কংগ্রেসের নতুন সভাপতি নির্বাচিত হলেন রাহুল গান্ধী
Posted by: News Desk
December 11, 2017
এমএনএ ইন্টারন্যাশনাল ডেস্ক : ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন রাহুল গান্ধী। সর্বসম্মতিক্রমে কংগ্রেসের নতুন সভাপতি নির্বাচিত হলেন তিনি। দীর্ঘ ১৯ বছর পর ভারতের এ রাজনৈতিক দলটি নতুন সভাপতি পেল।
১৯৯৮ থেকে ২০১৭ সাল পর্যন্ত সোনিয়া গান্ধী ছিলেন কংগ্রেসের সভানেত্রী। মায়ের সেই আসনে বসলেন ৪৭ বছর বয়সী রাহুল। আজ সোমবার সর্বসম্মতিক্রমে কংগ্রেস সভাপতি নির্বাচিত হয়েছেন তিনি। দলের ওই পদের জন্যে মনোনয়ন দাখিলের শেষ দিন ছিল আজ সোমবার বিকেল ৩টা পর্যন্ত।
দলের সভাপতি পদে রাহুলের অভিষেকের পথ চওড়া করতে গত মাসেই ওয়ার্কিং কমিটির বিশেষ বৈঠক ডেকেছিলেন সোনিয়া গান্ধী। সভাপতি পদের নির্বাচনের জন্য গত ১ ডিসেম্বর বিজ্ঞপ্তি জারি করা হয়।
মনোনয়ন জমা দেয়ার শেষ তারিখ ছিল ৪ ডিসেম্বর। কিন্তু রাহুল ছাড়া আর কেউ মনোনয়নপত্র জমা দেননি।
প্রার্থীপদ প্রত্যাহারের শেষ দিন ছিল সোমবার। পূর্বঘোষণা ছিল, প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশিত হবে সোমবার বিকেল ৪টার সময়। কিন্তু আর কেউ প্রার্থী না হওয়ায় এ দিন সভাপতি হিসেবে রাহুলের নাম ঘোষণা করল এআইসিসি।
ভারতীয় গণমাধ্যমগুলো বলছে, আজ সোমবার পর্যন্ত মোট ৮৯টি মনোনয়নপত্র জমা পড়েছে এবং সবগুলোই বৈধ। কংগ্রেস সভাপতি পদে রাহুল ছাড়া অন্য কোনো প্রার্থী না থাকায়; সর্বসম্মতিক্রমে তাকেই নির্বাচন করা হয়েছে এ পদের জন্য।
দলের মুখপাত্র মুল্লাপ্পালি রামচন্দ্রন বলেন, গত সোমবার কংগ্রেসের এ পদের জন্যে মনোনয়ন জমা দিয়েছিলেন রাহুল। আজ তিনি আনুষ্ঠানিকভাবে কংগ্রেস সভাপতি নির্বাচিত হলেন। এরসঙ্গে দলের মধ্যে এক প্রজন্মের বদল ঘটল।
১৯৯৮ সাল থেকে দলের প্রধান হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন সোনিয়া। টানা ১৯ বছর ধরে সোনিয়া গান্ধী দলটির সভাপতির দায়িত্ব পালন করা সোনিয়া গান্ধী পুত্র রাহুলের হাতে দায়িত্ব ছেড়ে দিয়ে বিদায় নিবেন। এর মাধ্যমে ভারতীয় কংগ্রেসের নেতৃত্ব এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে হস্তান্তরিত হবে।
২০১৩ সালের জানুয়ারিতে কংগ্রেসের সহ-সভাপতি হওয়ার পর থেকেই রাহুল দলটির দ্বিতীয় সর্বোচ্চ নেতা। তবে আজ থেকে দলের সর্বোচ্চ নেতা হিসেবে আবির্ভূত হলেন তিনি।
তবে গুজরাটের বিধানসভার নির্বাচন নিয়ে ব্যস্ত রাহুল আজই আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করছেন না। গুজরাটের ভোটপর্ব শেষ হওয়ার আরো দুই দিন পর আগামী শনিবার (১৬ ডিসেম্বর) রাহুল আনুষ্ঠানিকভাবে কংগ্রেসের দায়িত্ব গ্রহণ করবেন বলে কংগ্রেস সূত্রের বরাতে জানিয়েছে আনন্দবাজার।
মাঝে ২০০০ সালে সভাপতি পদের জন্য কংগ্রেসে একবারই নির্বাচন হয়। সেবার সোনিয়া গান্ধীর বিরুদ্ধে প্রার্থী হয়েছিলেন জীতেন্দ্রপ্রসাদ।
কিন্তু জীতেন্দ্রপ্রসাদকে হারিয়ে ফের সভাপতি পদে নির্বাচিত হন সোনিয়া। তারপর থেকে এখনও পর্যন্ত বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি পদেই ছিলেন সনিয়া। এবার সেই জায়গায় এলেন রাহুল গান্ধী।
শারীরিক অসুস্থতার কারণে কংগ্রেসের বর্তমান সভাপতি ৭০ বছর বয়সী সোনিয়া আর আগের মতো দায়িত্বপালন করতে পারছিলেন না। এ কারণে কংগ্রেসের সভাপতি পদে পরিবর্তন অনেকটা অনুমিত ছিল।
দলীয় সভাপতির পদ থেকে সরে গেলেও কংগ্রেসের পার্লামেন্ট দলীয় প্রধান হিসেবে দায়িত্বপালন করে যাবেন সোনিয়া।
কংগ্রেসের রাহুল গান্ধী নির্বাচিত নতুন সভাপতি হলেন 2017-12-11