্ঘটনার পর ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।
এর আগে গত মঙ্গলবার (১২ নভেম্বর) ভোররাত পৌনে ৩টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মন্দবাগ রেলওয়ে স্টেশনে তূর্ণা নিশীথা ও উদয়ন এক্সপ্রেস ট্রেনের সংঘর্ষে ১৬ জন নিহত এবং শতাধিক আহত হন। দুর্ঘটনার পর ঘটনাস্থল পরিদর্শন করে রেলপথ মন্ত্রী নূরুল ইসলাস সুজন দুর্ঘটনার জন্য তূর্ণা নিশীথার লোকোমোটিভ মাস্টারকে দায়ী করেন। দুর্ঘটনার পরই তূর্ণার লোকোমোটিভ মাস্টার ও সহকারী মাস্টারকে বরখাস্ত করা হয়।
লাইনচ্যুত বগি এক্সপ্রেসে রংপুর আগুন হয়ে 2019-11-14