এমএনএ খেলাধুলা ডেস্ক : লা লিগায় রিয়াল মাদ্রিদের শুরুটা ছিল রীতিমতো বিধ্বংসী। কিন্তু মুদ্রার অপর পিঠটাও খুব দ্রুতই পরখ করতে হচ্ছে। এস্পানিওলের কাছে ১-২ গোলে পরাজিত হয়ে ২৫ বছরের মধ্যে দ্বিতীয়বারের মত তাদের কাছে হারলো রিয়াল। সেই সঙ্গে এ হারের মাধ্যমে এ মৌসুমে স্প্যানিশ লিগে প্রথমবারের মতো হারের মুখ দেখলো লস ব্লাঙ্কোসরা।
ম্যাচের শুরুতে অবশ্য বল পজেশনের দিক থেকে প্রতিপক্ষের তুলনায় রিয়াল ভালই এগিয়ে ছিল। তবে আক্রমণের দিক থেকে ততটা ক্ষুরধার ছিল না তার। অন্যদিকে, রিয়ালের নাজুক ডিফেন্স লাইন কাঁপিয়ে বারবারই ত্রাস ছড়াচ্ছিল এস্পানিওল। শেষ পর্যন্ত রিয়ালের নড়বড়ে ডিফেন্সের সুযোগ নিয়ে ১৭ মিনিটে ঠিকই কাতালান ক্লাবটিকে এগিয়ে এক সময়কার রিয়াল মাদ্রিদের খেলোয়াড় রাউল ডে টমাস। প্রথমার্ধে এই এক গোলই ছিল দুই দলের মধ্যে ব্যবধান।
পিছিয়ে পড়ার পর থেকেই রিয়াল ছিল সমতায় ফিরতে ছিল মরিয়া। কিন্তু আক্রমণভাগের ছন্দহীনতায় রিয়াল তো কাঙ্ক্ষিত সমতাসূচক গোলের দেখা পাচ্ছিলোই না, উল্টো ৬০ মিনিটে আবারও রিয়ালের রক্ষণের দুর্বলতায় লিড দ্বিগুণ করে এস্পানিওল। রিয়াল ডিফেন্ডার নাচোর পায়ের ফাঁক গলে সাবেক বার্সেলোনা ফরোয়ার্ড অ্যালেক্সিস ভিদাল গোল করলে ০-২ গোলে পিছিয়ে যায় কার্লো অ্যানচেলত্তির শিষ্যরা। এর কিছুক্ষণ পরেই রিয়াল গোলরক্ষককে একা পেয়েও এস্পানিওলের দার্দের বল জালে জড়াতে ব্যর্থ না হলে ৩ গোলে পিছিয়ে যেত রিয়াল।
তবে এরপরেই আক্রমণের ধারা বাড়ে রিয়ালের। ৬৭ মিনিটে করিম বেনজেমা গোল করলেও বদলি স্ট্রাইকার লুকা ইয়োভিচ অফসাইডে থাকায় তা বাতিল হয়ে যায়। তবে ৭১ মিনিটে সেই ইয়োভিচের সহায়তায়ই রিয়াল অধিনায়ক বেনজেমা গোল করে ব্যবধান কমান। ৮৪ মিনিটে আরেক বদলি ফরোয়ার্ড এডেন হ্যাজার্ড গোল করলেও বেনজেমা অফসাইডে থাকায় রিয়াল সমতায় ফিরতে পারেনি। ম্যাচের বাকি সময়ে রিয়াল আর গোল বের করতে না পারায় পরাজয়কে সঙ্গী করে মাঠ ছাড়ে ৩৪ বারের লিগ চ্যাম্পিয়নরা।
তবে এই হারের পরেও অ্যাটলেটিকো মাদ্রিদের সমান ১৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে সবার ওপরেই রয়েছে রিয়াল মাদ্রিদ। তবে ১৪ পয়েন্ট নিয়ে সেভিয়ার হাতে দুটি ম্যাচ থাকায় তাদের হাতেও রয়েছে পয়েন্ট টেবিলের প্রথম স্থানে আসার সুযোগ।
মোহাম্মদী নিউজ এজেন্সী নিউজ – ফিচার – ফটো নেটওয়ার্ক

