এমএনএ খেলাধুলা ডেস্ক : আগেই জানা গিয়েছিল পিসিবির নতুন চেয়াম্যান হচ্ছেন রমিজ রাজা। বাকি ছিল শুধু আনুষ্ঠানিকতা। সোমবার (১৩ সেপ্টেম্বর) সেটিও শেষ হলো। আনুষ্ঠানিকভাবে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন দেশটির সাবেক ক্রিকেটার ও জনপ্রিয় ধারাভাষ্যকার রমিজ রাজা।বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে আগামী তিন বছরের জন্য এই দায়িত্ব পেয়েছেন তিনি। পিসিবির চেয়ারম্যান সাধারণত গভর্নিং বডির সদস্যদের ভোটে নির্বাচিত হন।
এবারের নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ছিলেন ২ জন। রমিজের সঙ্গে সাবেক সরকারি কর্মকর্তা আসাদ আলী খানকে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতার অনুমোদন দেন পিসিবির চিফ প্যাট্রন প্রধানমন্ত্রী ও বিশ্বকাপজয়ী অধিনায়ক ইমরান খান। তবে শেষমুহূর্তে সরে দাঁড়ান আসাদ। ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পিসিবির চেয়ারম্যান নির্বাচিত হন রমিজ।পাকিস্তানের সাবেক অধিনায়ক ও জনপ্রিয় ধারাভাষ্যকার রমিজ রাজা ইতিপূর্বে পিসিবির প্রধান নির্বাহীর গুরুত্বপূর্ণ পদও সামলেছেন। সংস্থাটির ৩৬তম চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিতে চলেছেন তিনি।
পিসিবির সর্বশেষ চেয়ারম্যান ছিলেন এহসান মানি। বিভিন্ন সংবাদ সংস্থার সূত্রে জানা গিয়েছিল, মানির তিন বছরের পারফরম্যান্সে বোর্ড একেবারেই খুশি নয়। সে কারণে তার মেয়াদ বৃদ্ধির আর কোনো চিন্তাভাবনাই করা হচ্ছিল না।তখন থেকেই আলোচনায় আসেন ৫৯ বছর বয়সী রমিজ রাজা। গেল সপ্তাহে দেশটির প্রধানমন্ত্রী ও বিশ্বকাপজয়ী অধিনায়ক ইমরান খানের সঙ্গে সাক্ষাৎ করেন এহসান মানি ও রমিজ রাজা। এরপরই গণমাধ্যমে রমিজ ইঙ্গিত দেন, ইমরান খানের সঙ্গে তার আলোচনা ফলপ্রসূ হয়েছে। অবশেষে ইমরান নিজের সাবেক সতীর্থের হাতেই তুলে দিলেন দেশের ক্রিকেটের দায়িত্ব। ১৯৯২ সালে ইমরান খানের নেতৃত্বে বিশ্বকাপ জয় করে পাকিস্তান। সেই দলের সদস্য ছিলেন রমিজ রাজা।
পাকিস্তানের সাবেক অনেক ক্রিকেটারই প্রধানমন্ত্রী ইমরান খানকে একজন ক্রিকেটারকে পিসিবি চেয়ারম্যান হিসেবে নিয়োগের পরামর্শ দিয়েছিলেন। গত এক দশকে এ নিয়ে নবমবারের মতো পরিবর্তন আসলো পাকিস্তান ক্রিকেট বোর্ডের সভাপতি পদে। ২০১৮ সালের আগস্ট মাসে পাকিস্তান ক্রিকেট বোর্ডের সভাপতির দায়িত্ব নিয়েছিলেন মানি। এর আগে ২০০৩ থেকে ২০০৬ পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সভাপতির দায়িত্বে ছিলেন তিনি।
১৯৮৪ সালে পাকিস্তান জাতীয় দলে অভিষেক হয় রমিজ রাজার। এরপর এক যুগেরও বেশী সময় জাতীয় দলে প্রতিনিধিত্ব করে ১৯৯৭ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরে যান। ৫৭ টেস্টে ২ সেঞ্চুরিতে ২৮৩৩ রান করেছেন রমিজ রাজা। এছাড়া ওয়ানডে ক্রিকেটে ১৯৮ ম্যাচে তার রান আছে ৫৮৪১।
ক্রিকেট ছাড়ার পর ধারাভাষ্যকার হিসেবে খ্যাতি পান রমিজ রাজা। সবশেষ ২০০৮ থেকে ২০১১ সাল পর্যন্ত ইজাজ বাট সাবেক কোনো ক্রিকেটার হিসেবে ছিলেন পিসিবি সভাপতির দায়িত্বে। তার মেয়াদেই টি-২০ বিশ্বকাপ জিতেছিল পাকিস্তান ক্রিকেট দল। এবার আরেক সাবেক ক্রিকেটারের হাতে দায়িত্ব তুলে দেওয়া হলো। রমিজের অধীনে পাকিস্তান দল সফল হয় কিনা, তাই এখন দেখার।
মোহাম্মদী নিউজ এজেন্সী নিউজ – ফিচার – ফটো নেটওয়ার্ক

