এমএনএ রিপোর্ট : আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আজ সোমবার প্রথম দিনে সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে সংলাপ শুরু করছে নির্বাচন কমিশন (ইসি)।
বেলা ১১টায় নির্বাচন কমিশন কার্যালয়ের সম্মেলন কক্ষে সংলাপ শুরু হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদার সভাপতিত্বে সংলাপে অংশ নিয়েছেন অন্যান্য নির্বাচন কমিশনাররা ও সুশীল সমাজের প্রতিনিধি অজয় রায়, সৈয়দ আনোয়ার হোসেন, এম হাফিজউদ্দিন আহমেদ, রাশেদা কে চৌধুরী, দেবপ্রিয় ভট্টাচার্য, হোসেন জিল্লুর রহমান, আসিফ নজরুল, ইফতেখারুজ্জামান, সঞ্জীব দ্রং, প্রমুখ অংশ নিয়েছেন।
প্রতিষ্ঠানটির ঘোষিত সাত কর্মপরিকল্পনাসহ প্রাসঙ্গিক বিষয়ে মতামত তুলে ধরবেন আমন্ত্রিত অতিথিরা। তবে এই সংলাপে গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত থাকতে পারবেন না। তবে সংলাপ শুরুর আগে ছবি গ্রহণের জন্য ক্যামেরাম্যানদের জন্য ৬ মিনিট বরাদ্দ করেছে ইসি।
ইসির সূত্র বলেছে, ৫৯ জনকে সংলাপে আমন্ত্রণ জানানো হয়েছে। সংলাপের জন্য আইনিকাঠামো সংস্কারসহ সাতটি বিষয় ইসি নির্ধারণ করেছে। তবে এগুলো সংলাপের জন্য নির্দেশনামূলক। আমন্ত্রিত ব্যক্তিরা আইনানুগ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের জন্য যেকোনো মতামত দিতে পারবেন।
আমন্ত্রিতদের মধ্যে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা, অর্থনীতিবিদ, রাষ্ট্রবিজ্ঞানী, কলামিস্ট, মিডিয়া ব্যক্তিত্ব, শিক্ষক ও সাবেক আমলারাও রয়েছেন।
সংলাপে আমন্ত্রিত কয়েকজন বিশিষ্টজনের সঙ্গে কথা বলে জানা গেছে, সংলাপে ভোটার, দল ও প্রার্থীদের মধ্যে আস্থার পরিবেশ সৃষ্টির ওপর জোর দিতে চান সুশীল সমাজের প্রতিনিধিরা। এ ক্ষেত্রে কমিশন কী পদক্ষেপ নিচ্ছে, তা বুঝতে চান তাঁরা। পাশাপাশি কিছু সুপারিশও তাঁরা তুলে ধরবেন।
এরপর ধারাবাহিক সংলাপের অংশ হিসেবে গণমাধ্যম ব্যক্তিত্ব, নিবন্ধিত রাজনৈতিক দলের প্রতিনিধি, নির্বাচনী পর্যবেক্ষক সংস্থার প্রতিনিধি, নারী সমাজের প্রতিনিধি এবং নির্বাচন পরিচালনা বিশেষজ্ঞদের সঙ্গেও কথা বলবেন।
সংলাপের বিষয়ে ইসির ভারপ্রাপ্ত সচিব হেলালুদ্দীন আহমদ বলেন, নির্বাচন কমিশন একটি রোডম্যাপ প্রণয়ন করেছে। সেই আলোকে দেশবরেণ্য যারা সুশীল সমাজের প্রতিনিধি আছেন তাদের সাথে মতবিনিময় করা হবে। তবে আমন্ত্রিত অতিথিরা যে যতক্ষণ বক্তব্য রাখবেন সেগুলো শোনা হবে।
ইসি কার্যপত্রে দেখা যায়, মতবিনিময় সভার সূচি-৩১ জুলাই সকাল ১০টা ৪৫ মিনিটে আমন্ত্রিত সুশীল সমাজের প্রতিনিধি ও নির্বাচন কমিশনারের আসন গ্রহণ। সকাল ১১টায় প্রধান নির্বাচন কমিশনারের সভাপতিত্বে মতবিনিময়সভা শুরু। ১১টা ১৫ মিনিট পর্যন্ত সিইসির স্বাগত ভাষণ। বেলা সোয়া ১১টা থেকে দুপুর ১টা ১৫ মিনিট পর্যন্ত দুই ঘণ্টা সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে ইসির মতবিনিময়। ১টা ১৫ মিনিট থেকে ১টা ২৫ মিনিট পর্যন্ত মতবিনিময় শেষে সারসংক্ষেপ সচিব উপস্থাপন করবেন। এর পর ৫ মিনিট নির্বাচন কমিশনারদের ধন্যবাদ জ্ঞাপন শেষে দেড়টায় আলোচনার সমাপ্তি এবং মধ্যাহ্নভোজ অনুষ্ঠিত হবে। বিকাল ৪টায় গণমাধ্যমের সংলাপ নিয়ে ব্রিফিং করবে কমিশন।
মোহাম্মদী নিউজ এজেন্সী নিউজ – ফিচার – ফটো নেটওয়ার্ক
