Don't Miss
Home / আজকের সংবাদ / আবারও লন্ডনে ভয়াবহ সন্ত্রাসী হামলা, নিহত ৭

আবারও লন্ডনে ভয়াবহ সন্ত্রাসী হামলা, নিহত ৭

এমএনএ ইন্টারন্যাশনাল ডেস্ক : ম্যানচেস্টারে হামলার রেশ না কাটতেই আবারও ভয়াবহ সন্ত্রাসী হামলায় রক্তাক্ত হল যুক্তরাজ্যের রাজধানী লন্ডন। সন্ত্রাসীদের হামলায় নিহত হয়েছেন ৭ জন। পুলিশের গুলিতে সন্দেহভাজন তিন হামলাকারী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ৪৮ জন।

স্থানীয় সময় গতকাল শনিবার রাত ১০টার দিকে লন্ডন ব্রিজের কাছে হামলার ওই ঘটনা ঘটে। একই সঙ্গে দুই জায়গায় এই হামলা হয়।

বিবিসি অনলাইন ও রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, রাতে লন্ডন ব্রিজে পথচারীদের ওপর দ্রুত গতির একটি ভ্যান উঠিয়ে দেয় সন্দেহভাজন সন্ত্রাসীরা। প্রায় একই সময়ে পার্শ্ববর্তী বারা মার্কেট এলাকায় কয়েক সন্দেহভাজন সন্ত্রাসী ছুরি নিয়ে সাধারণ লোকজনের ওপর হামলা চালায়। ওই এলাকায় বেশ কয়েকটি রেস্তোরাঁ ও বার রয়েছে। এতে ঘটনাস্থলে সাতজন নিহত হন। হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন অন্তত ৪৮ জন। যারা কম আহত তাঁদের ঘটনাস্থলে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এদিকে পুলিশের গুলিতে প্রাণ হারিয়েছেন সন্দেহভাজন তিন হামলাকারী। পুলিশ পুরো এলাকা ঘিরে রেখেছে।

দ্য ব্রিটিশ ট্রান্সপোর্ট পুলিশ বলছে, তাঁদের একজন কর্মকর্তা গুরুতর আহত হয়েছেন। মেট্রোপলিটন পুলিশ টুইটে লন্ডন ব্রিজ ও বারা মার্কেটের হামলাকে ‘সন্ত্রাসী হামলা’ হিসেবে চিহ্নিত করেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, লন্ডন ব্রিজে হামলার পর তারা ভ্যান থেকে কয়েকজনকে বের হয়ে বারা মার্কেটের দিকে যেতে দেখেছেন। পরে ওই এলাকায় গুলির শব্দ শোনা যায়।

বিবিসির সাংবাদিক হলি জোনস সে সময় লন্ডন ব্রিজের কাছেই ছিলেন। তিনি বলেন, ‘দ্রুত গতিতে একটি ভ্যান এসে কয়েকজনকে আঘাত করে। ভ্যানের চালক ডানদিকে ঘুরে যায়। এরপর পাঁচ থেকে ছয়জনকে ধাক্কা দেয়। আমার সামনে ভ্যানটি দুজনকে এবং পেছনে তিনজনকে ধাক্কা দেয়।’

জোনস আরও বলেন, তিনি দেখেছেন পুলিশ একজনকে হাতকড়া পরিয়ে আটক করছে। আহতদের মধ্যে ফরাসি এক নারীও রয়েছেন বলে তিনি জানান।

ব্রিটিশ পুলিশের সন্ত্রাসবিরোধী ইউনিটের প্রধান মার্ক রাউলি জানিয়েছেন, তিন হামলাকারী পুলিশের গুলিতে ঘটনস্থলেই নিহত হয়েছে।

হামলার তীব্র নিন্দা জানিয়েছেন প্রধানমন্ত্রী থেরেসা মে। তিনি এটিকে ভয়ংকর হিসেবে চিহ্নিত করেছেন। সরকারের পক্ষ থেকে জরুরি কমিটির বৈঠক ডাকা হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী আমবের রাড বলেন, এই হামলা ‘ভয়ংকর’। পরিবার ও বন্ধুদের নিয়ে যারা শনিবারের সন্ধ্যা উপভোগ করছিলেন তাঁদের লক্ষ্য করেই এই হামলা চালানো হয়েছে।

লন্ডনের মেয়র সাদিক খান বলেন, আমরা বিস্তারিত জানি না। তবে লন্ডনের সাধারণ জনগণ ও পর্যটকদের ওপর এটি কাপুরুষোচিত হামলা। গতকাল শনিবার সন্ধ্যায় আনন্দ করার সময় তাঁদের ওপর এই হামলা চলে। তিনি এই হামলার নিন্দা জানান।

এদিকে লন্ডনে হামলার নিন্দা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ট ট্রাম্প। এ ঘটনার পর ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মেকে ফোন করেছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। হামলার ঘটনা তদন্তে ও হামলাকারীদের বিচারে সব ধরনের সহায়তা দেবেন বলে জানিয়েছেন তিনি।

এর আগে ম্যানচেস্টারে কনসার্টে হামলার দায় ইসলামিক স্টেট (আইএস) স্বীকার করলেও গতকাল শনিবার রাতের হামলার পর কেউ এখন পর্যন্ত এর দায় স্বীকার করেনি। তবে আইএস গতকাল শনিবার ইনস্ট্যন্ট ম্যাসেজিং সার্ভিস টেলিগ্রামে একটি বার্তা ছাড়ে, যেখানে রোজার মাসে ট্রাক, ছুরি বা বন্দুক নিয়ে ‘ক্রসেডারদের’ ওপর হামলা চালানোর আহ্বান জানানো হয় অনুসারীদের প্রতি।

ম্যানচেস্টারে কনসার্টে আত্মঘাতী হামলার দুই সপ্তাহ পরেই লন্ডনে এই হামলার ঘটনা ঘটল। ম্যানচেস্টারের ওই হামলায় ২২ জন নিহত হন।

এর আগে মার্চে ওয়েস্টমিনস্টার ব্রিজে পথচারীদের ওপর গাড়ি চালিয়ে দেওয়ায় ঘটনায় পাঁচজন নিহত হন। এ ছাড়া পার্লামেন্টের বাইরে পুলিশের এক কর্মকর্তাকে ছুরিকাঘাত করা হয়।

x

Check Also

ব্যাংক রেজুলেশন আইন ২০২৬ দুর্নীতি সহায়ক, লুটেরাদের পুনর্বাসন আত্মঘাতী: টিআইবি

অর্থনৈতিক প্রতিবেদক সদ্য পাস হওয়া ব্যাংক রেজুলেশন আইন, ২০২৬ নিয়ে কঠোর সমালোচনা করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনার ...