এমএনএ রিপোর্ট : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ শেষে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন ইউনিস খান। আজ শনিবার করাচিতে এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।
মিসবাহ উল হকের টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেওয়ার দু’দিন পরেই এবার অবসর নেওয়ার ঘোষণা দিলেন পাকিস্তানের ব্যাটিং স্তম্ভ ইউনিস খান। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজ শেষেই সাদা পোশাকে আর খেলবেন না বলে জানিয়ে দিলেন এই ডানহাতি মিডলঅর্ডার ব্যাটসম্যান।
মাথা উঁচু করেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাচ্ছেন বলে ৩৯ বছর বয়সী পাকিস্তানের এই ব্যাটসম্যান, ‘আমি অবসর নেব…মাথা উঁচু রেখেই আমি বিদায় নেব। প্রতিটি ক্রীড়াবিদকেই এই সিদ্ধান্ত নিতে হয়। আমি মনে করি এটাই আমার বিদায় নেওয়ার সঠিক সময়।’
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজ (২১ এপ্রিল শুরু) শেষে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাবেন ৪২ বছর বয়সী মিসবাহ ও ৩৯ বছর বয়সী ইউনিস।
পাকিস্তানের জার্সিতে এখন পর্যন্ত ১১৫টি টেস্ট খেলেছেন ইউনিস। ৫৩.০৬ গড়ে রান ৯৯৭৭। ৩২টি অর্ধশতকের পাশাপাশি রয়েছে ৩৪টি সেঞ্চুরি। সীমিত ওভারের ক্রিকেটে ২৬৫ ওয়ানডেতে ৩১.২৪ গড়ে ৭২৪৯ ও ২৫টি টি-টোয়েন্টিতে ২২.১০ গড়ে তার ব্যাট থেকে আসে ৪৪২ রান। ওয়ানডেতে ৭টি শতকের পাশাপাশি হাঁকিয়েছেন ৪৮টি অর্ধ-শতক। টি-টোয়েন্টিতেও রয়েছে দুটি ফিফটি।
প্রথম শ্রেণির ক্রিকেটে ইউনিসের নামের পাশে রয়েছে প্রায় ১৭ হাজার রান। লিস্ট ‘এ’ ক্রিকেটেও করেছেন প্রায় দশ হাজার রান।
সম্প্রতি ইউনিস খানের নাম ওঠে উইজডেনের বর্ষসেরা ৫ ক্রিকেটারের তালিকায়।
১৭ বছরের ক্রিকেট ক্যারিয়ার গড়া ইউনিস খানের টেস্ট অভিষেক হয়েছিল ২০০০ সালে, শ্রীলঙ্কার বিপক্ষে রাওয়ালপিন্ডিতে। একই বছর ওয়ানডেতে একই প্রতিপক্ষের বিপক্ষে ওয়ানডেতেও তার অভিষেক ঘটে। জাতীয় দলের হয়ে ২০০৬ সাল থেকে ২০১০ সাল পর্যন্ত টি-টোয়েন্টি খেলেছিলেন। টেস্ট চালিয়ে গেলেও ২০১৫ সালের নভেম্বরের পর থেকে ওয়ানডেতে ব্যাট হাতে নামেননি তিনি।
মোহাম্মদী নিউজ এজেন্সী নিউজ – ফিচার – ফটো নেটওয়ার্ক

