Don't Miss
Home / অর্থনীতি / আইএমএফ গ্যাস-বিদ্যুতের মূল্য নির্ধারণ পদ্ধতি জানতে চায়
আইএমএফ

আইএমএফ গ্যাস-বিদ্যুতের মূল্য নির্ধারণ পদ্ধতি জানতে চায়

এমএনএ অর্থনীতি ডেস্কঃ জ্বালানি খাতের সার্বিক পরিস্থিতি সম্পর্কে জানতে চেয়েছে ওয়াশিংটনভিত্তিক ঋণদানকারী সংস্থা আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ)। বাংলাদেশে গ্যাস ও বিদ্যুতের দাম কীভাবে নির্ধারণ (ট্যারিফ পদ্ধতি) করা হয়, তা জানতে চেয়েছে সফররত আইএমএফ’র প্রতিনিধি দলের সদস্যরা।

রোববার (৭ নভেম্বর) বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে এ সব তথ্য জানতে চেয়েছে আইএমএফ।

ঋণ নিয়ে চলমান আলোচনার ধারাবাহিকতায় বাংলাদেশ সফরের শেষ দিকে এসে রোববার বিইআরসির সঙ্গে বৈঠক করে আইএমএফের কর্মকর্তারা।

আজ সোমবার পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশন ও বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডির) সঙ্গে আলাদা বৈঠক করবে প্রতিনিধিদলের সদস্যরা। আগামী বুধবার পর্যন্ত ঢাকায় অবস্থান করবেন তারা। শেষ দিনে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে।

জানা যায়, বর্তমানে বিইআরসি বছরে এক কিংবা দুইবার গ্যাস-বিদ্যুতের দাম পুনঃনির্ধারণ করে থাকে। আইএমএফ জানতে চেয়েছে, আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় করে বার বার এটা করতে পারবে কি-না। জবাবে বিইআরসির পক্ষ থেকে জানানো হয়, আইন সংশোধন করা হয়েছে। এখন তা করার সুযোগ আছে।

বৈঠকে মূল্য নির্ধারণের ফর্মুলা সম্পর্কে জানতে চেয়েছেন আইএমএফ কর্মকর্তারা। বিইআরসি বলেছে, সেবা খাতের জন্য ট্যারিফ নির্ধারণে সরকারের একটি নীতিমালা রয়েছে। সেটি অনুসরণ করা হয়। ভতুর্কি বিবেচনায় নিয়ে মূল্য নির্ধারণ করা হয় বলে আইএমএফকে জানানো হয়।

গ্যাসের কি অবস্থা, কীভাবে গ্যাস সংগ্রহ করা হয়, সে বিষয়েও জানতে চেয়েছে আইএমএফ। বিদ্যুৎ প্লান্টগুলোর বর্তমান পরিস্থিতি নিয়ে বৈঠকে আলোচনা হয়। তবে বিদ্যুৎ-গ্যাসে ভতুর্কি নিয়ে বৈঠকে কোনো আলোচনা হয় নি বলে জানান বিইআরসির কর্মকর্তারা।

জানা যায়, দেশের গ্যাস-বিদ্যুৎ এর সামগ্রিক পরিস্থিতি নিয়ে একটি অবস্থানপত্র তুলে ধরা হয় বিইআরসির পক্ষ থেকে। বৈঠকে বিইআরসির চেয়াম্যান আব্দুল জলিলসহ কমিশনের জ্যেষ্ঠ সদস্যরা উপস্থিত ছিলেন।

বিইআরসির সদস্য (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ আবু ফারুক দৈনিক বাংলাকে বলেন, ‘আইএমএফ প্রতিনিধি দলের সদস্যরা আমাদের কাছে সেবা খাতের বিভিন্ন তথ্য সম্পর্কে জানতে চেয়েছে। বিইআরসি কীভাবে কাজ করে সে বিষয়েও জানতে চায়। আমাদের কর্মকাণ্ড সম্পর্কে তাদের অভিহিত করা হয়েছে।’

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘কোনো পলিসির বিষয়ে আলোচনা হয় নি। এ বিষয়ে মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট সংস্থার সঙ্গে আলোচনা করেছে আইএমএফ।’

x

Check Also

বিসিবি নির্বাচন নিয়ে হাইকোর্টের অবস্থান: ‘নির্বাচনে হস্তক্ষেপ করবো না’

খেলাধুলা প্রতিবেদক আগামী ৭ জুন অনুষ্ঠিতব্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নির্বাচনে স্থগিতাদেশ চেয়ে করা রিট ...