Don't Miss
Home / জাতীয় / ঈদের দিন পর্যন্ত দেশের দোকানপাট, শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত

ঈদের দিন পর্যন্ত দেশের দোকানপাট, শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত

এমএনএ প্রতিবেদক

ঈদুল আজহা সামনে রেখে ক্রেতা-বিক্রেতাদের সুবিধার্থে মার্কেট, বিপণিবিতান ও ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখার সময় বাড়িয়েছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, মঙ্গলবার (১২ মে) থেকে ঈদের দিন পর্যন্ত সারা দেশের দোকানপাট ও শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখা যাবে। এর আগে বিদ্যুৎ সংকট মোকাবিলায় এসব প্রতিষ্ঠান সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ রাখার নির্দেশনা কার্যকর ছিল।

মঙ্গলবার বাংলাদেশ দোকান মালিক সমিতির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সংগঠনটি জানায়, আসন্ন ঈদকে কেন্দ্র করে কেনাকাটার চাপ বৃদ্ধি পাওয়ায় ব্যবসায়ী ও সাধারণ ক্রেতাদের স্বার্থ বিবেচনায় সরকার সময়সীমা শিথিল করার সিদ্ধান্ত নিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ দোকান মালিক সমিতির আবেদনের পরিপ্রেক্ষিতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় বিষয়টি বিবেচনা করে। পরে মন্ত্রণালয় সমিতিকে জানায় যে, ১২ মে থেকে ঈদুল আজহা পর্যন্ত মার্কেট, বিপণিবিতান ও অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠান রাত ১০টা পর্যন্ত খোলা রাখা যাবে।

তবে বাড়তি সময় চালু হলেও বিদ্যুৎ সাশ্রয়ে কড়াকড়ি বহাল থাকবে বলে জানিয়েছে দোকান মালিক সমিতি। বিশেষ করে অপ্রয়োজনীয় আলোকসজ্জা, অতিরিক্ত বাতি ব্যবহার এবং বিদ্যুতের অপচয় থেকে বিরত থাকতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানানো হয়েছে।

উল্লেখ্য, চলমান বিদ্যুৎ ঘাটতি ও জ্বালানি সংকটের কারণে সরকার গত বছর থেকে বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সাশ্রয়মূলক পদক্ষেপ গ্রহণ করে। এর অংশ হিসেবে দোকানপাট ও শপিংমল সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছিল। তবে ঈদকে কেন্দ্র করে বাজারে কেনাকাটার চাপ বাড়ায় সাময়িকভাবে সেই বিধিনিষেধ শিথিল করা হলো।

x

Check Also

হামে বিপর্যস্ত শিশুরা, বাড়ছে মৃত্যু: শয্যাসংকটে হাসপাতাল, অসহায় মায়েদের দীর্ঘশ্বাস

এমএনএ প্রতিবেদক রাজধানীর মহাখালীতে অবস্থিত সংক্রামক ব্যাধি হাসপাতাল–এর শিশু ওয়ার্ডে এখন প্রতিদিনই ভিড় বাড়ছে হামে ...